ETV Bharat / sports

'অদ্য শেষ রজনী' রোহিতের? ডেপুটির মন্তব্যে কু ডাকছে অনুরাগীদের মন

চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের প্রাক-ম্য়াচ সাংবাদিক সম্মেলনে হাজির হলেন না রোহিত শর্মা ৷ যা তাঁর অবসর জল্পনা ভীষণভাবে জোরালো করল ৷

ROHIT SHARMA
রোহিত শর্মা (AP)
author img

By ETV Bharat Sports Team

Published : March 9, 2025 at 12:37 PM IST

3 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ, 9 মার্চ: ঠিক এমনই একটা আবহ তৈরি হয়েছিল বর্ডার-গাভাসকর ট্রফির শেষ ম্যাচের আগে ৷ লাল-বলের ক্রিকেট থেকে তাঁর অবসর জল্পনায় মুখর হয়েছিল ক্রিকেটমহল ৷ শেষ টেস্ট থেকে সরেও দাঁড়িয়েছিলেন ফর্ম হাতড়ে বেড়ানো রোহিত গুরুনাথ শর্মা ৷ সেই একই ছবি ফিরে এল দুবাইয়ে রবিবাসরীয় চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের আগে ৷ মরুশহরে আজ ম্য়াচের পরই কি ওডিআই থেকে অবসরে অধিনায়ক ? ভারতের ট্রফিজয়ের থেকেও ফাইনালের আগে এই প্রশ্নটা বড় হয়ে দেখা দিচ্ছে কোথাও-কোথাও ৷

বর্ডার-গাভাসকর ট্রফির পর তাঁর সঙ্গে সঙ্গে বিরাট কোহলির অবসর জল্পনা নিয়েও লেখালেখি হয়েছে বিস্তর ৷ কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফর্মে ফিরে নিন্দুকদের চুপ করিয়ে দিয়েছেন 'চেজমাস্টার' ৷ কিন্তু রোহিত শর্মা ? চলতি আইসিসি ইভেন্টেও কথা বলেনি 'হিটম্যান'-এর ব্য়াট ৷ ওডিআই ক্রিকেটে তিনটি দ্বিশতরান যাঁর নামে, তাঁর ব্য়াটে এমন রানখরা সত্যিই কি শোভা পায় ? জল্পনাটা আরও বাড়ল শনিবার প্রাক-ম্যাচ সাংবাদিক সম্মেলনের সময় থেকে ৷ বিশ্বকাপের প্রায় সমগোত্রীয় একটা টুর্নামেন্টের ফাইনালে নামছে ভারতীয় দল, অথচ প্রাক-ম্যাচ সাংবাদিক সম্মেলনে গরহাজির দলের অধিনায়ক ৷ পরিবর্তে এলেন ডেপুটি শুভমন গিল ৷ কিন্তু কেন ?

ব্যস, তারপরই যেন কিংবদন্তির অবসর ভাবনাটা আরও প্রকট হল ৷ অবস্থা এমনই যে ফলাফল যাই হোক, ওডিআই ক্রিকেটে রবিবারই যেন শেষ রজনী রোহিতের ৷ ঠিক যেমন গতবছর টি-20 বিশ্বকাপ জয়ের পর সংক্ষিপ্ত ফরম্যাটকে আলবিদা জানিয়েছিলেন মুম্বইকর ৷ গিল সাংবাদিক সম্মেলনে আসায় ইতিউতি প্রশ্ন, তাহলে কি অবসর গুঞ্জন নিয়ে প্রশ্নের বাউন্সার এড়াতেই অনুপস্থিত রোহিত ? তার উত্তর না-জানা থাকলেও অনুরাগীদের মনে কু ডাকা শুরু হল সম্মেলনের শেষে রোহিত সংক্রান্ত একটি প্রশ্নে তাঁর ডেপুটির উত্তর শুনে ৷ কী বললেন গিল ?

রোহিতের উত্তরসূরি হিসেবে ভাবা হচ্ছে যাঁকে, সাংবাদিকরা তাঁর কাছে জানতে চান রবিবার ফাইনালের পরই কি চরম সিদ্ধান্তটা নেবেন 'হিটম্য়ান' ৷ উত্তরে গিল বলেন, "এই ব্যাপারে সাজঘরে কোনও আলোচনা হয়নি ৷ ফাইনাল কীভাবে জেতা যায় তা নিয়েই চর্চা চলছে কেবল ৷ এ ব্যাপারে সে (রোহিত) আমায় বা দলকে কিছু জানায়নি ৷ আমার মনে হয় রোহিতও ফাইনালেই সম্পূর্ণ মনোনিবেশ করছে ৷ হয়তো ম্যাচের পরই সে এই ব্য়াপারে সিদ্ধান্ত নেবে ৷ তবে আমি এখনও কিছু শুনিনি ৷" গিলের কথায় জল্পনা আরও বাড়ে বৈকি ৷ কিন্তু এ পর্যন্তও ঠিক ছিল ৷

বিষয়টা আরও জটিল হল কিছুক্ষণ পর ৷ ম্যানেজারকে নিয়ে সাংবাদিক সম্মেলন রুমে আবার ফিরে আসেন গিল ৷ ম্য়ানেজারের তরফে বলা হয়, "আপনারা যেভাবে ভাবছেন বিষয়টা তেমন নয় ৷" কিন্তু কোন ভাবনা ? তাহলে কি রোহিতের বিদায়ের মঞ্চ প্রস্তুত ? উত্তর দেবে সময় ৷

আরও পড়ুন: