ETV Bharat / sports

হ্যান্ডশেক-বিতর্কে সূর্যদের বিরুদ্ধে দায়ের হল অভিযোগ

ভারতীয় দলের আচরণ ক্রিকেটীয় নীতির পরিপন্থী ৷ ম্য়াচের পর বিবৃতিতে জানাল পাক ক্রিকেট বোর্ড ৷

PCB LODGED PROTEST
টসের সময় দুই অধিনায়ক (AP)
author img

By ETV Bharat Sports Team

Published : September 15, 2025 at 1:54 PM IST

2 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ, 15 সেপ্টেম্বর: টসের সময় করমর্দন এড়িয়ে ভারত অধিনায়ক সূর্যকুমার বুঝিয়ে দিয়েছিলেন মাঠে নামলেও পাকিস্তানের বিরুদ্ধে সৌহার্দ্য কোনওভাবেই নয় ৷ সাত উইকেটে ম্য়াচ জয়ের পরও নীতিতে অনড় ভারতীয় দল ৷ দলকে ম্য়াচ জেতানোর পর পাক ক্রিকেটারদের সঙ্গে হাত মেলানোর বদলে সোজা সাজঘরের উদ্দেশে হাঁটা দেন অধিনায়ক সূর্যকুমার যাদব এবং শিবম দুবে ৷ ভারতীয় ক্রিকেটারদের এই আচরণকে 'অখেলোয়াড়সুলভ' আখ্য়া দিয়ে অভিযোগের রাস্তায় হাঁটল পাকিস্তান ক্রিকেট ৷

রবিবার রাতে এশিয়ান ক্রিকেটের গভর্নিং বডি'কে (ACC) লেখা প্রতিবাদস্বরূপ বিবৃতিতে পিসিবি'র তরফে জানানো হয়, ভারতীয় দল যেটা করেছে সেটা ক্রিকেটীয় মানসিকতার পরিপন্থী ৷ পিসিবি এক বিবৃতিতে লেখে, "ম্য়াচ শেষে হাত না-মিলিয়ে ভারতীয় ক্রিকেটাররা যে ব্যবহারটা করেছে টিম ম্য়ানেজার নাভিদ চিমা এর বিরুদ্ধে কড়া অভিযোগ দায়ের করেছেন ৷ বিষয়টিকে অখেলোয়াড়োচিত এবং ক্রিকেটীয় নীতির পরিপন্থী মনে হয়েছে ৷ আর প্রতিবাদস্বরূপ আমরা আমাদের অধিনায়ককে ম্য়াচ পরবর্তী অনুষ্ঠানে পাঠাইনি ৷"

সবমিলিয়ে স্কোরলাইন ছাপিয়ে ভারত-পাক ম্য়াচে শিরোনামে হ্যান্ডশেক-বিতর্ক ৷ উল্লেখযোগ্য, একই ঘটনার পুনরাবৃত্তি ফের ঘটতে পারে চলতি এশিয়া কাপে ৷ শেষ ম্য়াচে সংযুক্ত আরব আমিরশাহিকে হারিয়ে পাকিস্তান সুপার-ফোরের যোগ্যতা অর্জন করলে ফের লড়াই হবে ভারত-পাকিস্তানের ৷ সে যাইহোক, ম্য়াচের শুরু এবং শেষে প্রতিপক্ষ ক্রিকেটারদের সঙ্গে হাত না-মেলানো যে পহেলগাঁওয়ে ঘৃণ্য হামলার প্রতিবাদস্বরূপ এবং সমগ্র দলের সিদ্ধান্ত, সেটা স্পষ্ট করেছেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব ৷

ম্য়াচ জিতে ভারত অধিনায়ক বলেন, "এটা আমাদের দলগত সিদ্ধান্ত ৷ আমরা সেখানে শুধু খেলতে নেমেছিলাম ৷ হাত না-মেলানোর বিষয়টা আমাদের প্রত্যুত্তর ছিল ৷ কিছু বিষয় থাকে যেগুলো স্পোর্টসম্য়ানশিপের বাইরে গিয়ে ভাবতে হয় ৷ এই জয় আমরা উৎসর্গ করছি 'অপারেশন সিঁদুর' সংঘটিত করা দেশের সশস্ত্র সেনাকে আর অবশ্যই পহেলগাঁও হামলায় নিহতদের ৷"

ম্য়াচের কথায় যদি আসা যায় তাহলে রবিবাসরীয় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে পাকিস্তান কোনওবিভাগেই এঁটে উঠতে পারেনি ভারতের বিরুদ্ধে ৷ স্পিনে কুলদীপ যাদব-অক্ষর প্য়াটেলের সাঁড়াশি আক্রমণের সামনে অসহায় আত্মসমর্পণ করে পাক ব্য়াটিং ৷ কোনওমতে 20 ওভারে নয় উইকেটে 127 তোলে তাঁরা ৷ জবাবে 25 বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় ভারত ৷ তিন উইকেট হারিয়ে 15.5 ওভারে জয়ের রান তুলে নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ৷ 37 বলে 47 রানে অপরাজিত থেকে দলকে সুপার-ফোরে পৌঁছে দেন অধিনায়ক 'স্কাই' ৷ 18 রানে তিন উইকেট নিয়ে ম্য়াচের সেরা কুলদীপ ৷

আরও পড়ুন: