ETV Bharat / sports

শৃঙ্খলার বেড়ি পরিয়ে ভারতীয় ফুটবলকে টেনে তুলবেন খালিদ, নিশ্চিত নইম-দীপেন্দু

নইম আত্মবিশ্বাসী যে, মানোলোর থেকে ঢের ভালো করবে তাঁর পুরনো ছাত্র ৷

KHALID JAMIL
খালিদ জামিল (ETV Bharat)
author img

By ETV Bharat Sports Team

Published : August 3, 2025 at 5:03 PM IST

4 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 3 অগস্ট: ময়দানি ভাষায় তুকতাক কোচ থেকে ভারতীয় ফুটবলের হেডস্যর খালিদ জামিল ৷ খেলোয়াড়ি জীবনে মাঠে আসতেন মার্সিডিজ চালিয়ে ৷ কোচিংয়ের শিক্ষা নিয়েছেন কিংবদন্তি মিশেল প্লাতিনির থেকে ৷ ফুটবল আঁকড়ে যাপন করা আটচল্লিশের খালিদ জামিলকে দেখে মনে হয় বুঝি ঘোরের মধ্যে রয়েছেন। তাঁর প্রতিটি পদক্ষেপ পরিমিত। মানোলো মার্কুয়েজ বিদায়ের পর কোচ হিসেবে খালিদের হটসিটে বসা একপ্রকার নিশ্চিতই ছিল ৷ কতবছরের জন্য কোচ হচ্ছেন না-জানা গেলেও 1 অগস্ট সকালে খালিদের নামেই সিলমোহর দেয় ফেডারেশন।

ফিফা ক্রমতালিকায় 133-এ নেমে যাওয়া ভারতের হাল ফেরাতে খালিদ কতটা উপযোগী ? প্রাক্তন ফুটবলার অলোক মুখোপাধ্য়ায় জানালেন, খালিদকে দায়িত্ব দেওয়া সময়োচিত। আইএসএলে খালিদই একমাত্র ভারতীয় কোচ যে বিদেশিদের মাঝে দাপটের সঙ্গে কাজ করে চলেছেন ৷ খালিদে আশা রাখছেন প্রাক্তন গুরু সৈয়দ নইমুদ্দিন, একদা সতীর্থ দীপেন্দু বিশ্বাস, শিষ‌্য প্রণয় হালদাররা।

2004-05 মরশুমে মাহিন্দ্রা ইউনাইটেডে নইমুদ্দিনের কোচিংয়ে খেলেছেন খালিদ ৷ হায়দরাবাদ থেকে নইম ফোনে বলেন, "আমার এক অন্যতম প্রিয় ছাত্র ভারতের কোচ হয়েছে ৷ এর থেকে বড় কথা আর কিছু হয় না ৷ ওর জন্য দারুণ খুশি।" তাঁর সংযোজন, "কোথায় পিছিয়ে আছেন ভারতীয় কোচেরা ? প্রদীপ বন্দ্যোপাধ্য়ায়, রহিম সাহেব কি বিদেশি ছিলেন ? আমার কথা ছেড়ে দিন ৷ বিদেশি কোচ নিয়োগে কতটা উন্নতি হয়েছে আমাদের?খালিদের হাতে ভারতীয় দল ভালো করবে ৷"

ফুটবলার এবং কোচ, দুই ভূমিকাতেই নইমুদ্দিন ভারতীয় ফুটবলের হার্ড-টাস্ক মাস্টার ৷ সেদিনের প্রিয় ছাত্র খালিদও শৃঙ্খলাপরায়ণ এবং পরিশ্রমী ৷ তাঁর পরিশ্রমের ক্ষমতা আজও মনে রেখেছেন নইম ৷ 'দ্রোণাচার্য' বলছিলেন, "খালিদের সবচেয়ে বড় গুণ ওর হার না-মানা মানসিকতা ৷ সেই সঙ্গে শৃঙ্খলা। আমার কোচিংয়ে অন্তত কোনওদিন শৃঙ্খলার সঙ্গে আপোস করতে দেখিনি ৷ সবসময় নতুন কিছু শিখতে চাইত ৷ এই দু’টি গুণই ওকে অন্যদের থেকে আলাদা করেছে।"

শেষবার ভারতীয় দলে দেশীয় কোচ ছিলেন স্যাভিও মেদেইরা ৷ পরবর্তী 13 বছর ভারতীয় ফুটবলে বিদেশি শাসন ৷ বড়নামের ভার এলেও ভারতীয় ফুটবল ব্যর্থ ৷ যা নিয়ে ক্ষুব্ধ নইমের কথায়, "বিদেশি কোচের প্রতি আশা করি মোহ কেটেছে ৷ খালিদকে যতটা চিনি ও অন্তত মানোলোর থেকে ভাল ফলাফল করবে।" খালিদের আগমনে সন্তুষ্ট তাঁর সতীর্থ দীপেন্দু বিশ্বাসও ৷ ফুটবলার জীবনে ভারতীয় দলের নয়া কোচের সঙ্গে একই ঘর ভাগাভাগি করে নেওয়ার অভিজ্ঞতা রয়েছে প্রাক্তন বাঙালি স্ট্রাইকারের ৷ তাঁর কথায়, "খালিদ ফুটবল পাগল মানুষ ৷ শয়নে, স্বপনে, জাগরণে ওর চিন্তায় শুধুই ফুটবল ৷ পাশাপাশি ভারতীয় ফুটবলের রূপরেখা ও হাতের তালুর মতো চেনে। দেশের প্রতিটি লিগের খবর রাখে। দেখবেন কত নতুন প্রতিভা সুযোগ পায় ৷"

খালিদ মানেই তো বৈচিত্র্যহীন নীল নকশায় ভর করা রক্ষণাত্মক ফুটবল ৷ তাহলে কোথায় সে বাকিদের থেকে আলাদা ? দীপেন্দুর কথায়, "অনেক কোচ শুধুমাত্র খেলার সূত্রে তাঁর ফুটবলারদের চেনে ৷ খালিদ কিন্তু আইজল এফসিতে কোচিংয়ের সময় প্রত্যেককে ব্যক্তিগতভাবে চিনত ৷ এমনকী যখনই কোনও সাপোর্ট স্টাফ বা ফুটবলার অসুবিধার মধ‌্যে পড়েছে, সবার আগে সাহায‌্যের হাত বাড়িয়েছে খালিদ জামিল ৷ পরে ওর সাপোর্ট স্টাফরা আমাকে এই কথা বলেছে ৷ তাই ওরা সবসময় মানুষটার জন‌্য মাঠে 200 শতাংশ উজাড় করে দিতে চায়।"

পূর্ণ কোচ হিসেবে জামশেদপুর এফসির দায়িত্ব নিয়ে গত মরশুমে দলকে শেষ চারে তুলেছিলেন খালিদ ৷ এমনকী সুপার কাপেও জামশেদপুর নজরকাড়া পারফরম‌্যান্স মেলে ধরেছিল ৷ শেষ দু’বছর ধরে খালিদকে খুব কাছ থেকে দেখেছেন জামশেদপুর মিডফিল্ডার প্রণয় হালদার ৷ কোচকে নিয়ে বলতে গিয়ে প্রণয় প্রশংসায় পঞ্চমুখ। বাঙালি ফুটবলার বলছেন, "ফুটবলের বাইরে কিছুই বোঝেন না ৷ এমনকী হোটেলেও আমাদের সঙ্গে ফুটবল নিয়েই আলোচনা হয় ৷ আশা করি ভারতীয় দলেও খালিদ ভাইকে একইভাবে দেখতে পাব।"

আরও পড়ুন: