ETV Bharat / sports

জোটার মৃত্যুতে ছেদ পড়ল উইম্বলডনের 148 বছরের রীতিতে

ফুটবলের গণ্ডি ছাড়িয়ে পর্তুগিজ ফুটবলারের অকাল মৃত্যুর শোক পৌঁছল অল ইংল্য়ান্ড ক্লাবেও ৷

WIMBLEDON PAYS TRIBUTE TO JOTA
রীতি ভাঙল উইম্বলডন (AP)
author img

By ETV Bharat Sports Team

Published : July 4, 2025 at 6:08 PM IST

2 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ, 4 জুলাই: মাথা থেকে পা পর্যন্ত সাদা পোশাক-আশাক পরিধান করে কোর্টে নামবেন খেলোয়াড়রা ৷ 1877 সালে টুর্নামেন্টের ঊষালগ্ন থেকে উইম্বলডনে সেটাই দস্তুর ৷ কিন্তু দিয়োগো জোটার মৃত্যুতে ছেদ পড়ল সেই ঐতিহ্যে ৷ রীতি ভাঙল টেনিসের সবচেয়ে পুরনো গ্র্যান্ড স্ল্য়াম ৷ প্রয়াত লিভারপুল ফুটবলার দিয়োগো জোটাকে সম্মান জানাতে প্রয়োজনে প্লেয়াররা কালো রিবনে আসতে পারেন ৷ 148 বছরের নিয়ম শিথিল করে জানাল অল ইংল্য়ান্ড ক্লাব ৷

বৃহস্পতিবার স্পেনের জামোরা প্রদেশে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে লিভারপুল ফুটবলার দিয়োগো জোটা ও তাঁর ভাই আন্দ্রে সিলভার ৷ গত মাসে পর্তুগালের হয়ে উয়েফা নেশনস লিগ জেতা ফুটবলারের অকাল প্রয়াণে বাকরুদ্ধ অনুরাগীরা, শোকস্তব্ধ ফুটবলমহল ৷ তবে বছর আঠাশের জোটাকে হারানোর শোক যে কেবল ফুটবলে সীমাবদ্ধ নেই, তা উইম্বলডন কর্তৃপক্ষের সিদ্ধান্তে স্পষ্ট ৷

কী জানিয়েছে উইম্বলডন: সংবাদসংস্থা এপি'কে শুক্রবার উইম্বলডনের মুখপাত্র জানিয়েছেন, শুক্রবার কোনও প্লেয়ার চাইলে সাদা পোশাকের উপর কালো রিবন পরে আসতেই পারেন ৷ প্রয়াত লিভারপুল ফুটবলারকে শ্রদ্ধা জানাতে কালো রিবন পরিধানের বিষয়টি উইম্বলডন কর্তৃপক্ষের কাছে অনুরোধ হিসেবে এসেছে ৷ আর অনুরোধ রাখতেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে ৷

কালো রিবনে জোটার দেশের ক্যাব্রাল: অস্ট্রিয়ার লুকাস মিডলারের সঙ্গে জুটিতে শুক্রবার পুরুষ ডাবলসের দ্বিতীয় রাউন্ডে নেমেছিলেন পর্তুগালের ফ্রান্সিসকো ক্যাব্রাল ৷ প্রয়াত ফুটবলারকে শ্রদ্ধা জানাতে সাদা টি-শার্টে কালো রিবন পরিধান করেই এসেছিলেন জোটার দেশের টেনিস প্লেয়ার ৷

কীভাবে মৃত্যু জোটার: ফুসফুসে অস্ত্রোপচারের কারণে বিমানে চড়ার ক্ষেত্রে চিকিৎসকের নিষেধাজ্ঞা ছিল দিয়োগো জোটার ৷ পর্তুগিজ ফুটবলার তাই ফেরি ধরতে বৃহস্পতিবার সড়কপথে পোর্তো থেকে স্যান্টান্ডারের পথে যাচ্ছিলেন ৷ নদীপথে ইংল্য়ান্ডে পৌঁছনোর কথা ছিল তাঁর ৷ আগামী সোমবার থেকে শুরু হতে চলা লিভারপুল অনুশীলনে যোগদানের কথা ছিল পর্তুগিজ ফরোয়ার্ডের ৷ কিন্তু স্পেনের জামোর প্রদেশে জোটা ও তাঁর ভাই যে গাড়িতে ছিলেন সেটির টায়ার ফেটে গাড়িতে আগুন ধরে যায় বলেই বিভিন্ন স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে ৷

জার্সি তুলে রাখার সিদ্ধান্ত লিভারপুলের: দিয়োগো জোটার মর্মান্তিক মৃত্যু স্তম্ভিত করেছে লিভারপুলকে ৷ শোকবার্তায় তারা লিখেছে, "2024-25 লিভারপুলের খেতাবজয়ে তাঁর (দিয়োগো জোটা) অবদানের কথা মাথায় রেখে 20 নম্বর জার্সিকে অমর করে রাখবে ক্লাব ৷" গত এপ্রিলে 20 নম্বর জার্সিতে লিভারপুল এবং কেরিয়ারের শেষ গোলটি করেছিলেন জোটা ৷ এভার্টনের বিরুদ্ধে ডার্বিতে তাঁর গোলেই ম্য়াচ জিতেছিল 'দ্য রেডস' ৷ বিবৃতিতে সেই বিষয়টিই উল্লেখ করা হয়েছে ৷

আরও পড়ুন: