রাজ্য সাঁতার সংস্থায় নির্বাচন কবে ? সদুত্তর নেই শাসকপক্ষের
30 জুনের মধ্যে রাজ্য সাঁতার সংস্থাকে নির্বাচন সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছিল ক্রীড়া দফতর ৷

Published : August 5, 2025 at 4:15 PM IST
কলকাতা, 5 অগস্ট: প্রশাসনিক ডামাডোল রাজ্য সাঁতার সংস্থায় ৷ বেশ কয়েকবছর ধরেই রাজ্য সাঁতার সংস্থায় অস্থিরতা চলছে কুর্সি দখল নিয়ে ৷ এবার পুরো বিষয়টা পৌঁছে গিয়েছে চূড়ান্ত পর্যায়ে ৷ বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে ফেব্রুয়ারিতে ৷ তারপর মাসছয়েক অতিক্রান্ত হলেও বর্তমান কমিটি নানা অজুহাতে রাজ্য সাঁতার সংস্থার বার্ষিক সাধারণ সভা আয়োজন করছে না ৷ সেই সভাতেই হিসেব পেশ এবং নতুন কমিটি গঠন হওয়ার কথা ৷
ইতিমধ্যেই রাজ্য সাঁতার সম্পন্ন হয়েছে ৷ হয়েছে বয়সভিত্তিক রাজ্য সাঁতার প্রতিযোগিতাও ৷ কিন্তু কেন প্রশাসনিক স্তরে টালমাটাল পরিস্থিতি ঠিক করার চেষ্টা হচ্ছে না, তার কোনও সদুত্তর নেই ৷ রাজ্য সাঁতার সংস্থায় কার্যকরী কমিটি 12 জনের ৷ কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি এমন জায়গায়, অন্তত ন'জন সদস্য সংস্থার প্রেসিডেন্ট রামানুজ মুখোপাধ্যায়ের বিরুদ্ধাচরণ করছেন বলে খবর ৷ সভাপতি রামানুজ মুখোপাধ্যায় ছাড়াও সহ-সভাপতি অলোক চক্রবর্তী (বর্ধমান), রমেন বিশ্বাস (কোচবিহার), দেবেন্দ্র দাস (মুর্শিদাবাদ), স্নেহাশিস বিশ্বাস (নদিয়া) রাজ্য সাঁতার সংস্থার কার্যকরী কমিটিতে রয়েছেন। আছেন সচিব অতনু ঘোষ (পশ্চিম মেদিনীপুর), সহসচিব কঙ্কন পানিগ্রাহী (পূর্ব মেদিনীপুর), সুব্রত চক্রবর্তী (দক্ষিণ চব্বিশ পরগনা), অশোক দত্ত (হুগলি), দিবাকর চক্রবর্তী (উত্তর 24 পরগনা), কার্যকরী সচিব ও কোষাধ্যক্ষ দেবাশিস পাত্র।
বিরোধী শিবিরের স্বপন আদক বলছেন, "12 জন কার্যকরী কমিটির সদস্যদের সিংহভাগ প্রেসিডেন্ট রামানুজ মুখোপাধ্য়ায়ের ব্য়াপারে বীতশ্রদ্ধ ৷ বর্তমান যে কমিটি রাজ্য সাঁতারের মসনদে, তাঁদের ক্ষমতা অধিগ্রহণ হয়েছিল ছলচাতুরির মাধ্যমে ৷ 2021 সালে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং সুইমিং ফেডারেশন অব ইন্ডিয়ার প্রশ্রয়ে ছলচাতুরি করে প্রশাসনিক রদবদল করেছিলেন রামানুজ মুখোপাধ্য়ায় ৷ গত চল্লিশ বছর ধরে বাংলার সাঁতারের সর্বোচ্চ চেয়ারে বসে আছেন। প্রশাসনের রংবদলের সঙ্গে শিবির বদল করে নিজের চেয়ার ধরে রেখেছেন। অথচ বাংলার সাঁতারের কোনও উন্নতি করেননি।"
প্রসঙ্গত, যে সকল রাজ্য সংস্থায় দীর্ঘদিন নির্বাচন হয়নি রাজ্য ক্রীড়া দফতর তাঁদের 30 জুনের মধ্যে নির্বাচন সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছিল ৷ বিরোধীদের অভিযোগ রাজ্য সাঁতার সংস্থার বর্তমান পদাধিকারীরা বেঙ্গল অলিম্পিক অ্য়াসোসিয়েশন এবং রাজ্যের ক্রীড়ামন্ত্রীর নির্দেশকেও বুড়ো আঙুল দেখাচ্ছেন ৷ এতটা সাহস কার প্রশ্রয়ে রামানুজ মুখোপাধ্যায় অ্যান্ড কোং পাচ্ছে, সেটাই বুঝতে পারছে না বিরোধীরা ৷
রাজ্য সাঁতার শেষ হওয়ার পর রামানুজ মুখোপাধ্য়ায় জানিয়েছিলেন, অসুস্থতার কারণে আপাতত এক মাস বৈঠক ডাকার জায়গায় নেই তিনি ৷ সুস্থ হলে বৈঠক ডেকে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করবেন তিনি ৷ এমনকী প্রশাসক হিসেবে তিনি যে আর প্রতিদ্বন্দিতা করবে না, তাও স্পষ্ট করেছিলেন রামানুজ মুখোপাধ্যায় ৷ এরপর সময় গড়ালেও রাজ্য সাঁতার সংস্থার কাজকর্ম যে তিমিরে ছিল সেখানেই রয়েছে ৷ বলা হচ্ছে রাজ্য সাঁতার সংস্থার এই অচলাবস্থা মেটাতে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন অজ্ঞাত কারণে গড়িমসি করছে ৷ এমনকী শীর্ষকর্তারা মাঝের দু'মাসে এই অচলাবস্থা নিয়ে তাঁদের অবস্থান বদল করে ফেলেছেন বলে অভিযোগ ৷
বিরোধীদের অভিযোগ, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনে অলিখিত উপদেষ্টা অদ্ভূতভাবে অশীতিপর রামানুজ মুখোপাধ্য়ায়ের বয়সকে ঢাল করে সমঝোতার পথ খোঁজার কথা বকলমে বলছেন ৷ যা দেখে বিরোধী শিবির তথা রাজ্য সাঁতার সংস্থার কার্যকরী কমিটির সিংহভাগ সদস্য কিংকর্তব্যবিমূঢ়। তালিকায় কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমারও ৷ এদিকে জাতীয় গেমস দুয়ারে কড়া নাড়ছে ৷ বিরোধীরা জানাচ্ছে, রামানুজ মুখোপাধ্য়ায় খড়কুটো আঁকড়ে বাঁচার চেষ্টা করছেন ৷ কাছের লোকেদের জাতীয় গেমসগামী বাংলার সাঁতার দলের পোস্টিং দিয়ে দলে টানার চেষ্টা করছেন ৷ সবমিলিয়ে ডামাডোল অব্যাহত রাজ্য সাঁতার সংস্থায় ৷

