ETV Bharat / sports

ম্য়াচ রেফারির অপসারণ দাবি, এশিয়া কাপে দল না-নামানোর হুঁশিয়ারি পাকিস্তানের

আইসিসি তাঁদের দাবি না-মানলে আমিরশাহি ম্য়াচে দল নামাবে না পাকিস্তান ৷ ক্রিকবাজের রিপোর্ট এমনটাই ৷

HANDSHAKE CONTROVERSY INDIA VS PAK
আইসিসি'কে অভিযোগ জানাল পিসিবি (AP)
author img

By ETV Bharat Sports Team

Published : September 15, 2025 at 6:56 PM IST

2 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ, 15 সেপ্টেম্বর: এশিয়া কাপে ভারত-পাক ম্যাচে হ্যান্ডশেকিং-বিতর্ক সহজে থামার নয় ৷ ভারতীয় ক্রিকেটারদের আচরণকে 'অখেলোয়াড়সুলভ' আখ্যা দিয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কাছে আগেই প্রতিবাদ জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড ৷ এবার করমর্দন-কাণ্ডে পাকিস্তান দ্বারস্থ হল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি'র ৷ এশিয়া কাপের বাকি পর্ব থেকে ম্যাচ রেফারির অ্যান্ডি পাইক্রফটের অপসারণ চেয়ে সরব হয়েছে তাঁরা ৷ উল্লেখ্য, রবিবার ভারত-পাক ম্যাচে দায়িত্বে ছিলেন জিম্বাবোয়ের এই ম্যাচ রেফারি ৷

ভারতের বিরুদ্ধে সরকারিভাবে অভিযোগ দায়েরের পর আইসিসি'র এলিট প্যানেলে থাকা পাইক্রফটের বিরুদ্ধে এবার ক্ষোভ পাকিস্তানের ৷ তাঁদের অভিযোগ, ভারতীয় দলের করমর্দন এড়িয়ে যাওয়ার বিষয়টি সামনে থেকে দেখেও নিষ্ক্রিয় ছিলেন ম্য়াচ রেফারি পাইক্রফট ৷ আইসিসি'র আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে চলতি টুর্নামেন্ট থেকে তাঁর অপসারণ চেয়ে সরব হয়েছে সেদেশের ক্রিকেট বোর্ড ৷ জিম্বাবোয়ের ম্য়াচ আধিকারিকের বিরুদ্ধে পাকিস্তান যে আইসিসি'কে নালিশ করেছে তা সোশাল মিডিয়া পোস্টে জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি ৷ যিনি আবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্টও বটে ৷

নকভি এক্সে লেখেন, "ম্য়াচ রেফারি ক্রিকেটীয় স্পিরিটের ব্যাপারে আইসিসি'র আচরণবিধি এবং এমসিসি'র আইন লঙ্ঘন করায় পাকিস্তান ক্রিকেট বোর্ড তাঁর বিরুদ্ধে আইসিসি'র কাছে অভিযোগ দায়ের করেছে ৷ এশিয়া কাপ থেকে সংশ্লিষ্ট ম্য়াচ রেফারির অবিলম্বে অপসারণ দাবি করছে পিসিবি ৷" পাকিস্তান ক্রিকেট বোর্ডের দাবি, হাত না-মেলানোর বিষয়ে ম্য়াচ রেফারি কোনও একটি দলের পক্ষ নিয়েছেন রবিবার ৷ এখানেই শেষ নয় ৷ জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে এক সূত্র জানিয়েছে, পাইক্রফটের অপসারণের দাবি মানা না-হলে আগামী 17 সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে পরবর্তী ম্য়াচে দল নামাবে না পাকিস্তান ৷ কারণ সেই ম্য়াচে রেফারির দায়িত্বে রয়েছেন পাইক্রফট-ই ৷

রবিবারের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় দলেরও কড়া সমালোচনা করেছেন মহসিন নকভি ৷ পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্য়ান লেখেন, "ভারতীয় দলের খেলোয়াড়ি মানসিকতার অভাব দেখে ভীষণভাবে হতাশ ৷ খেলার মাঠে রাজনীতির প্রবেশ করানো ক্রিকেটীয় স্পিরিটের পরিপন্থী ৷ আশা রাখছি ভবিষ্যতে সব দল অনুগ্রহের সঙ্গে জয় উদযাপন করবে ৷"

এপ্রসঙ্গে জানিয়ে রাখা ভালো 69 বছরের অ্যান্ডি পাইক্রফট আইসিসি এলিট প্যানেলের অন্যতম অভিজ্ঞ রেফারি ৷ 2009 সাল থেকে আইসিসি এলিট প্য়ানেলে রয়েছেন তিনি ৷ ভারতের জাভাগাল শ্রীনাথ, নিউজিল্যান্ডের জেফ ক্রো, শ্রীলঙ্কার রঞ্জন মাদুগালের সঙ্গে আইসিসি এলিট প্য়ানেলে চতুর্থ নামটি জিম্বাবোয়ের অ্যান্ডি পাইক্রফটের ৷ তাঁর পাশাপাশি চলতি এশিয়া কাপে ম্য়াচ রেফারির দায়িত্ব সামলাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের রিচি রিচার্ডসন ৷

আরও পড়ুন: