একাধিক শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের মা, কেমন আছেন এখন ?
হাসপাতাল সূত্রে খবর, মূত্রনালিতে সংক্রমণের মত সমস্য়া দেখা দিয়েছে নিরূপা দেবীর ৷

Published : August 13, 2025 at 12:01 PM IST
কলকাতা, 13 অগস্ট: আগামী কয়েকদিন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকতে হবে তাঁকে ৷ তবে আপাতত ভালো আছেন নিরূপা গঙ্গোপাধ্য়ায় ৷ সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের মায়ের অবস্থা স্থিতিশীল ৷ অসুস্থতা নিয়ে মঙ্গলবার রাতে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্টের মা'কে ৷
গতকাল সন্ধেয় সিএবি'তে থাকার সময় মায়ের অসুস্থতার খবর পান সৌরভ ৷ উৎকণ্ঠা গ্রাস করে তাঁকে ৷ তড়িঘড়ি সিএবি ছেড়ে বেরিয়ে যান তিনি ৷ রাতেই বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় নিরূপা গঙ্গোপাধ্য়ায়কে ৷ তাঁর অসুস্থতার খবরে উৎকণ্ঠা গ্রাস করে গঙ্গোপাধ্যায় পরিবারে ৷ উদ্বিগ্ন সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের দাদা তথা সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্য়ায়ও ৷ তবে বুধবার সকালে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত স্থিতিশীল রয়েছেন নিরূপা দেবী ৷ আগামী কয়েকদিন হাসপাতালের পর্যবেক্ষণে রাখা হবে তাঁকে ৷
গঙ্গোপাধ্যায় পরিবার সূত্রে খবর, গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন নিরূপা দেবী ৷ সঙ্গে গলা ব্যথার মতো কিছু উপসর্গও রয়েছে তাঁর ৷ চিকিৎসকদের পরামর্শ মেনেই চলছিল শুশ্রূষা ৷ যদিও শারীরিক পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি ৷ ফলত পুনরায় চিকিৎসকের পরামর্শে মা'কে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেন সৌরভ এবং তাঁর দাদা স্নেহাশিস ৷ 76 বছর বয়সী নিরূপা দেবী আগেও একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিভিন্ন অসুস্থতায় ৷ 2021 সালে করোনা আক্রান্তও হয়েছিলেন তিনি ৷
জ্বর-গলা ব্যথা ছাড়াও বয়সজনিত নানা শারীরিক সমস্যা রয়েছে নিরূপা গঙ্গোপাধ্য়ায়ের ৷ হাসপাতাল সূত্রে খবর, মূত্রনালি সংক্রমণ বা ইউরিনাল ইনফেকশনের সমস্যাও রয়েছে প্রাক্তন বোর্ড প্রেসিডেন্টের মা'য়ের ৷ সেই সকল সমস্য়া থেকেই এবারে অসুস্থতা গুরুতর বলে মনে করা হচ্ছে ৷ এছাড়াও বয়সজনিত বিভিন্ন সমস্যা থাকায় নিরূপা দেবীর বাড়তি সাবধানতা মেনে চলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা ৷ ঝুঁকি না-নিয়ে তাই তাঁকে বাইপাসের বেসরকারি হাসপাতালে ভর্তি করে চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে ৷ তবে তাঁর স্থিতিশীলতার খবরে আপাতত স্বস্তি গঙ্গোপাধ্য়ায় পরিবারে ৷
দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন নিরূপা গঙ্গোপাধ্য়ায় ৷ 2021 সালে করোনা আক্রান্ত হওয়ার পর আরও দুর্বল হয়ে পড়েন তিনি ৷ সেবার আলিপুরের এক বেসরকারি হাসপাতালে দীর্ঘদিন ভর্তি ছিলেন তিনি ৷ ওই বছরের শুরুতে হৃদযন্ত্রের সমস্য়া নিয়ে হাসপাতালে যেতে হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্য়ায়কে ৷ শারীরিক অসুস্থতার কারণে সৌরভের হাসপাতালে ভর্তি হওয়ার খবর জানানো হয়েছিল না নিরূপা দেবীকে ৷

