বিলেতে ব্য়াট হাতে রেকর্ডের ফুলঝুরি, গিলকে সারপ্রাইজ গিফট্ লিটল-মাস্টারের
মাত্র 21 রানের জন্য গাভাসকরের সর্বকালের নজির ভাঙতে ব্যর্থ গিল ৷

Published : August 3, 2025 at 3:46 PM IST
হায়দরাবাদ, 3 অগস্ট: সফর শুরুর আগে বিদেশের মাটিতে লাল-বলের ক্রিকেটে শুভমন গিলের ব্য়াটিং পরিসংখ্য়ান সুখকর ছিল না মোটেই ৷ উপরন্তু নেতৃত্বের রাজপাট তাঁর হাতে তুলে দেওয়ায় দাঁত-নখ বের করেছিলেন অনেকেই ৷ কিন্তু চলতি বিলেত সফরে অন্তত ব্য়াট হাতে সেই সব নিন্দুকদের মুখ বন্ধ করিয়েছেন ভারত অধিনায়ক শুভমন গিল ৷ মহার্ঘ্য সব রেকর্ড গড়ে চলতি ইংল্য়ান্ড সফরে 10 ইনিংসে 754 রান ধরা দিয়েছে গিলের ব্য়াটে ৷ যার মধ্যে অন্যতম অধিনায়ক হিসেবে একটি টেস্ট সিরিজে সর্বাধিক রানের নিরিখে সুনীল গাভাসকরকে ছাপিয়ে যাওয়া ৷ দুর্ধর্ষ সব রেকর্ডের জন্য় শনিবার ওভালে ভারত অধিনায়ককে সারপ্রাইজ গিফট দিলেন খোদ 'লিটল-মাস্টার' ৷
যদিও ভারতীয় ব্য়াটার হিসেবে একটি টেস্ট সিরিজে সর্বাধিক রানের নজিরে গাভাসকরকে অল্পের জন্য ছুঁতে পারেননি গিল ৷ 1971 সালে ক্য়ারিবিয়ান সফরে অভিষেক টেস্ট সিরিজে সানির ব্যাটে এসেছিল 774 রান ৷ অর্থাৎ, ভারতীয় হিসেবে সর্বকালের নজির থেকে চলতি সফরে 20 রান দূরে থেমে গিয়েছেন গিল ৷ তাতে কী ? ওভালে শনিবার প্রাক্তন কিংবদন্তির থেকে বিশেষ উপহার পেলেন ভারত অধিনায়ক ৷ গাভাসকর জানালেন, গিল তাঁর নজির ছাপিয়ে যাবে ভেবেই এই উপহার সঙ্গে করে এনেছিলেন তিনি ৷
গাভাসকর এদিন কেনিংটন ওভালে গিলের সঙ্গে দেখা করে তাঁর হাতে উপহার তুলে দেন ৷ পঞ্জাব ব্য়াটারকে তিনি বলেন, "তুমি আমাকে ছাপিয়ে যাবে ভেবে একটি গিফট সঙ্গে এনেছিলাম ৷ সেটা না-হলেও অন্তত আগামীর লক্ষ্য তুমি সেট করে নিয়েছ বলেই বিশ্বাস আমার ৷ আর সেই কারণেই এই ছোট্ট উপহার ৷ এখানে এসজি ইনিশিয়ালসের তরফে একটা শার্ট রয়েছে ৷ এটা আমার জন্য কেউ বানিয়েছিল, সেটা আমি তোমায় দিচ্ছি ৷ জানি তোমার গায়ে ফিট হবে কি না ৷ এখানে আমার স্বাক্ষর করা একটা টুপিও রয়েছে যেটা আমি খুব কম মানুষকে আজ পর্যন্ত দিয়েছি ৷"
A wholesome moment between Shubman Gill & Sunil Gavaskar 😍#SonySportsNetwork #ENGvIND #NayaIndia #DhaakadIndia #TeamIndia #ExtraaaInnings | @ShubmanGill pic.twitter.com/2wYhLiMCAR
— Sony Sports Network (@SonySportsNetwk) August 2, 2025
সম্প্রচারকারী সংস্থার তরফে সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে ৷ চারটি শতরান-সহ অধিনায়ক হিসেবে চলতি সফরে 754 রান এসেছে গিলের ব্য়াটে ৷ দ্বিপাক্ষিক টেস্ট সিরিজে যা দ্বিতীয় সর্বাধিক শতরানের নজির ৷ তবে অধিনায়ক হিসেবে একটি সিরিজে সর্বাধিক শতরানের নজির এটাই ৷ এই নজিরে গিল স্পর্শ করেছেন ডন ব্র্যাডম্যান, সুনীল গাভাসকরদের ৷
চলতি সফরে 10টি ইনিংসে গিলের সংগৃহিত রান যথাক্রমে 147, 8, 269, 161, 16, 6, 12, 103, 21, 11 ৷ এজবাস্টনে দ্বিতীয় টেস্টে তাঁর সংগৃহিত 430 রান একটি টেস্টে ভারতীয়দের মধ্যে সর্বাধিক রানের নজিরও বটে ৷ সবমিলিয়ে অধিনায়ক হিসেবে আত্মপ্রকাশ সিরিজ ব্যাট হাতে নিঃসন্দেহে চিরস্মরণীয় হয়ে থাকবে গিলের জন্য ৷ ওভালে ভারত ম্য়াচ জিতলে তা অবশ্যই 'চেরি অন কেক' হবে গিলের সাফল্যে ৷

