ডুরান্ডের মাঝে লিগ না-খেলার বায়নাক্কা মোহনবাগানের, আইএফএ'কে চিঠি
আইএফএ আবেদন মেনে না-নেওয়ায় মেসারার্স ক্লাবের বিরুদ্ধে ম্য়াচ বয়কটের সম্ভাবনা সবুজ-মেরুনের ৷

Published : August 12, 2025 at 3:04 PM IST
কলকাতা, 12 অগস্ট: একইসঙ্গে দু'টি টুর্নামেন্ট খেলতে না-চেয়ে বায়নাক্কা জুড়ল মোহনবাগান সুপার জায়ান্ট ৷ ডুরান্ড কাপের মধ্যে কলকাতা লিগে না-খেলার বিষয়ে আইএফএ'কে চিঠিও পাঠানো হয়েছে সবুজ-মেরুনের তরফে ৷ বুধবার মেসারার্স ক্লাবের বিরুদ্ধে বাগানের কলকাতা লিগের ম্যাচ ৷ সেই ম্য়াচ খেলতে না-চেয়ে সবুজ-মেরুনের আবেদন রাজ্য ফুটবলের নিয়ামক সংস্থা প্রত্যাখ্যান করেছে বলেও খবর ৷ আর সেই কারণে নাকি ম্য়াচ বয়কটের রাস্তায় হাঁটতে পারে তাঁরা ৷
কলকাতা লিগে মূল দলের একাধিক ফুটবলার খেলছে ৷ তাই একইসঙ্গে দু'টো টুর্নামেন্টে খেলার ক্লান্তি গ্রাস করছে তাঁদের ৷ সে কারণেই ডুরান্ড কাপ শেষ হওয়ার পর কলকাতা লিগের বাকি ম্যাচগুলি দেওয়া হোক তাঁদের ৷ এই মর্মে আইএফএ'কে চিঠি দিয়েছে মোহনবাগান ৷ তবে আইএফএ সেই আবেদন মানেনি ৷ ফলত বুধবার ম্যাচ বয়কটের রাস্তায় হাঁটতে চলেছে মোহনবাগান ৷ উল্লেখ্য, ইতিমধ্যেই ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে মোহনবাগান ৷ মঙ্গলবারই শেষ আটের সূচি সামনে আসার কথা ৷
এমতাবস্থায় আইএফএ তাঁদের ম্য়াচ পিছিয়ে দেওয়ার আবেদন না-মানায় পক্ষপাতের অভিযোগও তুলেছে মোহনবাগান ৷ তাঁদের তরফে বলা হয়েছে, ইস্টবেঙ্গলের সুপার সিক্সে যাওয়ার রাস্তা মসৃণ করে দিতেই আবেদন বাতিল করা হয়েছে ৷ এখানেই প্রশ্ন যে, মোহনবাগান কলকাতার একমাত্র দল নয় যাঁরা লিগ এবং ডুরান্ড একসঙ্গে খেলছে ৷ ইস্টবেঙ্গল, মহামেডান, ডায়মন্ড হারবার এফসিও একসঙ্গে দু'টো টুর্নামেন্টে অংশ নিচ্ছে ৷ বাকি দলগুলো যদি মরশুমের ফুটবল ক্যালেন্ডার দেখে ফুটবলারদের ওয়ার্কলোড বণ্টন করতে পারে তাহলে মোহনবাগান পারছে না কেন ?
কলকাতা লিগে মোহনবাগান এই মুহূর্তে প্রথম তিনে নেই ৷ সুপার সিক্সে পৌঁছনো কঠিন তাঁদের জন্য ৷ পয়েন্ট টেবিলে তিনে থাকা ইস্টবেঙ্গলেরও লিগে মিশ্র পারফরম্য়ান্স ৷ তিনে থাকলেও সুপার সিক্স নিশ্চিত নয় তাঁদের ৷ তবে সমস্যা থাকলেও লিগে খেলার ব্যাপারে বায়নাক্কা করছে না তাঁরা ৷
এদিকে বুধবারের কলকাতা লিগের ম্য়াচ মোহনবাগান মাঠে হচ্ছে না ৷ সমর্থকদের দাবি মেনে কলকাতা লিগের ম্যাচ মোহনবাগান মাঠে ফেরানোর চেষ্টা চালিয়েছিল আইএফএ ৷ সেখানে বাধা এসেছে সেনাবাহিনীর তরেফে ৷ 13 অগস্ট মেসারার্স ক্লাবের বিরুদ্ধে ম্যাচ সরাসরি সম্প্রচার করার জন্য মোহনবাগান মাঠের পাশে দু'টি টাওয়ার বসানোর অনুমতি চাওয়া হয়েছিল সেনার কাছে ৷ সেই অনুমোদন না-মেলায় মোহনবাগান মাঠ থেকে ম্যাচ সরে গিয়েছে নৈহাটীর বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে ৷ ঘটনায় হতাশ সবুজ-মেরুন সমর্থকরা ৷ এই অবস্থায় মোহনবাগান যদি ডুরান্ড শেষ না-হলে কলকাতা লিগ না-খেলার সিদ্ধান্তে অটল থাকে, তাহলে জটিলতা বাড়বে বৈকি ৷

