মেঘের কোলে হাসল রোদ, শাহরুখের সঙ্গে কোমর দুলিয়ে ইডেন মাতালেন বিরাট
বৃষ্টির ভ্রূকুটি সরিয়ে ইডেনে ফুরফুরে মেজাজেই হয়ে গেল অষ্টাদশ আইপিএলের বোধন ৷ শাহরুখের সঙ্গে 'ঝুমে জো পাঠানে' নাচলেন বিরাট কোহলি ৷

Published : March 22, 2025 at 7:51 PM IST
কলকাতা, 22 মার্চ: আশঙ্কার চোরাস্রোত পেরিয়ে নির্বিঘ্নে ইডেনে প্রথমবারের জন্য আয়োজিত হল আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান ৷ সকাল থেকেও ছিল আকাশের মুখ ভার ৷ শহরে বিক্ষিপ্ত বৃষ্টিতে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান এবং ম্য়াচ ঘিরে আয়োজকদের কপালে চিন্তার বলিরেখা ছিল স্পষ্ট ৷ কিন্তু বিকেল হতেই আশঙ্কা ফিকে হল ৷ হাওয়া অফিসের পূর্বাভাসে বৃষ্টির আশঙ্কা কমে হতেই তিলোত্তমার সব পথ গিয়ে মিশল আইকনিক ইডেন গার্ডেন্সে ৷
পূর্ব ঘোষণামতো সন্ধে ছ'টাতে শুরু হল উদ্বোধনী অনুষ্ঠান ৷ শুরুতে ক্রিকেটের নন্দনকাননে উপস্থিত উৎসুক অনুরাগীদের সুরেলা সফরে নিয়ে গেলেন শ্রেয়া ঘোষাল ৷ তার আগে অবশ্য মাইক্রোফোন হাতে সঞ্চালক হিসেবে বিড়ালের গলায় ঘণ্টাটা বাঁধলেন নাইটদের মালিক শাহরুখ খান ৷ শ্রেয়া শুরুটা করলেন 'আমি যে তোমার' গেয়ে ৷ ধীরে ধীরে মিশে গেলেন ইডেনে উপস্থিত দর্শকদের সঙ্গে ৷ এরপর আইকনিক ইডেন দেখল দিশা পাটানির জলওয়া ৷ সবশেষে গানে গানে মন ভরালেন পঞ্জাবের গায়ক করণ আউজলা ৷ ভিকি কৌশলের ছবিতে 'তওবা তওবা' গেয়ে সাড়া জাগিয়েছিলেন যিনি ৷
ক্রিকেটের নন্দনকাননে উপস্থিত 65 হাজার দর্শকের জন্য সবচেয়ে বড় অপেক্ষাটা বোধহয় অপেক্ষা করছিল এরপর ৷ আরসিবি তারকা বিরাট কোহলিকে সংবর্ধনা জানাল বিসিসিআই ৷ কারণ একমাত্র ক্রিকেটার হিসেবে একটিই ফ্র্যাঞ্চাইজির হয়ে 18তম মরশুম খেলতে নামলেন 'দ্য রানমেশিন' ৷ কিং খান ডেকে নিয়েছিলেন রিঙ্কু সিংকেও ৷ কিন্তু মায়াবী ইডেনে সবচেয়ে দামী ফ্রেমটা তৈরি হল যখন মঞ্চে একসঙ্গে কোমর দোলালেন দুই কিং ৷ প্রথম কিং শাহরুখ খান হলে দ্বিতীয় কিং অবশ্যই বিরাট ৷ ব্য়াকগ্রাউন্ডে তখন বাজছে 'ঝুমে জো পাঠান' ৷ শাহরুখের সঙ্গে নাচলেন রিঙ্কুও ৷
King Khan 🤝 King Kohli
— IndianPremierLeague (@IPL) March 22, 2025
When two kings meet, the stage is bound to be set on fire 😍#TATAIPL 2025 opening ceremony graced with Bollywood and Cricket Royalty 🔥#KKRvRCB | @iamsrk | @imVkohli pic.twitter.com/9rQqWhlrmM
এরপর টসে অবশ্য হারতে হল কলকাতা নাইট রাইডার্সকে ৷ উদ্বোধনী ম্যাচে টস জিতে গতবারের চ্যাম্পিয়নদের ব্য়াটিংয়ে পাঠালেন আরসিবি'র নয়া অধিনায়ক রজত পাতিদার ৷ সবমিলিয়ে বৃষ্টির ভ্রূকুটি সরিয়ে ইডেনে ফুরফুরে মেজাজেই হয়ে গেল অষ্টাদশ আইপিএলের বোধন ৷

