ক্লার্কের ঝোড়ো ব্যাটিংয়ে ম্লান রিচার রেকর্ড, বিশ্বকাপে প্রোটিয়াদের কাছে হারল ভারত
ব্যর্থ হল বাংলার মেয়ে রিচা ঘোষের দারুণ লড়াই । বিশ্বকাপের তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে তিন উইকেটে হারল ভারত ।

Published : October 10, 2025 at 9:38 AM IST
বিশাখাপত্তনম, 10 অক্টোবর: স্মৃতি মন্ধনা, হার্লিন দেওল, অধিনায়িকা হরমনপ্রীত কৌরের মতো তাবড় নামেরা ব্যর্থ । কঠিন সময়ে বৃহস্পতিবার বিশাখাপত্তনমে ঢাল হয়ে দাঁড়িয়েছিল তাঁর ব্যাট । কেবল ঢাল হয়ে দাঁড়ানোই নয়, বঙ্গতনয়ার রেকর্ড ইনিংসে প্রোটিয়াদের বিরুদ্ধে লড়াইয়ের পুঁজি জোগাড় করেছিল ভারত । কিন্তু নাদিন ডি ক্লার্কের ব্যাটে ব্যর্থ হল রিচা ঘোষের লড়াই । বিশ্বকাপের তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে তিন উইকেটে হারল ভারত ।
- ভারতের ব্যাটিং বিপর্যয়: বৃষ্টির কারণে এদিন খেলা খানিকটা দেরিতে শুরু হলেও ওভার সংখ্যা কমেনি । আবহাওয়ার কথা মাথায় রেখে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রোটিয়া অধিনায়িকা লরা উলভার্ডট । স্মৃতি মন্ধনা ও প্রতীকা রাওয়ালের ওপেনিং জুটিতে 55 রান উঠলেও আচমকা ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয় ভারত । প্রতীকা করেন 37 রান । মন্ধনার ব্যাট থেকে আসে 23 রান । বিনা উইকেটে 55 থেকে প্রোটিয়া বোলারদের দাপটে 102 রানে ছয় উইকেট হারায় 'উইমেন ইন ব্লু' ।
- রিচার রেকর্ড ইনিংস: এরপর শিলিগুড়ির মেয়ে রিচার ব্যাটিং বিপদ থেকে টেনে তোলে ভারতকে । প্রথমে আমনজোৎ কৌরের সঙ্গে সপ্তম উইকেটে 51 রান, তারপর স্নেহ রানার সঙ্গে 98 রানের জুটি ভারতের রান আড়াইশো পেরোতে সাহায্য করে । 53 বলে হাফসেঞ্চুরি পূর্ণ করা রিচা শেষপর্যন্ত 77 বলে খেলেন 94 রানের ঝোড়ো ইনিংস । যা সাজানো ছিল 11টি চার ও চারটি ছয়ে । আর হ্যাঁ, এই ইনিংসে রেকর্ডবুকে নাম তুলে ফেলেন বাংলার মেয়ে । মহিলা ওয়ান-ডে'তে আট নম্বর বা তার নীচে ব্যাট করতে নামা কোনও ব্যাটারের সর্বাধিক রানের ইনিংস এটি । রানা করেন 33 রান । 49.5 ওভারে সব উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 251 রান তোলে ভারত । 32 রানে তিন উইকেট নেন ক্লো ট্রাইয়ন ।
Nadine de Klerk does it for South Africa as they defeat hosts India in a contest that went down to the wire in Visakhapatnam 🔥#CWC25 #INDvSA 📝: https://t.co/dJQBf7HG2O pic.twitter.com/5zSjaxnJxc
— ICC (@ICC) October 9, 2025
- বিপাকে পড়ে প্রোটিয়া ব্যাটিংও: ওপেনার লরা উলভার্ডট একদিক ধরে রাখলেও চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে দক্ষিণ আফ্রিকাও । 81 রানে পাঁচ উইকেট হারায় তাঁরা । সেখান থেকে প্রথমে ষষ্ঠ উইকেটে প্রতিরোধ গড়ে তোলে উলভার্ডট-ট্রাইয়ন জুটি । যোগ হয় 61 রান ।
An innings for the ages by Nadine de Klerk to help South Africa beat India at #CWC25 👏
— ICC Cricket World Cup (@cricketworldcup) October 10, 2025
Watch her highlights ➡️ https://t.co/6mzOZlqDUA pic.twitter.com/JdUuCn3FMu
- ক্লার্কের স্মরণীয় ইনিংসে ম্যাচ জয়: অধিনায়িকা উলভার্ডট 70 রানে ফিরলে এরপর লড়াই শুরু নাদিন ডি ক্লার্কের । বল হাতে তিন উইকেটের পর ব্যাট হাতে ট্রাইয়ন খেলেন মূল্যবান 49 রানের ইনিংস । সপ্তম উইকেটে দু'জনে যোগ করেন 69 রান । এরপর ট্রাইয়ন ফিরলেও থামানো যায়নি ক্লার্ককে । ভারতীয় বোলারদের সব লড়াই ব্যর্থ করে সাত বল বাকি থাকতে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি ।
প্রথমে 40 বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন প্রোটিয়াদের আট নম্বর ব্যাটার । শেষ পর্যন্ত 54 বলে 84 রানে অপরাজিত থেকে যান তিনি । ক্লার্কের ইনিংস সাজানো আটটি চার ও পাঁচ ছক্কায় । সাত উইকেট হারিয়ে সাত বল বাকি থাকতে 252 রান তুলে ম্যাচ জিতে নেয় প্রোটিয়ারা । প্রথম ম্যাচে 69 রানে অলআউট হয়ে যাওয়ার পর টানা দু'ম্যাচ জিতে সেমিফাইনালের লড়াইয়ে দারুণভাবে ফিরল দক্ষিণ আফ্রিকা । তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে চারে উঠে এল তাঁরা । একই পয়েন্ট নিয়ে তিনে টিম ইন্ডিয়া ।

