আইএসএল ট্রফি ক্লাবে কবে ? সঞ্জীব গোয়েঙ্কার উত্তর, 'সেটা দেখি'
শনিবারের রাতে যুবভারতীর রং সবুজ-মেরুন ৷ শুভাশিস বসুদের হাত ধরে ভরা গ্রীষ্মেও বাগানে ফিরেছে বসন্ত ৷ কিন্তু, কবে ক্লাব তাঁবুতে আসবে আইএসএল ট্রফি ?

Published : April 13, 2025 at 12:46 PM IST
কলকাতা, 13 এপ্রিল: আইএসএল লিগ শিল্ড জয়ের সঙ্গে আইএসএল কাপের রঙ এবার সবুজ-মেরুন। টুর্নামেন্টে একছত্র আধিপত্য দেখি দ্বি-মুকুট মোহনবাগান সুপার জায়ান্টের ৷ স্বাভাবিকভাবে আনন্দের জোয়ারে ভাসছেন সমর্থকরা ৷ তরতরিয়ে এগিয়ে চলেছে পালতোলা নৌকা ৷ বাঙালির নববর্যের ঠীিক আগে রাতভোর আনন্দে মাতোয়ারা ময়দান ৷ তবুও উৎসবের আবহে একটি প্রশ্ন খচখচ করছে সবুজ-মেরুন জনতার মনে।
চলতি মরশুমে ফুটবলের দু'টো ট্রফি ঘরে এলেও তা সমর্থকদের জন্য ক্লাবে আসেনি। অর্থাৎ আম সমর্থকরা খুব কাছ থেকে ট্রফি দেখতে পাননি ৷ আইএসএলে যোগদানের পর থেকেই সাবেক মোহনবাগানীরা অধিকার হাতছাড়া হওয়ার আতঙ্কে ভোগেন। কারণ ফুটবলাররা ট্রফি সবুজ-মেরুন জার্সিতেও জিতলেও তা ক্লাবের ট্রফি ক্যাবিনেটে জায়গা পায় না। আশ্রয় পায় একবালপুরে সুপার জায়ান্ট ম্যানেজমেন্টের দফতরে ৷
বাগান ফুটবলাররা লিগ শিল্ড জিতেছেন অনেক আগেই ৷ কিন্তু, সেই লিগ শিল্ড এখনও ক্লাব তাঁবুতে আসেনি। শনিবারের রাতে শুভাশিস বসুদের হাত ধরে ভরা গ্রীষ্মেও বাগানে ফিরেছে বসন্ত ৷ কিন্তু, কবে ক্লাব তাঁবুতে আসবে আইএসএল ট্রফি ? সামনেই নববর্ষ। বাংলার নতুন বছরের প্রথম দিন কি সবুজ মেরুন তাঁবুতে ট্রফি ঢুকবে ? কী বললেন মোহনবাগান সুপার জায়ান্টের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা ? এককথায় তাঁর উত্তর, 'দেখি।'
কাপ জয়ের আনন্দ অবশ্য সবুজ-মেরুন সমর্থকদের সঙ্গে ভাগ করে নিয়েছেন মোহনবাগান সুপার জায়ান্টের কর্ণধার ৷ যুবভারতীতে ইতিহাস সৃষ্টির পর সঞ্জীব গোয়েঙ্কা বলেন,“আমাদের একটাই ঘোষণা, এই জয় মেরিনার্সদের জন্য, আমাদের সমর্থকদের জন্য। ওদের আশীর্বাদ ও ভালোবাসা আমাদের এতদূর আসতে সাহায্য করেছে । আমরা কৃতজ্ঞ, আপনাদের সকলের ভালোবাসা এবং আশীর্বাদ পাওয়ার জন্য। আমরা সর্বোতভাবে চেষ্টা করব ক্লাবের জন্য গৌরব নিয়ে আসতে । যতটা সম্ভব ততটাই করব । এটা নিঃসন্দেহে দারুণ ব্যাপার যে, শিল্ড এবং ট্রফি প্রথমবার আইএসএলে ডাবল আমরা করেছি।”

এরপরই মোহনবাগান সুপার জায়ান্টের কর্ণধারকে সাংবাদিকদের প্রশ্ন, আপনি কি ট্রফি নিয়ে কবে যাবেন ?
সঞ্জীব গোয়েঙ্কা বলেন,“সেটা দেখি।”
পয়লা বৈশাখে কি ট্রফি নিয়ে যাবেন ?
সঞ্জীব গোয়েঙ্কা ফের বলেছন, “সেটা দেখি।”
নতুন বছরে আপনার পরিকল্পনা কি ?
মোহনবাগান সুপার জায়ান্টের কর্ণধারের উত্তর, “দেখুন সবে তো আইএসএল ট্রফি শেষ হয়েছে । সামনে এএফসি কাপ ৷”

লিগ শিল্ড জয়ের পরে আইএসএল কাপ, ডাবল জয়ের আনন্দ। ফুটবলারদের জন্য কোনও আর্থিক পুরস্কার কি ঘোষণা হবে ?
সঞ্জীব গোয়েঙ্কা বলেন,“সেটা ফুটবলারদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব।”
উৎসব নিয়ে কোনও চিন্তাভাবনা রয়েছে ?
সঞ্জীব গোয়েঙ্কা বলেন, “সেটা নিয়েও চিন্তা করছি ।”
এই বছর ভারতের সেরা দল মোহনবাগান সুপার জায়ান্ট। কী প্রতিক্রিয়া ?
সুপার জায়ান্টের কর্ণধার বলেন, “এটা আপনাদের সকলের আশীর্বাদ এবং সমর্থনের ফসল । যা আমাদের কাছে মোটিভেশন ৷”
মোহনবাগান ক্লাব সচিব দেবাশিস দত্ত এই সাফল্যে বলছেন,“কোনও সন্দেহ নেই ঈর্ষণীয় সাফল্য। যার সঙ্গে অতীতের কোনও বছরের তুলনা হয় না।”

মোহনবাগান সচিব বলেন, “আমার সঙ্গে সঞ্জীব গোয়েঙ্কার কথা হয়ে গিয়েছে । খুব শীঘ্রই ট্রফি ক্লাবে আসছে ।”
এদিকে আইএসএল শেষ হতেই সুপার কাপের ঘণ্টা বাজতে শুরু করেছে ৷ আটদিন পরেই ফের আরও একটা টুর্নামেন্ট ৷ মোহনবাগান সুপার জায়ান্ট কি পূর্ণ শক্তিতে অংশ নেবে ওড়িশায় অনুষ্ঠিত হতে চলা টুর্নামেন্টে ৷ সূত্রের খবর, একজন বিদেশি ফুটবলার-সহ ডেভলপমেন্ট দলকে নিয়ে অংশ নিতে পারে সবুজ-মেরুন ৷ কারণ আইএসএল কাপ এবং লিগ শিল্ড জয় সম্পূর্ণ হতেই মোহনবাগান সুপার জায়ান্ট বাড়তি ম্যাচ খেলতে অরাজি। হয়তো দীর্ঘ প্রতিযোগিতায় টুর্নামেন্টের ক্লান্তির কথা চিন্তা করে ফুটবলারদের ছেড়ে দেওয়া হতে পারে। বদলে ডেভলপমেন্ট দল এবং নুনো রেইজ খেলবেন।

