নজিরে ছয়লাপ এজবাস্টন ! বিশ্ববন্দিত ইনিংসে গিলের ঝুলিতে আশ্চর্য সব রেকর্ড
টেস্ট কেরিয়ারের প্রথম ডাবল টনে গিল এজবাস্টনে ছুঁয়েছেন বহু মাইলস্টোন । তার মধ্যে ন'টি উল্লেখ করা হল প্রতিবেদনে ।

Published : July 4, 2025 at 1:40 AM IST
হায়দরাবাদ, 4 জুলাই: ম্যাচের ফলাফল দূরে সরিয়ে রাখা যাক । লিডসে অধিনায়ক হিসেবে আত্মপ্রকাশ টেস্টে ব্যাটার শুভমন গিল যদি ট্রেলার দেখিয়ে থাকেন, এজবাস্টনে নিঃসন্দেহে তাঁর ব্যাটে পূর্ণদৈর্ঘ্যের ছবি দেখল ক্রিকেটজনতা। যে ছবির পরতে পরতে রয়েছে অ্যাকশন, থ্রিলার, ড্রামা সবকিছু ।
এশিয়ার বাইরে ব্যাটিং গড় মাত্র 25 । অধিনায়ক ঘোষিত হওয়ার পর মানদণ্ড হিসেবে এই পরিসংখ্যান তুলে ধরে যাঁরা গিলকে নিয়ে নাক সিঁটকেছিলেন, এজবাস্টনে ভারত অধিনায়কের 269 রানের ইনিংস তাঁদের গালে যেন চপেটাঘাতের মত । সে যাইহোক । 509 মিনিট ক্রিজে থেকে 387 বলে 269 রান । আর এই ইনিংস খেলার পথে ভারত অধিনায়ক মারলেন 30টি চার এবং তিনটি ছক্কা । সঙ্গে নাম খোদাই করে নিলেন গুচ্ছ রেকর্ডে । সেইসব রেকর্ডই একনজরে-
🚨 𝗠𝗶𝗹𝗲𝘀𝘁𝗼𝗻𝗲 𝗔𝗹𝗲𝗿𝘁 🚨
— BCCI (@BCCI) July 3, 2025
Highest Score for a #TeamIndia captain in an innings of a Test match 🔝
Well done, Captain Shubman Gill 🙌 🙌
Updates ▶️ https://t.co/Oxhg97g4BF#ENGvIND | @ShubmanGill pic.twitter.com/oxCSBXOEvR
- এজবাস্টন টেস্টে গিলের 269 রান ভারত অধিনায়ক হিসেবে লাল-বলের ক্রিকেটে সর্বাধিক । 2019 সালে পুনেতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে করা বিরাট কোহলির 254 রান এতদিন ছিল সর্বোচ্চ ।
- এশিয়ার প্রথম টেস্ট অধিনায়ক হিসেবে বিলেতে দ্বিশতরানের রেকর্ড ৷
- গিলের এদিনের 269 রান এশিয়ার বাইরে ভারতীয় ব্যাটার হিসেবে সর্বাধিক টেস্ট রানের ইনিংসও বটে । এক্ষেত্রে 2004 সালে সিডনিতে সচিন তেন্ডুলকরের করা 241 রানের নজির ভেঙে দিলেন বছর তেইশের ক্রিকেটার ।
- মুলতানে বীরেন্দ্র সেহওয়াগের 309 রান, রাওয়ালপিন্ডিতে রাহুল দ্রাবিড়ের 270 রানের পর গিলের এজবাস্টনের ইনিংস অ্যাওয়ে টেস্টে ভারতীয়দের মধ্যে তৃতীয় সর্বাধিক ।
- এর আগে কেবল দুই ভারতীয় ব্যাটারের ঝুলিতে বিলেতে টেস্ট দ্বিশতরানের নজির ছিল । 1979 সালে ওভালে সুনীল গাভাসকর করেছিলেন 221 রান । পরবর্তীতে 2002 সালে একই ভেন্যুতে রাহুল দ্রাবিড় খেলেছিলেন 217 রানের ইনিংস । বৃহস্পতিবার তৃতীয় ভারতীয় ব্য়াটার হিসেবে বিলেতে ডাবল-সেঞ্চুরি এল শুভমন গিলের ব্যাটে ।
- গিলের 269 রান সার্বিকভাবে টেস্ট ক্রিকেটে ভারতীয়দের মধ্যে সপ্তম সর্বাধিক রানের ইনিংস ।
- গিলের আগে সফরকারী ব্যাটার হিসেবে এজবাস্টনে দ্বিশতরানের নজির ছিল মাত্র দু'জনের । তাঁরা হলেন গ্রেম স্মিথ (277) এবং জাহির আব্বাস (274) । গিল দু'জনের সঙ্গে বসলেন একাসনে ।
- শুভমন গিলকে ধরলে এ যাবৎ ক্রিকেট বিশ্বে মাত্র সাত ক্রিকেটার অধিনায়ক হিসেবে প্রথম দু'টি টেস্টেই শতরানের নজির গড়েছেন । আগে এই নজিরে নাম ছিল বিজয় হাজারে, সুনীল গাভাসকর, বিরাট কোহলি, জ্যাকি ম্যাকগ্লিউ, অ্যালিস্টার কুক এবং গ্রেম স্মিথের ঝুলিতে ।
- ওয়ান-ডে এবং টেস্ট ক্রিকেটে দ্বিশতরানের রেকর্ড গড়া বিশ্বের পঞ্চম ব্যাটার হলেন শুভমন গিল । ভারতীয় সমৃদ্ধ এই তালিকার বাকিরা হলেন- সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সেহওয়াগ, রোহিত শর্মা এবং ক্রিস গেইল ।
- টস হেরে প্রথমে ব্যাট করতে নামা ভারতীয় ব্যাটার হিসেবে গিলের 269 রানের ইনিংসটাই সর্বোচ্চ ।
A majestic knock from Shubman Gill at Edgbaston 👏#WTC27 | #ENGvIND ✍️: https://t.co/8QvEUTHP6p pic.twitter.com/je8K1u9bX0
— ICC (@ICC) July 3, 2025
নজিরে ছয়লাপ অধিনায়ক গিলের ইনিংসের সৌজন্যে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে 587 রানের বিশাল ইনিংস খাড়া করেছে ভারত । 89 রান আসে রবীন্দ্র জাদেজার ব্যাটে । ওয়াশিংটন সুন্দর করেন 42 রান । জবাবে দ্বিতীয়দিনের শেষে তিন উইকেট হারিয়ে 'থ্রি-লায়ন্স' ব্রিগেড 77 রান তুলেছে । ভারতের থেকে এখনও 510 রানে পিছিয়ে তাঁরা । জোড়া উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরার পরিবর্ত আকাশদীপ । ক্রিজে 18 রানে ব্যাট করছেন জো রুট । 30 রানে অপরাজিত হ্যারি ব্রুক ।

