ETV Bharat / sports

পুলিশের ব্যারিকেডে আটকে দ্বিতীয় হার, শীর্ষে ওঠা হল না ইস্টবেঙ্গলের

চলতি কলকাতা লিগে এর আগে মোহনবাগানকেও হারিয়েছিল পুলিশ অ্য়াথলেটিক ক্লাব ৷

EAST BENGAL LOST
লিগে হার ইস্টবেঙ্গলের (EAST BENGAL FC X)
author img

By ETV Bharat Sports Team

Published : August 3, 2025 at 6:24 PM IST

2 Min Read
Choose ETV Bharat

ব্য়ারাকপুর, 3 অগস্ট: চলতি মরশুমে তথাকথিত বড় দলের কাছে পুলিশ এসি ক্রমেই বিভীষিকা হয়ে উঠছে ৷ মোহনবাগানের পরাজয়ের পর রবিবার ব্যারাকপুর স্টেডিয়ামে একই দশা ইস্টবেঙ্গলের ৷ রবিবাসরীয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্য়ায় স্টেডিয়ামে পুলিশের ব্যারিকেড ভাঙতে কালঘাম ছুটল ইস্টবেঙ্গলের ৷ পুলিশ অ্য়াথলেটিক ক্লাবের কাছে হেরে জয়ের হ্য়াটট্রিক অধরা বিনো জর্জের ছেলেদের ৷

এদিন ইস্টবেঙ্গল হারল 0-2 গোলে ৷ পুলিশের হয়ে জোড়া গোল করলেন খেপের মাঠের দুই রাজা মহম্মদ আমিল নইম এবং মৃণ্ময় মহাপাত্র ৷ বৃষ্টিভেজা মাঠ দলের পাসিং ফুটবলের অন্তরায় হলেও বৃষ্টি ভিজে গত ম্য়াচে হাফডজন গোল দিয়েছিল লাল-হলুদ ৷ অথচ রবিবার ইস্টবেঙ্গল ব্যারাকপুরে শুকনো মাঠে আছাড় খেল। সেইসঙ্গে এদিন চলতি লিগের দ্বিতীয় হারে ইস্টবেঙ্গলের শীর্ষে পৌঁছনো হল না ৷ উল্টে লাল-হলুদকে হারিয়ে শীর্ষে পুলিশ অ্য়াথলেটিক ক্লাব ৷

পুলিশ এসি দলটিতে এখন দুই প্রধানের প্রাক্তন ফুটবলারের ভিড়। উজ্জ্বল হাওলাদার, শুভ ঘোষদের নিয়ে তৈরি দলটি প্রতি-আক্রমণ নির্ভর ফুটবলে স্বচ্ছন্দ ৷ প্রতিপক্ষের সামনে শক্তপোক্ত ব্যারিকেড তুলে প্রতি-আক্রমণে গোল করার কৌশল তাঁদের ৷ সেই কাজে এদিন তাঁরা সফল ৷ উজ্জ্বল হাওলাদার, মহম্মদ নইম যতবার আক্রমণে এসেছেন ততবারই চাকু মাণ্ডি, প্রভাত লাকরা হাবুডুবু খেয়েছেন। 11 মিনিটে পেনাল্টি থেকে গোল করে পুলিশকে এগিয়ে দেন ইস্টবেঙ্গল ফুটবলার সায়ন বন্দ্যোপাধ্য়ায়ের পাড়ার ছেলে নইম ৷ প্রথমার্ধে এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় তাঁরা ৷

সিনিয়র দল থেকে ডেভিড লালহ্লানসাঙ্গা, রামসাঙ্গা, মার্ক জো-রা ইস্টবেঙ্গলের কলকাতা লিগের দলে হাল ফেরাতে এসেছেন ৷ অথচ এদিন ফরোয়ার্ডে ডেভিড বল সরবরাহের অভাবে ভুগলেন ৷ রামসাঙ্গাকে পুরো সময় মাঠে রাখা গেল না। মার্ক জো খেললেও ছন্দ হাতড়ে বেড়ালেন ৷ মাঝমাঠে তন্ময় দাস, সুমন দে, নসিব রহমানরা খেলা তৈরি করতে ব্যর্থ। বিএসএসের বিরুদ্ধে ছ'জন গোল করেছিলেন। রবিবার দু'গোলে পিছিয়ে পড়া অবস্থা থেকে গোটা চারেক সুযোগ নষ্ট করলেন লাল-হলুদ ফুটবলাররা ৷ যা দেখে স্টেডিয়ামে উপস্থিত দর্শক খেলা শেষ হওয়ার আগেই মাঠ ছাড়ল ৷

75 মিনিটে দ্বিতীয় গোলটি করে পুলিশের জয় নিশ্চিত করেন মৃণ্ময় ৷ এর বাইরে পুলিশ এসি'র তিনটি বল পোস্টে লেগে ফিরল এদিন ৷ একটি গোলরক্ষক বাঁচালেন ৷ নইলে হয়তো পুলিশের ব্যারিকেডের সামনের ইস্টবেঙ্গলের জমানত জব্দ হত ৷

আরও পড়ুন: