ETV Bharat / sports

কোয়ার্টারে বিদায়, বিশ্ব চ্যাম্পিয়নশিপে ইতিহাসের অদূরে থামলেন সিন্ধু

মহিলা সিঙ্গলসের পাশাপাশি মিক্সড ডাবলসেও এদিন ভারতের পদক হাতছাড়া হল বিশ্ব চ্য়াম্পিয়নশিপে ৷

PV SINDHU
পিভি সিন্ধু (GETTY)
author img

By ETV Bharat Sports Team

Published : August 29, 2025 at 8:57 PM IST

3 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ, 29 অগস্ট: সাম্প্রতিক সময়ে খারাপ ফর্মের মধ্যে দিয়ে চললেও চলতি টুর্নামেন্টে নিজেকে অন্য উচ্চতায় মেলে ধরেছিলেন পুসারলা ভেঙ্কটা সিন্ধু ৷ প্রি-কোয়ার্টার ফাইনালে বৃহস্পতিবার বিশ্বের দু'নম্বর ঝি জি ওয়াংকে স্ট্রেট গেমে হারিয়েছিলেন হায়দরাবাদি শাটলার ৷ আর সেই পারফরম্য়ান্সের পর বিশ্ব চ্যাম্পিয়নশিপে সিন্ধুর ষষ্ঠ পদকজয়ের প্রত্যাশা আরও তীব্র হয়েছিল ৷ শুক্রবার প্য়ারিসে কোয়ার্টার ফাইনালে জিতলেই টুর্নামেন্টে ষষ্ঠ পদক নিশ্চিত করে ফেলতেন 2019-এর সোনাজয়ী ৷ কিন্তু বিশ্বের ন'নম্বরের কাছে হেরে সেই স্বপ্ন অধরা রয়ে গেল সিন্ধুর ৷

  • লড়ে হারলেন সিন্ধু: শুক্রবার প্রথম গেম হারের পর ইন্দোনেশিয়ার পুতরি কুসুমা ওয়ারদানির বিরুদ্ধে দ্বিতীয় গেম জিতে শেষ আটের লড়াইয়ে দুরন্ত প্রত্যাবর্তন করেন ভারতীয় শাটলার ৷ কিন্তু শেষরক্ষা হয়নি ৷ নির্ণায়ক তৃতীয় গেম হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিশ্চিত হয় জোড়া অলিম্পিক্স পদকজয়ীর ৷ সিন্ধুর বিপক্ষে শেষ আটের ফলাফল 14-21, 21-13, 16-21 ৷
  • ইতিহাসের অদূরে থামলেন: জাতীয় ক্রীড়া দিবসে সিন্ধুর কাছে সুযোগ ছিল ইতিহাস গড়ার ৷ এদিন জিতে ষষ্ঠ পদক নিশ্চিত করলেই তৈরি হত ইতিহাস ৷ সেক্ষেত্রে বিশ্বের প্রথম মহিলা শাটলার হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ছ'টি পদকজয়ের নজির গড়তেন তিনি ৷ যা আর কারও নেই ৷ কিন্তু অল্পের জন্য ইতিহাস হাতছাড়া হল ভারতীয় তারকার ৷
  • ইতিবাচক দিক: তবে কোয়ার্টারে হারলেও বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে ইতিবাচক অনেক বিষয় সঙ্গে নিয়ে প্য়ারিস থেকে ফিরবেন সিন্ধু ৷ চলতি বছর চারটি প্রতিযোগিতার প্রথম রাউন্ড থেকে ছিটকে গিয়েছেন তিনি ৷ বিশ্ব চ্যাম্পিয়নশিপের আগে চলতি বছর 11টি টুর্নামেন্টের মধ্যে শুরুতে ডেনমার্ক ওপেন এবং ইন্ডিয়া ওপেন বাদে কোনও প্রতিযোগিতার শেষ আটে পৌঁছতে ব্যর্থ হয়েছেন রিও ও টোকিয়ো অলিম্পিক্সের পদকজয়ী ৷ ফলত প্য়ারিসে নতুন প্রজন্মের শাটলারদের বিরুদ্ধে লড়াইয়ে সিন্ধু কতটা এঁটে উঠতে পারবেন, তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছিল ৷ তবে সিন্ধু বুঝিয়ে দিলেন ব়্যাকেট হাতে এখনও অনেককিছু দেওয়ার আছে তাঁর ৷
  • মিক্সড-ডাবলস জুটিরও হার: বিশ্ব চ্যাম্পিয়নশিপে এদিন পদক নিশ্চিত হওয়ার সম্ভাবনা ছিল মিক্সড ডাবলসেও ৷ কিন্তু বিশ্বের পাঁচ নম্বর (হংকং) জুটির কাছে হেরে পদক হাতছাড়া হল ধ্রুব কাপিলা-তানিশা কাস্ত্রো জুটিরও ৷ কোয়ার্টারে বিশ্বের 17 নম্বর জুটি হারল 15-21, 13-21 ব্যবধানে ৷
  • ভারতের আশা সাত্বিক-চিরাগ: মহিলা সিঙ্গলস এবং মিক্সড ডাবলসে পদক হাতছাড়া হওয়ার পর বিশ্ব চ্য়াম্পিয়নশিপে ভারতের পদকের আশা বেঁচে একমাত্র পুরুষদের ডাবলসে ৷ সেখানে শুক্রবার পদকের লক্ষ্যে নামছে সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি ৷ যদিও তাঁদের সামনে কঠিন লড়াই ৷ বিশ্বের ন'নম্বর ভারতীয় জুটিকে পদক নিশ্চিত করতে হলে হারাতে হবে বিশ্বের দু'নম্বর মালয়েশিয়ার অ্য়ারন চিয়া ও শোহ উই ইক জুটিকে ৷

আরও পড়ুন: