'ইংল্য়ান্ড সফরে দেখতে চাই', আইপিএলের এই নতুন তারার হয়ে ব্য়াট ধরলেন শাস্ত্রী
কেবল আইপিএলের পারফরম্য়ান্সই নয় ৷ ওই ক্রিকেটার ইংল্যান্ডের আবহাওয়ার সঙ্গেও মানানসই হবেন বলেও মত প্রাক্তন ভারতীয় কোচের ৷

Published : May 2, 2025 at 1:43 PM IST
হায়দরাবাদ, 2 মে: ন'ম্যাচে ইতিমধ্যেই ঝুলিতে 456 রান ৷ 150 স্ট্রাইক-রেটে গড় পঞ্চাশেরও বেশি ৷ গুজরাত টাইটান্সের বছর তেইশের ওপেনার সাই সুদর্শনে মোহিত আইপিএল জনতা ৷ ক্রিকেটীয় ব্য়াকরণ মেনেই ব্যাটে ঝড় তুলছেন তিনি ৷ আর সুদর্শনের ধারাবাহিক পারফরম্যান্সে ভর করে গুজরাতের পারফরম্যান্সও চলতি আইপিএলে চমকপ্রদ ৷ তাই টাইটান্সের বাঁ-হাতি তরুণ এই ওপেনারকে ইংল্য়ান্ড সফরে ভারতীয় দলের টেস্ট স্কোয়াডে দেখতে চাইছেন রবি শাস্ত্রী ৷
গত ডিসেম্বর-জানুয়ারিতে অস্ট্রেলিয়া সফরে বর্ডার-গাভাসকর সিরিজে 1-3 ব্যবধানে ল্যাজেগোবরে হতে হয়েছে ভারতীয় দলকে ৷ সেইসঙ্গে টানা তৃতীয়বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেরও স্বপ্নভঙ্গ হয়েছে ভারতের ৷ তাই আসন্ন ইংল্য়ান্ড সফরে ভারতীয় টেস্ট স্কোয়াডে দেখা মিলতে পারে একাধিক নতুন মুখের ৷ সেই নতুন মুখের সারিতে সাই সুদর্শনের হয়ে জোরালো সওয়াল ভারতীয় দলের প্রাক্তন কোচের ৷
সাদা বলের ক্রিকেটে জাতীয় দলের হয়ে ইতিমধ্যেই তিন ম্য়াচ (ওডিআই) খেলা সুদর্শনের এবার সময় হয়েছে লাল বলের ক্রিকেটে আত্মপ্রকাশের ৷ আইসিসি রিভিউ'কে মতামত প্রদানে এমনটাই জানালেন শাস্ত্রী ৷ প্রাক্তন অলরাউন্ডার বলেন, "তরুণ তুর্কি সাই সুদর্শনকে আমি ভারতীয় দলের হয়ে সকল ফরম্য়াটে দেখতে চাই ৷" তাঁর সংযোজন, "ওর মধ্যে তুখোড় ক্রিকেটার হওয়ার সব মশলা রয়েছে ৷ আমার নজর সবসময় ওর দিকে রয়েছে ৷"
এহেন শাস্ত্রীয় বচনের নেপথ্যে আরও একটা যুক্তি রয়েছে ৷ 2023 ও 2024 মরশুমে সারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ায় ইংল্যান্ডের আবহাওয়ার সঙ্গেও পরিচিত সুদর্শন ৷ কাউন্টি চ্যাম্পিয়নশিপে তাঁর সংগ্রহে রয়েছে 281 রান (পাঁচ ম্য়াচ) ৷ তাই সবদিক বিবেচনা করেই 29টি প্রথম শ্রেণির ম্য়াচ খেলা সুদর্শনের হয়ে ব্য়াট ধরছেন শাস্ত্রী ৷
Some interesting calls from Ravi Shastri on who should win selection for India’s Test squad against England 👀https://t.co/2ECoqekJ7J
— ICC (@ICC) May 2, 2025
শাস্ত্রীর কথায়, "বাঁ-হাতি ব্যাটার, তার উপর ইংল্যান্ডের আবহাওয়ার সঙ্গে পরিচিত ৷ আর যে টেকনিকে ও খেলছে তাতে নতুন কোনও ক্রিকেটারকে যদি দলে অন্তর্ভুক্ত করা হয় (ইংল্য়ান্ড সফরে) তাহলে আমার পছন্দের তালিকায় প্রথমে ও-ই (সাই সুদর্শন) থাকবে ৷"

