বোর্ডের চাপে পাকিস্তানের সঙ্গে খেলতে বাধ্য হয়েছে ভারতীয় দল, বিস্ফোরক প্রাক্তন তারকা
ম্য়াচের শুরু এবং শেষে প্রতিপক্ষের সঙ্গে সৌজন্য বিনিময় করেনি ভারতীয় দল ৷ যা বিতর্ক উস্কে দিয়েছে ৷

Published : September 15, 2025 at 3:40 PM IST
হায়দরাবাদ, 15 সেপ্টেম্বর: ব্যাটে-বলে পাকিস্তানকে তো কোণঠাসা করেছেনই সূর্যরা ৷ ক্রিকেটের বাইরে গিয়ে হাবেভাবেও ভারতীয় ক্রিকেটাররা এশিয়া কাপের ম্যাচে পাকিস্তানকে প্রত্যাখ্যান করেছেন রবিবার ৷ ভারতীয় দল হাত না-মেলানোয় অভিযোগের রাস্তাতেও হেঁটেছে পাক ক্রিকেট বোর্ড ৷ এমন সময় বিস্ফোরক দাবি করে বসলেন ভারতীয় দলের প্রাক্তন তারকা ৷ তিনি জানালেন, ভারতীয় ক্রিকেটারদের এই ম্য়াচ খেলার কোনও ইচ্ছেই ছিল না ৷ বোর্ডের চাপে পড়ে সূর্যকুমার ও তাঁর দলবল এই ম্য়াচ খেলেছে বলে দাবি করলেন সুরেশ রায়না ৷
'স্পোর্টস তাক'-এর একটি আলোচনায় তিনশোরও বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা ক্রিকেটার জানান, ভারতীয় দলের কোনও ক্রিকেটারের মাঠে নামার ইচ্ছে ছিল না রবিবার ৷ বিসিসিআই টুর্নামেন্ট খেলতে রাজি হওয়ায় অনিচ্ছা সত্ত্বেও নামতে হয়েছে তাঁদের ৷
রায়নার কথায়, "আমি একটা কথা নিশ্চিতভাবে বলতে পারি যে ব্যক্তিগতভাবে যদি ক্রিকেটারদের জিজ্ঞেস করা হয় তাহলে কেউই এশিয়া কাপ খেলতে ইচ্ছুক ছিল না ৷ কিন্তু তাঁরা খেলতে নেমেছে বিসিসিআই রাজি হওয়ার কারণে ৷ আমার দেখে খারাপ লাগছে যে ভারত পাকিস্তানের বিরুদ্ধে খেলছে ৷ আমার এটাও মনে হয় যে সুর্যকুমার যাদব এবং তাঁর দলের ক্রিকেটাররা পাকিস্তানের বিরুদ্ধে খেলার ব্যাপারে ব্যক্তিগত মতামত রাখলে তা গ্রাহ্য হত না ৷ কিন্তু ব্যক্তিগত স্তরে কেউই ইচ্ছুক ছিল না ৷"
India notch up their second win of the Asia Cup in style 👏#INDvPAK 📝: https://t.co/8loFQqXKKO pic.twitter.com/iabrOqgJh7
— ICC (@ICC) September 14, 2025
পহেলগাঁও হামলা পরবর্তী সময়ে রবিবার পাকিস্তানের বিরুদ্ধে বাইশ গজে প্রথমবার নামল ভারতীয় দল ৷ যে ম্যাচে অংশগ্রহণ নিয়ে কম প্রশ্ন ওঠেনি ৷ প্রতিবাদ এসেছে গত 22 এপ্রিল পহেলগাঁও হামলায় নিহতদের পরিবারের তরফেও ৷ তা সত্ত্বেও পেশাগত দায়বদ্ধতার নিরিখে রবিবার মাঠে নেমেছিল ভারতীয় দল ৷ মাঠে নামলেও ম্য়াচের শুরু এবং শেষে প্রতিপক্ষের সঙ্গে হাত না-মিলিয়ে কড়া অবস্থান নিয়েছে ভারতীয় দল ৷ যা নিয়ে ম্য়াচ শেষে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব জানান, স্পোর্টসম্য়ানশিপের বাইরে গিয়েও কিছু জিনিস ভাবতে হয় ৷ একইসঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে জয় ভারতীয় সশস্ত্র সেনা এবং পহেলগাঁও হামলায় নিহতদের উৎসর্গ করেছেন সূর্য ৷
ম্য়াচ জিতে ভারত অধিনায়ক বিপক্ষের সঙ্গে হাত না-মেলানো প্রসঙ্গে বলেন, "এটা আমাদের দলগত সিদ্ধান্ত ৷ আমরা সেখানে শুধু খেলতে নেমেছিলাম ৷ হাত না-মেলানোর বিষয়টা আমাদের প্রত্যুত্তর ছিল ৷ কিছু বিষয় থাকে যেগুলো স্পোর্টসম্য়ানশিপের বাইরে গিয়ে ভাবতে হয় ৷ এই জয় আমরা উৎসর্গ করছি 'অপারেশন সিঁদুর' সংঘটিত করা দেশের সশস্ত্র সেনাকে আর অবশ্যই পহেলগাঁও হামলায় নিহতদের ৷"

