সামনেই পুজো, বাজারে চলে এল সৌরভের ফ্যাশন ব্র্যান্ড 'সৌরাগ্য'
পুজোর আগেই বিরাট চমক মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের। চলে এল দাদা-র নতুন জামাকাপড়ের ব্র্যান্ড। পায়জামা-পাঞ্জাবীতে ব়্যাম্পে হেঁটে চমকে দিলেন সৌরভ ৷

Published : September 15, 2025 at 8:59 PM IST
কলকাতা, 15 সেপ্টেম্বর: দুর্গাপুজোর আর পনেরো দিনও বাকি নেই ৷ উমার মর্ত্যে আগমনে বাঙালির উৎসবের পারদ তুঙ্গে ! শুরু হয়ে গিয়েছে কেনাকাটা ৷ আর পুজোর আগেই বিরাট চমক দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসবের আগে বাঙালিয়ানা পোশাকের নতুন ধারা সামনে নিয়ে এলেন দাদা। সোমবার সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁর নতুন জামাকাপড়ের ব্র্যান্ড 'সৌরাগ্য'র প্রকাশ করালেন।
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক জামাকাপড়ের এক্সক্লুসিভ ব্র্যান্ড লঞ্চে দেখা দিলেন পায়জামা-পাঞ্জাবীতে ৷ কলকাতার বুকে সোমবারের সন্ধ্যায় নিজের ব্র্যান্ডের পোশাক পরে ব়্যাম্প ওয়াকে সৌরভ। বাঙালির পোশাকে সৌরভের নতুন নাম এখন 'সৌরাগ্য'। আসন্ন পুজোর কথা মাথায় রেখে সাধারণের কেনার ক্ষমতার মধ্যে সৌরাগ্যের পোশাক বিপণির দাম রাখা হয়েছে।
নিজের পোশাক বিপণির প্রকাশ অনুষ্ঠান এসে সৌরভ জানালেন তাঁর পছন্দ-অপছন্দের কথা। সৌরভ থাকবেন আর ক্রিকেটীয় প্রশ্ন থাকবে না তা হয় না। স্বাভাবিকভাবে প্রশ্ন করলেন সাংবাদিকরা। প্রশ্ন অবশ্যই এশিয়া কাপে ভারত-পাকিস্তান ক্রিকেটীয় সম্পর্ক নিয়ে। সৌরভ বলছেন, সন্ত্রাসবাদ বন্ধ হওয়া উচিত ৷ আর খেলা খেলার মতো চলা উচিত। শুধু দু'দেশের মধ্যে নয়, সন্ত্রাসবাদ পুরো বিশ্বজুড়ে বন্ধ হওয়া উচিত।"
উল্লেখ্য, এশিয়া কাপের মঞ্চে দলকে ম্য়াচ জেতানোর পর পাক ক্রিকেটারদের সঙ্গে হাত মেলানোর বদলে সোজা সাজঘরের উদ্দেশে হাঁটা দেন অধিনায়ক সূর্যকুমার যাদব এবং শিবম দুবে ৷ ভারতীয় ক্রিকেটারদের এই আচরণকে 'অখেলোয়াড়সুলভ' আখ্য়া দিয়ে অভিযোগের রাস্তায় হেঁটেছে পাকিস্তান ক্রিকেট ৷ যা নিয়ে ক্রিকেট বিশ্ব উত্তাল।
ম্যাচের 24 ঘণ্টা পরও এই ঘটনার প্রতিক্রিয়া জানতে চাওয়া হয় সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে। প্রাক্তন ভারত অধিনায়ক বলছেন, এই প্রশ্নের উত্তর একমাত্র সূর্যকুমার যাদব দিতে পারবেন। তবে, ভারত-পাকিস্তান ম্যাচ তিনি প্রথম 15 ওভারের পর থেকে আর দেখিনি। টেলিভিশন চ্যানেল বদলে ফুটবল ম্যাচ দেখছিলাম। পাকিস্তান আর কোনও প্রতিদ্বন্দ্বী নয়। আগের বিখ্যাত ক্রিকেট চরিত্র আর ওই দলে নেই। ভারতীয় দল এশিয়া পর্যায়ের নিরিখে অনেক এগিয়ে। বিশ্ব ক্রিকেটেও এগিয়ে রয়েছে।
বলা হয় সৌরভ উত্তম কুমার পরবর্তী বাঙালির সবচেয়ে বড় আইকন। যাঁর আর্ন্তজাতিক পরিচিতি রয়েছে। তাঁর পোশাক পছন্দ কেমন তা জানতে সবার আগ্রহ। সৌরভ বলছেন, বাঙালি ধুতি-পাঞ্জাবী নয়, পায়জামা-পাঞ্জাবী সবচেয়ে পছন্দের। তাতেই স্বচ্ছন্দ। তাঁর কথায়, "ধুতি আমি বিয়ের সময় পরেছিলাম। তারপর এই পোশাক বিপণির শুটিংয়ে। আমি পুজোর সময় পাঞ্জাবী-পায়জামাই পরি। এখন, ডোনা এবং সানার পছন্দে জামাকাপড় কেনা হয়।"

