ETV Bharat / sports

'ব্র্যাঘ্রগর্জনে' ইডেনে সেমিফাইনালের গন্ধ মুম্বই শিবিরে

ইডেনে রঞ্জির শেষ চারে অ্যাডভান্টেজ মুম্বই ৷ শার্দূলের হাফডজন উইকেটে প্রথম ইনিংসে লিড রাহানে অ্যান্ড কোম্পানির ৷

SHARDUL THAKUR
ইডেনে ছয় উইকেট শার্দূলের (ETV Bharat)
author img

By ETV Bharat Sports Team

Published : February 10, 2025 at 8:09 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 10 ফেব্রুয়ারি: ইডেনে মুম্বই বনাম হরিয়ানা ম্য়াচে 'ব্যাঘ্রগর্জন'। আর তাতেই রঞ্জি ট্রফির সেমিফাইনাল নিশ্চিত করার পথে মুম্বই ৷ শেষ আটের তৃতীয়দিন ক্রিকেটের নন্দনকাননে মুম্বইয়ের নায়ক শার্দূল ঠাকুর ৷ জাতীয় দলের পাশাপাশি 2025 আইপিএল নিলামেও ব্রাত্য অলরাউন্ডারের দাপটেই কোয়ার্টার ফাইনালে পিছিয়ে পড়ল হরিয়ানা ৷ পাঁচ উইকেটে 263 রান নিয়ে খেলা শুরু করে তৃতীয়দিন মর্নিং সেশনে হরিয়ানা অলআউট 301 রানে। প্রথম ইনিংসে 14 রানের লিড তুলে নেওয়ার সঙ্গে সঙ্গেই শেষ চার কার্যত নিশ্চিত করে ফেলে মুম্বই। তৃতীয়দিনের শেষে দ্বিতীয় ইনিংসে মুম্বই চার উইকেটে 278।

প্রতিপক্ষ হরিয়ানার থেকে আপাতত 292 রানে এগিয়ে মুম্বই। উইকেটে রয়েছেন আজিঙ্কা রাহানে (88) এবং শিবম দুবে (30)। দু'দিনের খেলা এখনও বাকি ৷ তাই মুম্বই যে কোনওভাবেই দ্রুত ইনিংসের পরিসমাপ্তি ঘোষণা করবে না, তা দিনের শেষ জানিয়ে দিলেন শার্দূল ৷ যতটা সম্ভব ব্যাটিং করে দ্বিতীয় ইনিংসে বড় রানের বোঝা হরিয়ানার উপর চাপিয়ে দেওয়াই লক্ষ্য রঞ্জির সবচেয়ে সফল দলের।

শার্দূলের বক্তব্য (ETV Bharat)

হরিয়ানার বিরুদ্ধে মুম্বইয়ের এই ম্যাচ বেশ কয়েকজন ক্রিকেটারের কাছে প্রত্যাবর্তনের ম্যাচ। ভারতের টি-20 অধিনায়ক সূর্যকুমার যাদব ইডেনে রানে ফিরলেন এদিন। প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে 'স্কাই' করলেন 70 রান। ভয়ডরহীন ক্রিকেটে মারলেন আটটি বাউন্ডারি এবং দু'টি ওভার বাউন্ডারি ৷ চেনা ইডেনে ছন্দে অধিনায়ক আজিঙ্কা রাহানেও। দিনের শেষে সেঞ্চুরি থেকে 12 রান দূরে তিনি। 142 বল খেলে 10টি বাউন্ডারি সহযোগে 88 রানে অপরাজিত জিঙ্কস।

তবে ইডেনে এদিন সবচেয়ে ঝকঝকে পারফরম্যান্স নিঃসন্দেহে শার্দূলের। অস্ট্রেলিয়া সফরে জায়গা পাননি, আইপিএলে কোনও দল তাঁকে নেয়নি। একজন অলরাউন্ডারের হঠাৎ করে লাইমলাইট থেকে ছিটকে যাওয়া নিশ্চিতভাবে হতাশার। শার্দূল তাই জাতীয় দলে পুনরায় ফেরাকেই পাখির চোখ করছেন। ভারতীয় দল এবং আইপিএল থেকে ছিটকে যাওয়াকে কার্যত পাত্তা না-দিয়ে নতুন করে স্টান্স নিচ্ছেন। সুবিধাজনক জায়গায় থেকেও হরিয়ানার বেকায়দায় পড়ার কারণ শার্দূলের আগুনে স্পেলই। ইডেনে সকালের উইকেট এবং আবহাওয়াকে কাজে লাগিয়ে হরিয়ানার বাকি পাঁচ উইকেট তুলে নেন ডানহাতি অলরাউন্ডারই।

ফলস্বরূপ 263/5 থেকে 301 রানে শেষ হরিয়ানা। ভারতীয় দলের হয়ে লাল-বলের ক্রিকেটে সূর্যকুমার কিংবা রাহানে ভাবনায় নেই। তবে শার্দূল রয়েছেন। দেশের জার্সিতে আটটি টেস্ট খেলা ক্রিকেটার তাই বলছেন, "ভারতীয় দলে প্রত্যাবর্তনের আশা সবসময় রয়েছে। যা হয়েছে তা নিয়ে না-ভেবে যেটুকু সুযোগ পাচ্ছি তা কাজে লাগিয়ে তৈরি থাকতে চাই।" চলতি বছর ইংল্যান্ড সফরের ভাবনা মাথায় রয়েছে। তাই কাউন্টি খেলার সুযোগ পেলে কাজে লাগাতে চান শার্দূল ৷

আরও পড়ুন: