ETV Bharat / sports

সপ্তম সেঞ্চুরি জয়সওয়ালের, 'যশস্বী' শতরানে রাজধানীতে একাধিক রেকর্ড

তেইশ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অষ্টম সেঞ্চুরির মালিক হয়ে গেলেন মুম্বই ব্য়াটার ৷

YASHASVI JAISWAL
শতরানের পর জয়সওয়াল (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : October 10, 2025 at 3:49 PM IST

3 Min Read
Choose ETV Bharat

নয়াদিল্লি, 10 অক্টোবর: ওপেনিং পার্টনার কেএল রাহুল (38 রান) দ্রুত ফিরলেও সাই সুদর্শনকে সঙ্গে নিয়ে দ্বিতীয় টেস্টে ভারতের বড় রানের ভিত গড়ে দিলেন যশস্বী জয়সওয়াল ৷ দলের বড় রানের ভিত গড়ার পাশাপাশি অরুণ জেটলি স্টেডিয়ামে সপ্তম টেস্ট সেঞ্চুরিও পূর্ণ করে ফেললেন বাঁ-হাতি ওপেনার ৷ যে শতরানে তৈরি হল একাধিক রেকর্ড ৷

প্রথম টেস্ট ইনিংসে জয়ের পর ক্য়ারিবিয়ানদের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় তথা নির্ণায়ক টেস্টে টস জিতে প্রথম ব্য়াটিং নেন ভারত অধিনায়ক শুভমন গিল ৷ প্রথম সেশনে রাহুলের উইকেট হারিয়ে 28 ওভারে 94 রান তোলে টিম ইন্ডিয়া ৷ মধ্যাহ্নভোজের বিরতিতে 40 রানে অপরাজিত ছিলেন জয়সওয়াল ৷ এরপর দ্বিতীয় সেশনে প্রথমে হাফসেঞ্চুরি পূর্ণ করেন মুম্বই ব্য়াটার ৷ এরপর চা-বিরতির আগেই হাফসেঞ্চুরিকে সেঞ্চুরিতে পরিণত করেন তরুণ ওপেনার ৷ দ্বিতীয় সেশনে হাফসেঞ্চুরি পূর্ণ করেন সাই সুদর্শনও ৷ চা-বিরতির পর 87 রানে ফেরেন তিনি ৷

অবিভক্ত দ্বিতীয় উইকেটে দেড়শোরও বেশি রান তুলে চা-বিরতির আগে 220 রান তোলেন জয়সওয়াল-সুদর্শন ৷ দ্বিতীয় সেশন শেষে 111 রানে অপরাজিত ছিলেন ওপেনার ৷ তার আগে সপ্তম টেস্ট সেঞ্চুরি করে একাধিক নজিরে নাম তোলেন বছর তেইশের ক্রিকেটার ৷ এই বয়সে (23) সর্বাধিক সেঞ্চুরি করা ভারতীয় ব্য়াটার হিসেব অধিনায়ক শুভমন গিলকে এদিন পিছনে ফেলেন জয়সওয়াল ৷ একইসঙ্গে ছুঁয়ে ফেলেন জাভেদ মিয়াঁদাদ, অ্যালেস্টার কুক, গ্রেম স্মিথদের নজির ৷ একনজরে দেখে নেওয়া যাক কী কী নজির গড়লেন ভারতীয় ওপেনার-

  • 23 বছরে সাতটি টেস্ট সেঞ্চুরি: মাত্র 23 বছর বয়সে সাত-সাতটি টেস্ট শতরান করে প্রাক্তন পাক তারকা জাভেদ মিয়াঁদাদ, ইংল্যান্ড অধিনায়ক অ্যালেস্টার কুক, দক্ষিণ আফ্রিকা অধিনায়ক গ্রেম স্মিথ এবং নিউজিল্য়ান্ড অধিনায়ক কেন উইলিয়ামসের সমকক্ষে বসে পড়লেন জয়সওয়াল ৷ উপরোক্ত প্রাক্তন তারকারা প্রত্যেকেই তেইশ বছর বয়সে লাল-বলের ক্রিকেটে জয়সওয়ালের সমসংখ্যক শতরান করেছিলেন ৷

23 বছর বয়সে সর্বাধিক টেস্ট শতরানের তালিকায় অবশ্য এই মুহূর্তে চতুর্থস্থানে যশস্বী জয়সওয়াল ৷ 12, 11 এবং 9টি শতরান-সহ প্রথম তিনটি স্থানে রয়েছেন স্যর ডন ব্র্যাডম্য়ান, সচিন তেন্ডুলকর এবং স্যর গ্যারি সোবার্স ৷ এদিন 48তম ইনিংসে সপ্তম টেস্ট শতরানটি পূর্ণ করলেন যশস্বী ৷ পরবর্তীতে নভেম্বরে ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জোড়া টেস্ট রয়েছে জয়সওয়ালের হাতে ৷ ব্র্যাডম্য়ান, সচিনকে ছোঁয়া মুশকিল হলেও গ্যারি সোবার্সের নজির স্পর্শের হাতছানি রয়েছে ভারতীয় ওপেনারের কাছে ৷

  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নজির: ওপেনার হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বাধিক শতরানের তালিকায় দু'য়ে উঠে এলেন যশস্বী ৷ তাঁর টেস্ট শতরানের সবক'টিই ওপেনার হিসেবে এবং ডব্লুটিসি'র অন্তর্গত ৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে শতরান করে তাই এই তালিকায় শ্রীলঙ্কার দিমুথ করুণারত্নে এবং অস্ট্রেলিয়ার উসমান খোয়াজাকে পিছনে ফেললেন জসয়ওয়াল ৷ দু'জনের ঝুলিতে রয়েছে ছ'টি করে শতরান ৷ ন'টি শতরানে তালিকার শীর্ষে রোহিত শর্মা ৷

এছাড়া 23 বছর বয়সে ভারতীয় ক্রিকেটার হিসেবে সর্বাধিক আন্তর্জাতিক সেঞ্চুরির নিরিখে রবি শাস্ত্রী, শুভমন গিলদের পিছনে ফেললেন জয়সওয়াল ৷ এদিন আন্তর্জাতিক ক্রিকেটে অষ্টম সেঞ্চুরি এল ভারতীয় ওপেনারের ৷ এই বয়সে সাতটি করে সেঞ্চুরি ছিল শাস্ত্রী, গিলের ঝুলিতে ৷ অষ্টম সেঞ্চুরিতে তৃতীয়স্থানে উঠে এলেন জয়সওয়াল ৷ প্রথম দু'টি স্থানে সচিন তেন্ডুলকর (22) ও বিরাট কোহলি (15) ৷

আরও পড়ুন: