ETV Bharat / sports

চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরুর আগে দল নিয়ে ধোঁয়াশা রাখলেন মোলিনা

তুর্কমেনিস্তানের ক্লাবের মুখোমুখি হওয়ার আগে রণকৌশল সামনে আনতে নারাজ মোহনবাগান গ্যাফার ৷

JOSE MOLINA
হোসে মোলিনা (GETTY)
author img

By ETV Bharat Sports Team

Published : September 15, 2025 at 8:55 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 15 সেপ্টেম্বর: এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর শুরুতে মঙ্গলবার মোহনবাগান সুপার জায়ান্টের সামনে তুর্কমেনিস্তানের আহাল এফকে ৷ সেই ম্যাচে নামার আগে দল নিয়ে ধোঁয়াশায় সবুজ-মেরুন কোচ হোসে মোলিনা ৷ প্রাক-ম্য়াচ সাংবাদিক সম্মেলনে স্প্যানিয়ার্ড জানালেন, কোচের মাথাব্যথা হয় যখন দলে ভালো ফুটবলারের অভাব থাকে ৷ আবার কোচের দুশ্চিন্তা হয় দলে ভালো ফুটবলারের আধিক্যে ৷ তিনি দ্বিতীয় দলে ৷

ফলত মহাদেশীয় প্রতিযোগিতায় অভিযান শুরুর আগে একাদশ নিয়ে মুখে কুলুপ আঁটলেন মোলিনা ৷ গতবছর তুর্কমেনিস্তানের সর্বোচ্চ লিগের দ্বিতীয় স্থানাধিকারীদের বিরুদ্ধে ম্যাচে মোহনবাগান ক'জন বিদেশি নিয়ে খেলবে, তা নিয়েও ধোঁয়াশা বজায় রাখলেন দলের কোচ ৷ তবে চোটের কারণে দলের সঙ্গে যে মনবীর সিং নেই, সেটা পরিষ্কার ৷ ম্য়াচের আগেরদিন মোলিনার অনুশীলন দেখেও একাদশ বোঝার উপায় নেই ৷

প্রাক-ম্যাচ সাংবাদিক সম্মেলনে মোলিনার বক্তব্য (ETV Bharat)

তবে ফরোয়ার্ড লাইনে মূলত তিন বিদেশি জেমি ম্যাকলারেন, রবসন রবিনহো, জেসন কামিংসকে রেখেই অনুশীলনে ছক সাজালেন মোলিনা ৷ ডিফেন্সে দুই বিদেশি আলবার্তো রড্রিগেজ ও টম অলড্রেডকে নিয়ে অনুশীলনের পরক্ষণেই এক বিদেশি কমিয়ে মেহেতাব সিংকেও দেখে নিলেন তিনি ৷ একইভাবে মোহনবাগান কোচের কথায় ধোঁয়াশা শুভাশিস বোস ও অভিষেক সিংকে ব্যবহার করা নিয়েও ৷ তবে যতটুকু আভাস, নবাগত অভিষেকই শুরু করবেন প্রথম একাদশে ৷ কী অঙ্ক কষেছেন মোলিনা, সেটা মঙ্গলের যুবভারতীতে দেখা যাবে ৷ তবে লড়াইয়ের আগে প্রতিপক্ষকে হাতের তাস দেখাতে নারাজ দু'বারের আইএসএল জয়ী কোচ ৷

ম্য়াচের আগে শেষবারের মতো দলকে ঝালিয়ে নেওয়ার সময় সেটপিসে জোর দিলেন বাগান কোচ ৷ আসলে আহাল এফকে'র বিরুদ্ধে নিজের সব অস্ত্র তৈরি রাখছেন মোলিনা ৷ প্রথম ম্য়াচে নামার আগে লড়াইয়ের বার্তাও দিচ্ছেন তিনি ৷ মোলিনার কথায়, "আমরা শুধু ভারতে নয়, এশিয়াতেও নিজেদের প্রমাণ করতে চাই ৷ আর সেটা প্রমাণের সেরা সুযোগ এটাই ৷" প্রতিপক্ষ যে বেশ শক্তিশালী তা মেনে নিচ্ছেন মোহনবাগান কোচ ৷ সপ্তাহছ'য়েক প্র্যাকটিসের পরে মঙ্গলবার ম্যাচ খেলতে নামছে মোহনবাগান ৷ ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে হারের পর সবুজ-মেরুন আর ম্যাচ খেলেনি ৷ মাঝের সময়ে ফুটবলারদের পরিশ্রমে মোলিনা সন্তুষ্ট ৷

  • সমর্থকদের জন্য বিশেষ যান পরিষেবা: এদিকে সমর্থকদের কথা ভেবে বিশেষ উদ্যোগ মোহনবাগান সুপার জায়ান্টের ৷ ম্যাচ যেহেতু শুরু সন্ধে 7টা 15 মিনিটে, সেকথা মাথায় রেখে বিশেষভাবে মেট্রো, বাস এবং ফেরি সার্ভিস চালু রাখার আর্জি জানিয়েছিল সবুজ-মেরুন ম্য়ানেজমেন্ট ৷ এক্ষেত্রে সফল তাঁরা ৷ সমর্থকরা ম্য়াচ দেখে যাতে নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারেন সেজন্য মঙ্গলবার সল্টলেক স্টেডিয়াম থেকে হাওড়া যাওয়ার শেষ মেট্রো রওনা হবে রাত 9টা 30 মিনিটে ৷ বিকেল 5টা থেকে সন্ধ্যা 7টা 30 মিনিট পর্যন্ত থাকছে বিশেষ বাস পরিষেবা (বিধাননগর, শিয়ালদা স্টেশন, সায়েন্স সিটি, এসপ্ল্যানেড থেকে স্টেডিয়াম পর্যন্ত সমস্ত গেট কভার করবে বাস) ৷ ম্যাচ শেষে ফেরার বিশেষ বাস পরিষেবা রাত 9টা 30 মিনিট থেকে থাকছে 11টা পর্যন্ত ৷ এছাড়া বাবুঘাট এবং আহিরীটোলা লঞ্চ ঘাট থেকে সমর্থকদের জন্য থাকছে বিশেষ ফেরি পরিষেবা ৷

আরও পড়ুন: