ETV Bharat / sports

টেস্টে 31,258 বল খেলার বিশ্বরেকর্ড, 'দ্য ওয়ালে'র স্বপক্ষে প্রমাণ দ্রাবিড়ের এই কীর্তি

টেস্ট ক্রিকেটে একমাত্র ব্যাটার হিসেবে 30 হাজারেরও বেশি বল খেলার নজির রয়েছে রাহুল দ্রাবিড়ের ৷ রইল সেই রেকর্ডের বিস্তারিত ৷

RAHUL DRAVID
রাহুল দ্রাবিড় (GETTY)
author img

By ETV Bharat Sports Team

Published : February 10, 2025 at 3:01 PM IST

2 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ, 10 ফেব্রুয়ারি: রাহুল শরদ দ্রাবিড় ৷ টেস্ট ক্রিকেটে একদা বিশ্বের তাবড় বোলারদের 'মসিহা' ৷ ভারতীয় ক্রিকেটের 'দ্য ওয়াল' ৷ না, বিধ্বংসী ব্যাটিং নয়, বরং ধীরস্থির ব্যাটিং এবং ক্রিজ আঁকড়ে পড়ে থাকার অদম্য জেদই তাঁকে আলাদা করেছে বাকিদের থেকে ৷ ব্যাটিংয়ের নির্দিষ্ট ব্যাকরণ মেনে লাল বলের ক্রিকেটকে যিনি পৌঁছে দিয়েছিলেন এক অন্য উচ্চতায় ৷

ক্রিজে আঁকড়ে পড়ে থেকেও টেস্ট ক্রিকেটে 36টি শতরান এবং প্রথম ভারতীয় হিসেবে পাঁচদিনের ক্রিকেটে পাঁচটি দ্বিশতরান ৷ টেস্টে শতরানের নিরিখে দ্রাবিড় এখনও পঞ্চম সর্বাধিক ৷ পিছনে ফেলেছেন সুনীল গাভাসকর, ব্রায়ান লারা, ডন ব্র্যাডম্যানদের ৷ এককথায় টেস্ট ক্রিকেটের ইতিহাসে রাহুল দ্রাবিড় 'অল টাইম গ্রেট'দের অন্যতম ৷ তবে শতরান, সর্বমোট রানের বাইরে গিয়ে রাহুল দ্রাবিড়ের ঝুলিতে রয়েছে এমন একটি ব্যাটিং রেকর্ড, যেখানে তিনি সকলের আগে ৷ পিছনে ফেলেছেন অ্যালান বর্ডার, জ্যাক কালিস, সচিন তেন্ডুলকরদের মত তাবড় নামদের ৷

RAHUL DRAVID
রাহুল দ্রাবিড় (GETTY)

এবার আসা যাক রেকর্ডে ৷ 1996-2012 টেস্ট ক্রিকেটে দেড় দশকেরও বেশি সময়ের কেরিয়ারে 164টি ম্যাচ খেলেছেন 'দ্য ওয়াল' ৷ 286 ইনিংসে তিনি খেলেছেন 31,258 বল ৷ ওভার হিসেব করলে যা প্রায় 5210 ওভারের মত ৷ যা ক্রিকেটের কুলীন ফরম্য়াটে বিশ্বরেকর্ড ৷ টি-20 ফরম্য়াটের যুগে বাইশ গজে আগামীতেও এই রেকর্ড কেউ ভাঙতে পারবেন কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে ৷ টেস্ট ক্রিকেটে 30 হাজার বল খেলা একমাত্র ব্য়াটার রাহুল দ্রাবিড়ই ৷

পাঁচদিনের ক্রিকেটে সর্বাধিক বল খেলার নিরিখে দ্বিতীয়স্থানে থাকা সচিন তেন্ডুলকর খেলেছেন 29,437 বল ৷ অর্থাৎ, বিশ্বরেকর্ডের নিরিখে স্বদেশীকে অনেকটাই পিছনে ফেলেছেন ভারতের প্রাক্তন 'মিস্টার ডিপেন্ডবল' ৷ 36টি শতরানের পাশাপাশি টেস্ট ক্রিকেটে দ্রাবিড়ের ব্যাট থেকে এসেছে 63টি অর্ধশতরানও ৷ সর্বাধিক স্কোর 270 ৷ ব্য়াটার ছাড়া ফিল্ডার হিসেবেও বর্ণময় টেস্ট কেরিয়ারে বিশ্বরেকর্ড রয়েছে দ্রাবিড়ের ৷ স্লিপ ফিল্ডিংকে অন্যভাবে সংজ্ঞায়িত করেছিলেন দ্রাবিড় ৷

নন-উইকেটকিপার হিসেবে টেস্টে রাহুল দ্রাবিড়ের ঝুলিতে রয়েছে 210টি ক্যাচ ৷ এটিও একটি বিশ্বরেকর্ড ৷ অবশ্য সক্রিয় ক্রিকেটার হিসেবে জো রুট (207) এবং স্টিভ স্মিথের (200) সামনে হাতছানি রয়েছে সেই রেকর্ড ভেঙে দেওয়ার ৷

টেস্ট ক্রিকেটে সর্বাধিক বল খেলা প্রথম পাঁচ:

  1. রাহুল দ্রাবিড়- 31,258 বল
  2. সচিন তেন্ডুলকর- 29,437 বল
  3. জ্যাক কালিস- 28,903 বল
  4. শিবনারায়ণ চন্দ্রপল- 27,395 বল
  5. অ্যালান বর্ডার- 27,002 বল

আরও পড়ুন: