940 দিন পর চোটের কারণে আন্তর্জাতিক ম্য়াচে নেই বিরাট, ভারতের জন্য কতটা শঙ্কার?
চোটের কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে নেই বিরাট ৷ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতের জন্য কতটা আশঙ্কার?

Published : February 6, 2025 at 5:52 PM IST
নাগপুর, 6 ফেব্রুয়ারি: ব্যাট হাতে ফর্মের ওঠাপড়া লেগে থাকতেই পারে ৷ কিন্তু ফিটনেসের দিক থেকে ভারতীয় দলে বিরাট কোহলির ধারেকাছে যে কেউ নেই, এবিষয়ে দ্বিমত থাকার কথা নয় ৷ ফলত চোট-আঘাতের কারণে বিশেষ ভুগতে হয়নি প্রাক্তন অধিনায়ককে ৷ কেরিয়ার চোটের জেরে হাতে গোনা মাত্র কয়েকটি ম্য়াচেই ছিটকে যেতে হয়েছে বিরাটকে ৷ যেমনটা ঘটল বৃহস্পতিবার জামথায় ৷ 940 দিন পর আন্তর্জাতিক কোনও ম্য়াচে চোটের কারণে বাইরে থাকতে হল রানমেশিনকে ৷
শেষবার 2022 সালে ইংল্যান্ডের বিরুদ্ধেই চোটের কারণে ছিটকে গিয়েছিলেন ভারতীয় ক্রিকেটার ৷ বিলেত সফরে কেনিংটন ওভালে প্রথম ওয়ান-ডে ম্য়াচে বিরাট সেবার খেলেননি কুঁচকির চোটে ৷ তারপর এদিন জামথায় সেই ইংল্য়ান্ডের বিরুদ্ধেই প্রথম ওয়ান-ডে ম্য়াচে বাইরে থাকতে হল 81টি আন্তর্জাতিক শতরানের মালিককে ৷ মাঝখানের সময়টা হিসেব করলে 940 দিন ৷ এদিন ইংল্য়ান্ডের বিরুদ্ধে টসের সময় অধিনায়ক রোহিত শর্মা জানান, বুধবার রাতে অনুশীলনের সময় ডান হাঁটুতে চোট লাগে বিরাটের ৷ যদিও ম্য়াচের দিন সতীর্থদের সঙ্গে দিব্যি অনুশীলন করতে দেখা যায় তারকা ক্রিকেটারকে ৷
তারপরেও বিরাট মাঠে না-নামায় দুশ্চিন্তা গ্রাস করে অনুরাগীদের ৷ সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি ৷ তার আগে বিরাটের চোট কতটা শঙ্কার ? সংবাদসংস্থা আইএএনএসের রিপোর্ট অনুযায়ী অবশ্য বিরাট কোহলির চোট সামান্যই ৷ এতে আশঙ্কার কিছুই নেই ৷ সিরিজের দ্বিতীয় ম্য়াচে তাঁকে একাদশে পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল ৷ বৃহস্পতিবারের ম্য়াচে খেলতে না-পারায় বিরাট ব্যক্তিগতভাবেও হতাশ বলে জানানো হয়েছে সেই রিপোর্টে ৷
𝗨𝗽𝗱𝗮𝘁𝗲:
— BCCI (@BCCI) February 6, 2025
Virat Kohli was unavailable for selection for the 1st ODI due to a sore right knee.
Follow The Match ▶️ https://t.co/lWBc7oPRcd#TeamIndia | #INDvENG | @IDFCFIRSTBank https://t.co/mqYkjZXy1O
বিরাটের পরিবর্তে এদিন ওডিআই ক্য়াপ পেলেন যশস্বী জয়সওয়াল ৷ রোহিত শর্মার সঙ্গে ওপেন করছেন তিনি ৷ এছাড়া এদিন ওডিআই ক্যাপ পেলেন হর্ষিত রানাও ৷ 2023 বিশ্বকাপের পর ওডিআই প্রত্য়াবর্তন হল মহম্মদ শামিরও ৷ কুড়ি-বিশের সিরিজে 14 উইকেট নেওয়ার পর মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তীতে মুগ্ধ নির্বাচকেরা তাঁকে ওডিআই স্কোয়াডে যোগ করেন ৷ প্রাক-ম্য়াচ সাংবাদিক সম্মেলনে রোহিত শর্মাও জানান, চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখে নাইট স্পিনারকে ইংল্যান্ড সিরিজে দেখে নেওয়া হতে পারে ৷ যদিও বরুণের ওডিআই অভিষেকের অপেক্ষা দীর্ঘায়িত হল ৷

