ETV Bharat / sports

বড় জয়ে স্বস্তি পেলেও আশ্বস্ত নন মোলিনা, জয়ের হ্য়াটট্রিকে যেতে চান শেষ আটে

টানা দু'ম্য়াচে জোড়া গোল করলেন লিস্টন ৷ তবে এখনই বাড়তি উচ্ছ্বাসে রাজি নন মোলিনা ৷

DURAND CUP 2025
গোলের উচ্ছ্বাস লিস্টন-সাহালের (MBSG X)
author img

By ETV Bharat Sports Team

Published : August 5, 2025 at 1:40 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 5 অগস্ট: এক গোলই যথেষ্ট ৷ তবে ডুরান্ড কাপে গ্রুপ পর্বের শেষ ম্য়াচে ডায়মন্ড হারবারকে হারাতেই হবে, সোমবার কিশোরভারতী ছাড়ার সময় জানিয়ে গেলেন হোসে মোলিনা ৷ ডুরান্ডের প্রথম ম্য়াচে ডাগআউটে তাঁকে ছাড়াই জিতেছিল দল ৷ দ্বিতীয় ম্য়াচে মরশুমে প্রথমবারের মত বাগান ডাগআউটে বসলেন স্প্য়ানিশ কোচ ৷ আর সেই ম্য়াচে সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে চার গোলে জয়ে মোটের উপর সন্তুষ্ট হলেও বাড়তি উচ্ছ্বাসে নারাজ মোলিনা ৷

মহামেডানের বিরুদ্ধে জোড়া গোলের পর সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে দলের জয়েও এদিন গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন উইঙ্গার-ফরোয়ার্ড লিস্টন কোলাসো ৷ এদিনও দু'টি গোল করে এবং করিয়ে নায়ক তিনি ৷ তারপরেও অবশ্য লিস্টনকে নিয়ে বাড়তি মাতামাতি করলেন না মোলিনা ৷ কয়েকদিনের প্রস্তুতিতে এই জয় ভালো ফল তবে তার বাড়তি কিছু নয়, জানিয়ে গেলেন বাগান কোচ ৷ লিস্টনকে কি গতবছরের তুলনায় ঝকঝকে মনে হচ্ছে ? মোলিনা বললেন, "জানি না ৷ অপেক্ষা করতে হবে ৷ মরশুমের সবে তো শুরু ৷ লিস্টন ভালো পারফর্মার, গোল করতে পারে, গতি আছে ৷ এখন দেখা যাক ৷"

মোলিনার বক্তব্য (ETV Bharat)

এদিন লিওয়ান কাস্তানহা এবং রোশন থাংজমকে একাদশে রেখে শুরু করেছিলেন মোলিনা ৷ দুই তরুণ ফুটবলারই যে তাঁকে খুশি করেছে, অন্তত প্রথমদিনের নিরিখে জানিয়ে গেলেন বাগান কোচ ৷ সোমবার কিশোরভারতীতে প্রথম ম্য়াচ খেলল মোহনবাগান ৷ সেই মাঠ যুবভারতীর মত না-হলেও খুশি মোলিনা ৷ একইসঙ্গে মোহনবাগান হেড কোচ জানিয়ে গেলেন, কিশোরভারতী স্টেডিয়ামের ঘাস শুকনো থাকায় প্রথমার্ধে একটু সমস্য়া হচ্ছিল ৷

উল্লেখ্য, প্রথমার্ধে এদিন এক গোলে এগিয়ে ছিল বাগান ৷ 23 মিনিটে বিএসএফের গোলের লকগেট ভাঙে ৷ মনবীরের হেডে এগিয়ে যায় 17 বারের চ্যাম্পিয়নরা ৷ লিস্টন বল ধরে তা বাড়িয়ে দেন রোশনকে ৷ সেখান বক্সের মধ্যে সেন্টার মনবীরের কাছে গেলে হেডে 1-0 করেন তিনি ৷ দ্বিতীয়ার্ধের শুরুতে একাদশে তিন পরিবর্তন আনেন মোলিনা ৷ টম আলড্রেডের জায়গায় আলবার্তো রড্রিগেজ, মনবীরের জায়গায় কিয়ান নাসিরি এবং অনিরুদ্ধ থাপার বদলে সাহাল আব্দুলকে মাঠে নামান কোচ ৷

ঝাঁঝ বাড়ে সবুজ-মেরুন আক্রমণের ৷ 53 মিনিটে সাহাল আব্দুল সামাদের পাস থেকেই দুরন্ত গোল লিস্টনের ৷ পাঁচ মিনিট বাদে পরের গোলটিও তাঁর ৷ এরপর 61 মিনিটে সাহাল আব্দুল সামাদও নাম তোলেন স্কোরশিটে ৷ অর্থাৎ, বাগানের আট মিনিটের ঝড়ে অসহায় আত্মসমর্পণ করে সীমান্তরক্ষী বাহিনী ৷ টানা দু'ম্য়াচ জিতেও গোল পার্থক্যে পিছিয়ে সবুজ-মেরুন ৷ কারণ বিএসএফ'কে গত ম্য়াচে আট গোলে হারিয়েছে ডায়মন্ড হারবার ৷ মোলিনা তাই জয়ের হ্যাটট্রিকেই শেষ আটের টিকিট নিশ্চিত করতে চান।

আরও পড়ুন: