শিবাজী পার্কে অস্ট্রেলিয়া সফরের অনুশীলনে 'মুকুটহীন' রোহিত
অধিনায়ক হিসেবে মার্চে ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফি দেওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে 'হিটম্য়ান' ৷

Published : October 10, 2025 at 8:25 PM IST
মুম্বই, 10 অক্টোবর: সাদা-বলের ক্রিকেটে ভারতের সর্বকালের অন্যতম সেরা ব্যাটার তিনি ৷ শেষ দু'বছরে নেতা হিসেবেও সাফল্য উজাড় করে দিয়েছেন ৷ আসন্ন অস্ট্রেলিয়া সফরের জন্য ঘোষিত স্কোয়াডে তাঁর নাম থাকলেও নেতৃত্বের গুরুদায়িত্ব হাতছাড়া হয়েছে রোহিত গুরুনাথ শর্মার ৷ শুভমন গিল নয়া ওয়ান-ডে নেতা হওয়ায় একজন সাধারণ ব্য়াটার হিসেবেই ক্য়াঙারুর দেশের বিমান ধরবেন তিনি ৷ অস্ট্রেলিয়ায় উড়ে যাওয়ার আগে আগে শুক্রবার শিবাজী পার্কে 'হিটম্যান' লম্বা সময় ব্য়াটিং অনুশীলনে ডুবিয়ে রাখলেন নিজেকে ৷
কয়েক মাস আগে দেশকে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানো অধিনায়ক শিবাজী পার্কে ব্য়াট হাতে, অথচ দর্শক থাকবে না তা আবার হয় নাকি ৷ রোহিতের ব্য়াটিং অনুশীলন দেখতে এদিন ভিড় জমিয়েছিলেন শ'য়ে শ'য়ে সমর্থক ৷ আর অনুরাগীদের উপস্থিতি টের পেয়ে অনুশীলনে পেল্লাই সব ছক্কা হাঁকালেন ভারতীয় ক্রিকেটের 'হিটম্যান' ৷ সংবাদসংস্থা পিটিআই'য়ের রিপোর্ট অনুযায়ী ঘণ্টাদু'য়েক এদিন শিবাজী পার্কে কঠোর অনুশীলন সারেন সদ্য অধিনায়কত্বের মুকুট হারানো রোহিত ৷

তবে একা নন ৷ শিবাজী পার্কে এদিন রোহিত ছিলেন সস্ত্রীক ৷ বেটার-হাফকে অনুশীলনের পুরোটা সময়জুড়ে উৎসাহ জুগিয়ে যান স্ত্রী রীতিকা ৷ সঙ্গে রোহিত ছক্কা মারলে অনুরাগীদের চিৎকার তো ছিলই ৷ প্রাক্তন ভারত অধিনায়কের অনুশীলনের ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷ জাতীয় দলের প্রাক্তন সহকারী কোচ অভিষেক নায়ার এদিন শিবাজী পার্কে ছিলেন রোহিতের অনুশীলন তদারকিতে ৷ উপস্থিত ছিলেন কলকাতা নাইট রাইডার্সে খেলা মুম্বই ব্য়াটার অঙ্গকৃশ রঘুবংশীও ৷ অনুশীলনের আগে ও পরে পার্কে উপস্থিত অনুরাগীদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন জোড়া আইসিসি ট্রফি জয়ী দলনায়ক ৷
The sweep shot from Rohit Sharma during today's practice session.👌🏼🔥 pic.twitter.com/AnxwL8NTEW
— 𝐑𝐮𝐬𝐡𝐢𝐢𝐢⁴⁵ (@rushiii_12) October 10, 2025
অধিনায়কত্ব গেলেও দলের ট্রানজিশন পিরিয়ডে তরুণ নেতা গিল রোহিতের থেকে অনেক সাহায্য পেতে পারেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷ অস্ট্রেলিয়া সফরে হয়তো তেমন ভূমিকাতেই দেখা যাবে প্রাক্তন অধিনায়ককে ৷ তবে দীর্ঘ কয়েকমাস পর আন্তর্জাতিক ক্রিকেটে রোহিতের ব্য়াটিং দেখতে সবচেয়ে বেশি মুখিয়ে অনুরাগীরা ৷ এরইমধ্যে জল্পনা যে, অজি সফরের পর বছরের শেষদিকে ঘরোয়া ক্রিকেটে দেখা যাবে রোহিত শর্মা-বিরাট কোহলিকে ৷ আগামী বছরের শুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজের আগে বিজয় হাজারে ট্রফি খেলবেন দুই মহাতারকা ৷

