খুনের মামলায় সুশীল কুমারের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ সুপ্রিম কোর্টের
ছত্রসল স্টেডিয়ামে কুস্তিগীর সাগর ধনখড়কে হত্য়া মামলায় গত 4 মার্চ দিল্লি হাইকোর্টে জামিন পেয়েছিলেন সুশীল কুমার ৷

Published : August 13, 2025 at 1:34 PM IST
নয়াদিল্লি, 13 অগস্ট: রাজধানীর ছত্রসল স্টেডিয়ামে কুস্তিগীর সাগর ধনখড়কে খুনের ঘটনায় সুপ্রিম কোর্টে জামিন বাতিল হল সুশীল কুমারের ৷ পরিবর্তে অলিম্পিক্সে জোড়া পদকজয়ী কুস্তিগীরকে আত্মসমর্পণের নির্দেশ দিল শীর্ষ আদালত ৷
2021 সালে ছত্রসল স্টেডিয়ামে প্রাক্তন জুনিয়র জাতীয় চ্য়াম্পিয়ন সাগর ধনখড়কে হত্য়া মামলায় গত 4 মার্চ দিল্লি হাইকোর্টে জামিন পেয়েছিলেন সুশীল কুমার ৷ সেই নির্দেশ বাতিল করে বুধবার সুশীলকে এক সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিল বিচারপতি সঞ্জয় কারোল এবং প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চ ৷ দিল্লি হাইকোর্টে সুশীলের জামিনের পর মৃত কুস্তিগীরের বাবার আবেদনের পরিপ্রেক্ষিতে শীর্ষ আদালতের এই নির্দেশ ৷
সম্পত্তি নিয়ে বিবাদের জেরে চার বছর আগে অর্থাৎ, 2021 সালের 4 মে সাগর প্রাক্তন জুনিয়র জাতীয় চ্য়াম্পিয়ন ধনখড় ও তাঁর বন্ধুদের বেধড়ক মারধর করেন সুশীল ও অন্য়ান্যরা ৷ ঘটনায় মৃত্যু হয়েছিল 27 বছরের কুস্তিগীর সাগর ধনখড়ের ৷ সেই ঘটনার ভিডিয়ো ফুটেজও সামনে এসেছিল ৷ পরবর্তীতে বেজিং অলিম্পিক্সে ব্রোঞ্জ এবং লন্ডন অলিম্পিক্সে রুপোজয়ী কুস্তিগীরের বিরুদ্ধে খুনের মামলা রুজু করে দিল্লি পুলিশ ৷ ছত্রসল স্টেডিয়ামের পার্কিংয়ে ওই ঘটনার পর থেকে বেশ কিছুদিন ফেরার ছিলেন অলিম্পিয়ান কুস্তিগীর ৷ ফলত সুশীল-সহ আরও ছ'জনের বিরুদ্ধে লুক-আউট নোটিশ জারি করা হয়েছিল আদালতের তরফে ৷ 23 মে দিল্লি পুলিশের বিশেষ সেলের একটি টিম রাজধানীর মুণ্ডকা এলাকা থেকে গ্রেফতার করেছিল সুশীলকে ৷
Delhi: On the Sagar Dhankhar murder case, Advocate Joshini Tuli says, " today, the supreme court allow ashok dhankhar’s petition and cancelled sushil kumar’s bail, giving him one week to surrender. the high court’s order has been set aside..." pic.twitter.com/RNuUCaKbu1
— IANS (@ians_india) August 13, 2025
সাড়ে তিন বছর হাজতবাসের পর দিল্লি হাইকোর্টের নির্দেশে চলতি বছরের শুরুতেই জামিন পেয়েছিলেন একদা ভারতীয় কুস্তির পোস্টার বয় ৷ তিন বছর ধরে চলা শুনানিতে 186 জন সাক্ষীর মধ্যে মাত্র 30 জন তাঁদের বয়ান পেশ করেছিলেন ৷ উপযুক্ত সাক্ষ্যপ্রমাণের অভাবে শেষমেশ জামিন গ্রাহ্য হয়েছিল সুশীলের ৷ এরপর নিহত কুস্তিগীরের পরিবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ৷ তাঁদের দাবি ছিল, অন্তর্বর্তীকালীন জামিনে জেলের বাইরে বেরিয়ে ঘটনার মূল সাক্ষীদের ভয় দেখিয়ে প্রভাবিত করার চেষ্টা করেছেন জোড়া অলিম্পিক্স পদকজয়ী ৷ তার পরিপ্রেক্ষিতেই জামিন বাতিল হল সুশীলের ৷
সাগর ধনখড় হত্য়া মামলায় অভিযুক্ত হওয়ার পর স্বাভাবিকভাবে জনপ্রিয়তা হারিয়েছেন একদা তারকা কুস্তিগীর ৷ 2008 বেজিং অলিম্পিক্সে 66 কেজি ফ্রি-স্টাইল বিভাগে ভারতকে ব্রোঞ্জ এনে দিয়েছিলেন সুশীল ৷ চার বছর পর একই বিভাগে পদকের রঙে বদল এনেছিলেন তিনি ৷ লন্ডনে রুপো জিতেছিলেন দিল্লির কুস্তিগীর ৷ মাঝে 2009 সালে দেশের খেলাধুলোয় সবচেয়ে বড় সম্মান মেজর ধ্যানচাঁদ খেলরত্নে ভূষিত হয়েছিলেন তারকা কুস্তিগীর ৷

