তিন নম্বরে এখনও সুযোগ রয়েছে ঈশ্বরণের, আশাবাদী সৌরভ
ভারতীয় পেস বোলিংয়ে বর্তমানে সিরাজকেই নেতা বলছেন মহারাজ ৷

Published : August 10, 2025 at 5:36 PM IST
কলকাতা, 10 অগস্ট: সদ্য শেষ হয়েছে ভারতের ইংল্য়ান্ড সফর ৷ আনকোরা দল নিয়ে নয়া অধিনায়ক শুভমন গিল বিলেতভূম থেকে 2-2 সিরিজ ড্র করে ফেরায় প্রশংসা চলছে ৷ বোলিং বিভাগে সিরিজজুড়ে মহম্মদ সিরাজের দুর্ধর্ষ পারফরম্যান্স নিয়ে যেমন চর্চা চলছে, তেমনই প্রশংসা হচ্ছে ইংল্য়ান্ডে ভারতীয় ব্যাটিং নিয়ে ৷ সেখানে এক থেকে ছয় নম্বর ব্য়াটারদের সকলেই সেঞ্চুরি হাঁকালেও একটি পজিশনে খামতি থেকে গিয়েছে ৷ সৌরভ গঙ্গোপাধ্য়ায়ও উদ্বিগ্ন টেস্টে ভারতীয় ব্য়াটিংয়ে তিন নম্বর জায়গাটা নিয়ে ৷
রবিবার একটি বহুজাতিক রান্নার তেল সংস্থার প্রোমোশনাল ইভেন্টে যোগ দিয়েছিলেন মহারাজ ৷ সেখানে ব্য়াটিং-অর্ডারে তিন নম্বর জায়গা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি ৷ এই প্রসঙ্গে অভিমন্যু ঈশ্বরণ দলে থাকা সত্ত্বেও একাদশে বাংলা ক্রিকেটারের সুযোগ না-পাওয়ার বিষয়টি সামনে এসেছে ৷ মহারাজ অবশ্য হতাশ হওয়ার বদলে আশাবাদী ৷ তিনি বলেন, "ও (অভিমন্যু ঈশ্বরণ) সুযোগ পাবে। বয়স আছে ৷ আমি আশাবদী ৷ ওর সময় শেষ হয়ে যায়নি। সবাই রান করেছে ৷ সকল পজিশনের ব্যাটাররা রান করেছে, কিন্তু তিন নম্বর ব্যাটার রান পায়নি ৷ হতে পারে আগামিদিনে সেই জায়গায় ঈশ্বরণকে সুযোগ দেওয়া হবে ৷ আমি চাই আগামিদিনে সুযোগ দেওয়া হলে অন্তত টানা চার-পাঁচ ম্যাচ ওকে সুযোগ দেওয়া হয় ৷"
মহম্মদ সিরাজের পারফরম্যান্স নিয়ে সকলেই প্রশংসায় পঞ্চমুখ ৷ ইংল্যান্ড সফরে ভারতীয় বোলিংকে নেতৃত্ব দিয়েছেন তিনি ৷ সৌরভ বলছেন, "সিরাজ অনবদ্য ৷ ভারতীয় ক্রিকেটের রোল-মডেল ৷ বুমরা কীভাবে কতদিন খেলবে তা সময় বলবে ৷ তবে সিরাজ দেখিয়েছে ধারাবাহিকভাবে ও পারফরম্যান্স করতে সক্ষম ৷ টানা চারটি টেস্ট খেলার পরেও শেষ টেস্টের পঞ্চমদিনে ওই স্পেল ভোলা যায় না ৷ সত্যিই অসাধারণ ৷ ভারতীয় বোলিংয়ে এই মুহূর্তে সিরাজই লিডার ৷"
এশিয়া কাপ দুয়ারে কড়া নাড়ছে ৷ আগামী বছর বিশ্বকাপের কথা মাথায় রেখে টি-20 ফরম্যাটে হবে খেলা ৷ ফলত বিরাট কোহলি, রোহিত শর্মাকে ভারতীয় দলে পুনরায় দেখতে অনুরাগীদের আরও ধৈর্য্য ধরতে হবে ৷ তবে ইংল্যান্ড সফরে শুভমান গিলের নেতৃত্বাধীন নতুন ভারতের পারফরম্যান্স দেখে প্রশ্ন উঠছে কোহলি-রোহিতের প্রয়োজনীয়তা নিয়ে ৷ সৌরভ অবশ্য বলছেন, "এটা সময় বলবে। ওরা কেমন পারফরম্যান্স করে তা দেখেই সবকিছু নির্ভর করবে ৷"

