ETV Bharat / sports

ব্যান হার্দিক, সিজন ওপেনারে মুম্বইয়ের নেতৃত্ব সামলাবেন সূর্য

মরশুমের প্রথম ম্যাচে হার্দিক পান্ডিয়া নয়, মুম্বইয়ের নেতৃত্বের ব্যাটন থাকবে সূর্যকুমার যাদবের হাতে ৷ কিন্তু কেন ?

HARDIK PANDYA
সাংবাদিক সম্মেলনে কোচের সঙ্গে হার্দিক (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : March 19, 2025 at 6:45 PM IST

2 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ, 19 মার্চ: রোহিত শর্মা নন, চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আইপিএলের প্রথম ম্য়াচে মুম্বই ইন্ডিয়ান্সের দায়িত্ব সামলাবেন সূর্যকুমার যাদব ৷ বুধবার সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিলেন 'পল্টন'দের নেতা হার্দিক পান্ডিয়া ৷ গতবছর আইপিএলের শেষ ম্য়াচে স্লো-ওভার রেটের কারণে একম্য়াচ নির্বাসিত করা হয়েছিল হার্দিক পান্ডিয়াকে ৷ ফলত 23 মার্চ দলের সিজন ওপেনারে থাকছেন না তিনি ৷

প্রথম ম্যাচে পাঁচবারের চ্যাম্পিয়নদের দায়িত্ব কে সামলাবেন, তা নিয়ে চিন্তায় ছিলেন অনুরাগীরা ৷ সাংবাদিক সম্মেলনে এদিন এই সংক্রান্ত প্রশ্নের উত্তরে হার্দিক বলেন, "নিঃসন্দেহে সূর্যই নেতৃত্ব দেবে ৷ ও তো ভারতেরও অধিনায়ক বটে ৷ এই ফরম্য়াটে আমার অনুপস্থিতিতে যোগ্য ও-ই ৷ অধিনায়ক হিসেবে দারুণ বিকল্প সূর্য ৷"

তবে হার্দিক ছাড়া কেবল সূর্য তো নয়, মুম্বই সাজঘরে ক্ষুরধার সব ক্রিকেটীয় মস্তিষ্কের উপস্থিতি ৷ তালিকায় সদ্য চ্য়াম্পিয়ন্স ট্রফি জয়ী অধিনায়ক রোহিত শর্মা ছাড়াও রয়েছেন টেস্টে রোহিতের ডেপুটি জসপ্রীত বুমরা ৷ বর্ডার-গাভাসকর ট্রফিতে দু'টি ম্য়াচে নেতৃত্ব দিয়েছিলেন যিনি ৷ আর এই ঘটনায় নিজেকে ভাগ্যবান মনে করছেন হার্দিক ৷ বরোদা অলরাউন্ডার বলেন, "আমার সৌভাগ্য যে তিনজন অধিনায়ক আমার সঙ্গে রয়েছে ৷ এতে আমার আত্মবিশ্বাস বেড়েছে ৷ আমার যদি সাহায্যের প্রয়োজন হয়, তাহলে আমি জানব আমার সঙ্গে তিনজন রয়েছে যাঁরা দেশকে বিভিন্ন ফরম্যাটে নেতৃত্ব দিয়েছে ৷ যাঁদের অভিজ্ঞতা বিরাট ৷ তাঁরা যে কোনও সময় আমার কাঁধে হাত রেখে সাহস জোগাতে প্রস্তুত ৷"

গতবছর আইপিএলের আগে গুজরাত থেকে আচমকা বরোদা অলরাউন্ডারকে ছিনিয়ে নিয়েছিল মুম্বই ৷ শুধু তাই নয়, পাঁচবারের ট্রফিজয়ী অধিনায়ক রোহিত শর্মার পরিবর্তে হার্দিককে অধিনায়ক ঘোষণাও করে মুম্বই ফ্র্য়াঞ্চাইজি ৷ কিন্তু তাঁর নেতৃত্বে 2024 আইপিএলে লিগ টেবলে একেবারে শেষে থামে মুম্বই ৷ স্ট্যান্ড থেকেও অনুরাগীদের বিদ্রূপের শিকার হতে হয়েছিল তাঁকে ৷ যদিও সেই অধ্য়ায় ভুলে হার্দিক জানান, পরবর্তীতে টি-20'তে বিশ্বজয় এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জয় 2025 আইপিএলের আগে তাঁকে এবং তাঁর সতীর্থদের বাড়তি উদ্বুদ্ধ করছে ৷ হার্দিকের কথায়, "আমি 2024 সালেও আত্মবিশ্বাসী ছিলাম ৷ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ছিলাম ৷ এখনও আছি ৷ আত্মবিশ্বাস সবসময় চূড়াতেই রাখি ৷"

আরও পড়ুন: