প্রত্যাবর্তনে জাল কাঁপালেন সুনীল, 'অধিনায়ক' ফিরতে উজ্জ্বল ভারতও
অবসর ভেঙে ফিরেই গোল করলেন সুনীল ছেত্রী ৷ মলদ্বীপকে তিন গোল দিয়ে বাংলাদেশ ম্য়াচের প্রস্তুতি সারল ভারত ৷ তিনটি গোলই এল হেডে ৷

Published : March 19, 2025 at 9:52 PM IST
হায়দরাবাদ, 19 মার্চ: জাতীয় দল ফুটবলার তৈরির জায়গা নয় ৷ বয়স 20 হোক বা 40, পারফরম্য়ান্স করলে ফুটবলাররা সুযোগ পাবেই ৷ চল্লিশের সুনীল ছেত্রীর অবসর ভেঙে জাতীয় দলে প্রত্যাবর্তনকে এভাবেই মঙ্গলবার সমর্থন করেছিলেন জাতীয় দলের কোচ মানোলো মার্কুয়েজ ৷ আর পরদিন কোচের আস্থার মর্যাদা দিলেন দেশের সর্বকালের সর্বাধিক গোলস্কোরার ৷ অবসর ভেঙে আন্তর্জাতিক প্রত্যাবর্তনে স্কোরশিটে নাম তুললেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী ৷ বাকি দু'টি গোল এল রাহুল ভেকে এবং লিস্টন কোলাসোর থেকে ৷ সবমিলিয়ে শিলংয়ে প্রীতি ম্য়াচে মলদ্বীপকে 3-0 গোলে হারাল 'মেন ইন ব্লু' ৷
সবচেয়ে বড় কথা গুরপ্রীত সান্ধুর পরিবর্তে তেকাঠির নীচে বিশাল কাইথের আগমনে কোনও গোল হজম না-করে ম্য়াচ পকেটে পুরল ভারত ৷ যা এএফসি এশিয়ান কাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচের আগে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে ভারতীয় দলকে ৷ সুনীলকে প্রথম একাদশেই এদিন ব্যবহার করেন মানোলো ৷ শুরু থেকেই ব়্যাংকিংয়ে অনেকটা পিছিয়ে থাকা প্রতিপক্ষের বিরুদ্ধে ম্য়াচের রাশ নিজেদের পায়ে রাখার চেষ্টা করেন ভারতীয় ফুটবলাররা ৷ যার সুফল হিসেবে একের পর এক কর্নার আদায় করতে থাকে ভারতীয় দল ৷ 35 মিনিটে কর্নার থেকেই ভাঙে ডেডলক ৷
Three headers get the job done for India in Shillong! 🇮🇳💙#INDMDV #BlueTigers 🐯 #IndianFootball ⚽ pic.twitter.com/ZiD5VuJWub
— Indian Football Team (@IndianFootball) March 19, 2025
ব্র্যান্ডন ফার্নান্ডেজের সেটপিস থেকে হেডে 1-0 করেন বেঙ্গালুরু এফসি ডিফেন্ডার ভেকে ৷ আরও গোল আসতে পারত, কিন্তু সুযোগের অপব্যবহার করে বিরতিতে এক গোলে এগিয়ে থেকে মাঠ ছাড়ে মানোলোর ছেলেরা ৷ দ্বিতীয়ার্ধের শুরুতেও হাইপ্রেসিং ফুটবলে সুযোগ আদায় করে নিতে থাকে নীল জার্সিধারীরা ৷ কিন্তু ব্যবধান বাড়ছিল না ৷ এরপর সুরেশ সিং ও ভালপুইয়াকে তুলে মাঝমাঠে ফ্রেশ লেগ আনেন মানোলো ৷ মাঠে আসেন বরিস সিং এবং আপুইয়া ৷ তারপরই 66 মিনিটে দ্বিতীয় গোল লিস্টন কোলাসোর ৷
এক্ষেত্রে নাওরেম মহেশের কর্নার থেকে হেডে গোল মোহনবাগান উইঙ্গার লিস্টন কোলাসোর ৷ ঠিক 11 মিনিট বাদে ছেত্রীর গোল যেন 'চেরি অন দ্য কেক' ৷ এবার লিস্টনের ক্রস থেকে ভারতের জার্সিতে 95তম গোল করেন সুনীল ৷ অধিনায়কের গোলটিও এল হেড থেকে ৷ শেষদিকে তাঁকে অবশ্য তুলে নেন কোচ ৷ তাতে অবশ্য ফলাফলে কোনও হেরফের হয়নি ৷ তিন গোলে জিতে 25 মার্চ বাংলাদেশ ম্যাচের ড্রেস রিহার্সাল সারল ভারত ৷

