সামনে সীমান্তরক্ষী বাহিনী, ডুরান্ডকে এএফসি কাপের প্রস্তুতি হিসেবে দেখছেন মোলিনা
ডুরান্ডে কাপে মোহনবাগানের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ বিএসএফ ৷ বাস্তব রায়ের থেকে ব্যাটন নিয়ে আপন দর্শনে ফের জয়ের সরণিতে দৌড় শুরু করতে চান মোলিনা।

Published : August 3, 2025 at 9:07 PM IST
কলকাতা, 3 অগস্ট: নিজের দর্শনে আস্থা রেখেই কিশোরভারতী স্টেডিয়ামে মোহনবাগান সুপার জায়ান্টের কোচের হট সিটে ফের হোসে মোলিনা। গতবারের সাফল্যের রেশ নতুন মরশুমেও টানতে চান তিনি। তাই প্রথম দিন থেকে সতর্ক।
তাঁর মতে, প্রত্যাশার চাপ দলে নেই। কারণ তাঁরা জানেন মোহনবাগান সুপার জায়ান্টে খেলতে হলে চাপ সামলাতে হবে। ডুরান্ড কাপে মোহনবাগান সুপার জায়ান্টের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ বিএসএফ। দেশের সীমান্ত রক্ষীরা দুর্ভেদ্য হলেও সাম্প্রতিক সময়ে ফুটবল মাঠে তাঁরা বড়ই নড়বড়ে। ডায়মন্ড হারবারের কাছে গত ম্য়াচে 8 গোল হজম করেছে তাঁরা। ফলত সোমবার প্রতিপক্ষ সীমান্ত রক্ষীদের তাঁদের প্রিয় দল কত বড় ব্যবধানে হারতে পারে তা নিয়েই এদিন সবুজ-মেরুন সমর্থকরা আলোচনা করছিলেন।
অন্যদিকে, প্রথম ম্য়াচে মোহনবাগান সুপার জায়ান্টে জয় তুলে নিয়েছে। আগামী 10 অগস্ট ডায়মন্ড হারবারের মুখোমুখি হওয়ার আগে বিএসএফ ম্যাচটাই বাগানের কাছে ড্রেস রিহার্সল। একইসঙ্গে গোল পার্থক্য বাড়িয়ে রাখার ভাবনা কাজ করবে হোসে মোলিনার। আইএসএল দেরিতে শুরু হওয়ার পরিস্থিতি। তাই ডুরান্ড কাপকে এএফসির প্রস্তুতি হিসেবে দেখতে চান স্প্যানিয়ার্ড।
বৃহস্পতিবার থেকেই দলের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। বাস্তব রায় নন, বিএসএফের বিরুদ্ধে মোলিনাই কোচের হট সিটে বসবেন। শনিবার সকালে আলবার্তো রড্রিগেজ কলকাতায় পৌঁছন, বিকেলেই নেমে পড়েছিলেন প্র্যাকটিসে। রবিবার তাঁকে রেখেই রক্ষণ সাজাচ্ছেন সবুজ-মেরুন কোচ। আলবার্তোর ফিটনেসজনিত কোনও সমস্যা নেই বলে সুপার জায়ান্ট ম্যানেজমেন্টের তরফে বলা হচ্ছে। অনুশীলনে রক্ষণে টম-আলবার্তোকে জুটি বাঁধতে দেখা গিয়েছে।
The Mariners preparing to sail tomorrow 🔥#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/hf8jhoZGJi
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) August 3, 2025
স্বস্তির খবর হল, পুরোদমে দলের সঙ্গে প্র্যাকটিস করেছেন মনবীর সিং। কোচের ভাবনায় রয়েছেন তিনি। শেষ ম্যাচে লাল কার্ড দেখায় বিএসএফ ম্যাচে অনিশ্চিত আপুইয়া। তাঁর বদলি নিয়ে চিন্তায় স্প্যানিশ হেডস্যর। যদিও তাঁর হাতে বিকল্পের অভাব নেই। ডিফেন্সে টম অলড্রেড চলে এসেছেন। তাঁর সঙ্গে দীপেন্দু বিশ্বাসকে জুড়ে দিয়ে, মাঝমাঠে আপুইয়ার জায়গায় দীপক টাংরিকে খেলিয়ে দিতে পারবেন। রয়েছেন সাহাল আব্দুল সামাদও। তাঁকে প্রথম একাদশে না-রাখলে গেমটাইম দিতে পারেন মোলিনা।
সেক্ষেত্রে মাঝমাঠের দায়িত্বে থাকবেন দীপক ও অভিষেক সূর্যবংশী। মনবীর খেললে, রাইট উইংয়ে খেলবেন। লেফট উইংয়ে লিস্টন কোলাসো। মহামেডান ম্যাচে অনবদ্য ফুটবল খেলেছিলেন তিনি। বাস্তব রায়ের হাত থেকে ব্যাটন নিয়ে আপন ফুটবল দর্শনে ফের জয়ের সরণিতে দৌড় শুরু করতে চান মোলিনা।

