ETV Bharat / state

আগামী 3 দিনের মধ্যেই মজুরি পাবেন 100 দিনের কর্মীরা, জানালেন ফিরহাদ

100 দিনের কাজের বকেয়া টাকা নিয়ে সরব সিপিএম ও বিজেপি ৷ পাল্টা কেন্দ্রের কাছে টাকা চাইলেন মেয়র ফিরহাদ হাকিম ৷ সরগরম কলকাতা পুরনিগমের বৈঠক ৷

100 DAYS WORKERS WAGE
কলকাতা পুরনিগমের মাসিক অধিবেশন (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : March 23, 2025 at 9:49 AM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 23 মার্চ: 100 দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র-রাজ্য দ্বৈরথ অব্যাহত ৷ এই আবহে সরগরম কলকাতা পুরনিগমের মাসিক অধিবেশন ৷ জানুয়ারি মাস থেকে এখনও 100 দিনের কর্মীরা মজুরি পাননি । সেই নিয়ে শনিবার 22 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর মীনাদেবী পুরোহিত ও 103 নম্বর ওয়ার্ডের সিপিএম কাউন্সিলর নন্দিতা রায় একযোগে সরব হন রাজ্যের শাসক শিবিরের বিরুদ্ধে । জবাবে, আগামী 3 দিনের মধ্যে রাজ্য সরকারের শহুরে রোজগার যোজনা বা 100 দিনের কর্মীদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে বলে জানান মেয়র ফিরহাদ হাকিম ।

মীনাদেবী ও নন্দিতা রায়ের দাবি, তিন মাসের বেশি সময় অতিক্রান্ত হওয়ার পরও শহরের প্রায় 15 হাজার 100 দিনের কর্মী মজুরি পাননি । সেই প্রসঙ্গে ফিরহাদ হাকিম জানান, কিছু যান্ত্রিক ত্রুটির কারণে কর্মীদের বেতন আটকে রয়েছে । তাঁর কথায়, "পুর কমিশনার অর্থ দফতরের সঙ্গে এই বিষয়ে কথা বলেছে ৷ আগামী 3 দিনের মধ্যেই সকলের মজুরি দিয়ে দেওয়া হবে ৷" মেয়র আরও বলেন, "এই সমস্যা এড়াতে একটি পৃথক ফান্ড তৈরির প্রস্তাব দিয়েছিলাম ৷ সেই ফান্ড থেকে টাকা মেটাতাম । ফের রাজ্য দিলে ফান্ডে রাখতাম । কিন্তু অর্থ দফতরের সায় মেলেনি ।"

এরপরই সিপিএম কাউন্সিলর বলেন, "আপনাকে নিশ্চিত করতে হবে যাতে 100 দিনের মজুরি ভবিষ্যতে প্রতিমাসে নির্দিষ্ট দিনে কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যায় ।" উত্তরে, আগামী দিনে তেমনটাই হবে বলে আশ্বাস দেন মেয়র ৷

বিজেপি কাউন্সিলর মীনাদেবী পুরোহিতের দাবি, মজুরি বাড়াতে হবে । তখনই পাল্টা জবাবে কেন্দ্রের থেকে প্রাপ্য 100 দিনের 1 লাখ 70 হাজার কোটি টাকা চেয়ে বসেন ফিরহাদ হাকিম । তিনি বলেন, "কেন্দ্রের থেকে রাজ্যের এই প্রাপ্য আদায় করে দিন আমি কর্মীদের মজুরি দ্বিগুণ করে দেব । আগে কেন্দ্রকে টাকা দিতে বলুন ।"

মেয়রের উক্তির জবাবে পাল্টা দুর্নীতির অভিযোগ তোলেন বিজেপি কাউন্সিলর ৷ যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা ফিরহাদ হাকিম উত্তরপ্রদেশের উদাহরণ টেনে আনেন ৷ তিনি বলেন, "উত্তরপ্রদেশ দুর্নীতি করে সব টাকা পেয়েছে । অথচ, রাজ্যের তরফে সমস্ত কাগজপত্র জমা দেওয়ার পরও টাকা আটকে রেখেছে কেন্দ্র । সেই টাকা এনে দিন মজুরি বাড়িয়ে দেব । রাজ্যের 100 দিনের প্রকল্পের টাকা তো আগামী তিন দিনে মিটিয়ে দেব ।"

পড়ুন: লন্ডন উড়ে গেলেন মমতা, প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার ইঙ্গিত মুখ্যমন্ত্রীর