ডুরান্ডের মাঝে লিগে মেসারার্স ম্য়াচ বয়কট, আবারও আইএফএ'র সঙ্গে সংঘাতে মোহনবাগান
মেসারার্স ক্লাবের ফুটবলাররা মাঠে এলেও নৈহাটি স্টেডিয়ামে বুধবার অনুপস্থিত মোহনবাগান সুপার জায়ান্ট ৷

Published : August 13, 2025 at 5:29 PM IST
কলকাতা, 13 অগস্ট: সম্ভাবনা সত্যি করে বুধবার কলকাতা লিগে মেসারার্স ক্লাবের বিরুদ্ধে দল নামাল না মোহনবাগান সুপার জায়ান্ট ৷ ডুরান্ডের সঙ্গেই চলছে কলকাতা লিগের ম্য়াচ ৷ ফুটবলারদের ধকল এড়াতে লিগে গ্রুপ পর্বের বাকি ম্য়াচগুলি ডুুরান্ডের পর খেলতে চেয়ে সরব হয়েছিল সবুজ-মেরুন ৷ তাঁদের তরফে চিঠি গিয়েছিল আইএফএ দফতরে ৷ রাজ্য ফুটবলের নিয়ামক সংস্থা তাঁদের দাবি না-মানায় ম্য়াচ বয়কটের আভাস আগেই দিয়েছিল মোহনবাগান ৷
বুধবার দুপুর তিনটে থেকে নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে মেসারার্সের মুখোমুখি হওয়ার কথা ছিল ডেগি কার্ডোজার ছেলেদের ৷ অথচ স্টেডিয়ামে বিপক্ষ ফুটবলাররা নিয়ম মেনে নামলেও দেখা গেল না মোহনবাগানকে ৷ আইএফএ'র তরফে যে তালিকা দেওয়া হয়েছে সেখানে মেসারার্স ক্লাবের ফুটবলারদের নাম থাকলেও নেই মোহনবাগান সুপার জায়ান্ট ফুটবলারদের নাম ৷ সবমিলিয়ে বিতর্ক আরও ঘোরালো হল ৷ অতীতেও নানা ইস্যুতে রাজ্য ফুটবলের নিয়ামক সংস্থার সঙ্গে সংঘাতের পথে হেঁটেছে মোহনবাগান ৷
বকেয়া টাকা ইস্যুতে তিনবছর আগে কলকাতা লিগ বয়কটের সম্ভাবনা তৈরি হয়েছিল মোহনবাগানের ৷ শেষে আইএফএ সচিবের সঙ্গে ফলপ্রসূ আলোচনায় সব ঠিক হয়েছিল ৷ পরবর্তীতে আইএফএ'র সঙ্গে মতবিরোধে গিয়ে 2023 সালে কলকাতা লিগের ডার্বি বয়কটের পথে হেঁটেছিল সবুজ-মেরুন ৷ ফের দু'পক্ষের যুক্তি-পাল্টা যুক্তিতে সরগরম ময়দান ৷

13 অগস্ট মেসারার্সের বিরুদ্ধে ম্যাচটি যে মোহনবাগান বয়কট করতে চলেছে, তা গতকালই প্রকাশিত হয়েছিল ইটিভি ভারতে ৷ ম্য়াচ পিছিয়ে দেওয়ার অনুরোধ করে বাগানের তরফে চিঠি যে সুতারকিন স্ট্রিটে গিয়েছে, তাও বলা হয়েছিল সেখানে ৷ আইএফএ মোহনবাগানের আবেদন প্রত্য়াখান করে ম্য়াচটি যে চালিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, বুধবার নৈহাটি স্টেডিয়ামে তা প্রমাণিত ৷ শেষপর্যন্ত দু'পক্ষ তাঁদের অবস্থানে অনড় থাকায় যে পরিস্থিতি তৈরি হল, তা বাংলা ফুটবলের জন্য খুব একটা আশাব্যঞ্জক নয় ৷
ইস্টবেঙ্গলের সুপার সিক্সের পথ মসৃণ করতে আইএফএ ম্য়াচ পিছোতে চাইছে না বলেও দাবি উড়ে এসেছিল গোষ্ঠ পাল সরণির ক্লাবের থেকে ৷ এদিকে বুধবার নৈহাটি স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের সবকরম ব্যবস্থাই ছিল ৷ মেসারার্স ক্লাবের ফুটবলাররা গা ঘামিয়ে রেফারি শুভজিৎ ধাড়ার সঙ্গে মাঠেও নেমেছিল ৷ কিন্তু মিনিট দশেক অপেক্ষার পর ম্য়াচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। রেফারি তার রিপোর্টে পুরো ঘটনাটি জানাবে ৷ তারপর লিগ সাব-কমিটির সভায় এই ম্যাচের ভাগ্য নির্ধারণ হবে ৷ তবে মেসারার্সের বিরুদ্ধে দল না-নামিয়ে লিগে মোহনবাগান (ছয় ম্য়াচে 10 পয়েন্ট) যে আরও কোণঠাসা হয়ে পড়ল, তা বলাই বাহুল্য ৷

