ETV Bharat / sports

নেইমারকে সামলানো ব্রাজিলিয়ান রবসন এবার মোহনবাগানে, শহরে পা সোমবার

স্বাভাবিক ভাবেই, সাধারণ সমর্থকদের মনে প্রশ্ন জাগতে শুরু করেছে, নেইমারের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা কেমন রবসনের ?

ROBSON ROBINHO
বাঁ-দিক থেকে রবসন রবিনহো ও নেইমার (মোহনবাগান)
author img

By ETV Bharat Sports Team

Published : August 30, 2025 at 4:45 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 30 অগস্ট: একদা যাঁরা সতীর্থ এবার তাঁরাই যুযুধান দুই পক্ষে। একদা যাঁরা একই কোচের নির্দেশ মেনে 90 মিনিট সবুজ গালিচায় দাপিয়ে বেড়াতেন এবার তাঁরাই ভিন্ন দুই কোচের অধীনে পরস্পরের দিকে আক্রমণ হানতে এবং রুখতে উদ্যত হবেন।

ইস্টবেঙ্গলের মিগুয়েলের বাংলাদেশের ক্লাবের সতীর্থ রবসন এবার খেলবেন মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে । দু'জনেই পদ্মাপাড়ের বসুন্ধরা কিংসের জার্সিতে অস্কার ব্রুঁজোর অধীনে খেলেছেন। মিগুয়েল ফের অস্কারের অধীনে। রবসন খেলবেন হোসে মোলিনার কোচিংয়ে।

সোমবার সকালে মোহনবাগান সুপার জায়ান্টের জার্সিতে খেলতে কলকাতায় আসছেন রবসন। তাঁর বেড়ে ওঠা ফুটবলের দেশ ব্রাজিলে। ফুটবলার জীবনের অসংখ্য সাফল্য রয়েছে ব্রাজিলের ক্লাব ফুটবলে। কয়েক মাস আগেই সাও পাওলো লিগে খেলেছেন নেইমার দ্য সিলভার বিরুদ্ধে। বাংলাদেশের চ্যাম্পিয়ন ক্লাব বসুন্ধরা কিংসের হয়ে খেলে গত তিন বছরে সাতটা ট্রফি জিতেছেন। তাঁর ব্যক্তিগত সাফল্যও চমকে দেওয়ার মতো। 97টা ম্যাচ খেলে করেছেন 64টি গোল। সতীর্থকে গোল করার বল সাজিয়ে দিয়েছেন 49টি। সেই রবসন আজেভেদো দ্য সিলভারের সঙ্গে এবার সঙ্গে চুক্তি হল মোহনবাগান সুপার জায়ান্টের।

দলের ষষ্ঠ বিদেশি তিনি। ব্রাজিলিয়ান এই তারকা শহরে এসে নেমে পড়বেন এসিএল টু-র প্রস্ততিতে। গোলমেশিন ও দুর্দান্ত প্লে-মেকার রবসন যোগ দেওয়ায় হোসে মোলিনার দলের আক্রমণভাগের শক্তি আরও বাড়বে। কারণ, রবসন দুই উইং-এ খেলতে যেমন দক্ষ, তেমনই নম্বর-টেন পজিসনে খেলেও সাফল্য পেয়েছেন।

মোহনবাগান সুপার জায়ান্টে যোগ দেওয়ার পরে রবসন বলেন, "এর আগে বসুন্ধরার হয়ে মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা আমার আছে। তখন থেকেই জানি মোহনবাগান ভারতের সেরা ও সফলতম ক্লাব। ওই ম্যাচে আমি কীরকম খেলেছিলাম তা সবুজ-মেরুন সমর্থকদের নিশ্চয় মনে আছে। এবার সেই সবুজ-মেরুন জার্সি পরে আমি সেরকমই সাফল্য পাব আশা করছি। অপেক্ষা করুন।"

প্রায় একইসঙ্গে তিনি যোগ করেছেন, "গত বছর মোহনবাগান সুপার জায়ান্ট ভারতের সেরা দুটো লিগ-কাপেই চ্যাম্পিয়ন হয়েছে। তাদের গত পাঁচ বছরের সাফল্যের রেকর্ড ভারতের আর কোনও ক্লাবের নেই। সেরা বিদেশিরা এই ক্লাবে খেলেন। ভারতের জাতীয় দলের বেশিরভাগ ফুটবলারও খেলেন মোহনবাগানে। আমি ওদের একজন সতীর্থ হয়ে আসছি, ওদের সাহায্য করার জন্য। ক্লাবে আরও ট্রফি আনতে চাই, ওদের সঙ্গে খেলে।" দু-সপ্তাহ সময় পেলেই ম্যাচ ফিট হওয়ার ব্যাপারে আশাবাদী রবসন।

ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে বিদায় নেওয়ার পরে হোসে মোলিনা বলেছিলেন তিনি গ্রেগ স্টুয়ার্টের অভাব মাঝমাঠে অনুভব করছেন। খেলা তৈরির জন্য একজন হোল্ডিং মিডফিল্ডার দলে দরকার। এএফসি কাপে আগে তাই রবসনের যোগদান মোলিনার চাহিদা পূরণ করবে। গোল করানো এবং করতে ভালোবাসা রবসন যে প্রতিপক্ষের চিন্তা বাড়াবে বলাই যায়।

রবসন বলছেন, "আমি গোল করতে ভালোবাসি, গোল করাতেও। কিন্তু সবার উপরে দলকে ভালোবাসি। আমার ব্যক্তিগত লক্ষ্য যদি জানতে চান তা হলে বলব, দলকে আরও সাফল্য দেওয়াই আমার একমাত্র লক্ষ্য। ইতিমধ্যেই মোহনবাগান সুপার জায়ান্ট সাফল্যের চূড়ায় পৌঁছেছে। তার বেশি যদি ক্লাব আরও কিছু সম্মান পায় তবে সেটাই হবে আমার লক্ষ্য পূরণ।"

নেইমারের সঙ্গে খেলার অভিজ্ঞতা রয়েছে মোহনবাগান সুপার জায়ান্টে সদ্য যোগ দেওয়া ব্রাজিলিয়ানের। সেই খেলার অভিজ্ঞতা সম্পর্কে রবসন বলেছেন, "নেইমার দ্য সিলভার বিরুদ্ধে মাঠে নেমে খেলাটা আমার কাছে সম্মানের। ওর সঙ্গে মাঠের বাইরে আমার তেমন সখ্যতা নেই। মাঠে আমার প্রতিপক্ষ দলে ও খেলছিল গত ফেব্রুয়ারিতে সাওপাওলো লিগের একটি ম্যাচে। ওই দিনটার কথা আমার কাছে সারাজীবন স্মরণীয় হয়ে থাকবে এজন্যই যে, আমি ব্রাজিলের জাতীয় দলের সেরা ফুটবলারের বিরুদ্ধে খেলতে নেমেছিলাম।"

ইতিমধ্যে মোলিনার অধীনে মোহনবাগান সুপার জায়ান্ট এএফসির প্রস্তুতিতে ব্যস্ত। চোট আঘাতের ছোটখাটো সমস্যা রয়েছে। তবে সমস্যা সরিয়ে এএফসিতে ভালো ফলের লক্ষ্যে চোখ মোলিনার। ডুরান্ড কাপের ব্যর্থতার পরে কলকাতা লিগেও ব্যর্থ সবুজ মেরুন। এবার চোখ এএফসি, সুপার কাপ আর আইএসএলে। রবসনের যোগদান সেই সাফল্যের ভাবনাকে মাথায় রেখেই।