অবনমন পর্বের প্রথম ম্যাচে গণ্ডগোল, মহামেডানের বিরুদ্ধে নামল না সাদার্ন
এর আগে গ্রুপ পর্বে ডায়মন্ড হারবারের বিরুদ্ধেও দল নামাতে অস্বীকার করেছিল সাদার্ন সমিতি ৷

Published : September 10, 2025 at 8:59 PM IST
কলকাতা, 10 সেপ্টেম্বর: ফের ঘোট পাকানোর সিঁদুরে মেঘ রাজ্য ফুটবল সংস্থার অফিসে ৷ কলকাতা লিগ যাতে অসমাপ্ত থাকে সেই চেষ্টা আইএফএ পদাধিকারী কয়েকজনের ৷ ময়দান মনে করছে কলকাতা ফুটবল লিগকে অচলাবস্থায় ঠেলে দিতে এবং সচিবকে চাপে ফেলতে অদৃশ্য কোনও শক্তির সঙ্গে ঘোট করে আইএফএ'র দুই পদাধিকারী এই কাজে জড়িত ৷ সবমিলিয়ে আইএফএ সচিব বনাম আইএফএ সহসভাপতির ছায়াযুদ্ধে সুতারকিন স্ট্রিটে টেনশনের চোরাস্রোত ৷
কলকাতা প্রিমিয়র লিগের অবনমন রাউন্ডের খেলা শুরু হল বুধবার থেকে ৷ প্রথমদিন মহামেডানের বিরুদ্ধে মাঠে নামার কথা ছিল সাদার্ন সমিতির ৷ ব্যারাকপুর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে এদিন মহামেডান দল নামালেও অনুপস্থিত সাদার্ন সমিতি ৷ বুধবার সময়মতো মাঠে উপস্থিত হয়েছিলেন সাদা-কালো ফুটবলাররা ৷ তাঁরা দুপুর সাড়ে তিনটে পর্যন্ত অপেক্ষাও করেন ৷ এর আগে প্রাথমিক পর্বের শেষ ম্যাচেও ডায়মন্ড হারবার এফসি'কে ওয়াকওভার দিয়েছিল সাদার্ন সমিতি ৷ এখন প্রশ্ন কেন রেলিগেশন পর্বের ম্যাচে দল নামাল না সাদার্ন ? ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে মঙ্গলবার রাতে সাদার্ন সমিতির সচিব সৌরভ পাল তিন পাতার দীর্ঘ চিঠি লেখেন আইএফএ'কে ৷
সেখানে উল্লেখ করা হয় ঘরোয়া লিগে ম্যাচ ফিক্সিং নিয়ে একাধিক অভিযোগ রয়েছে ৷ আইএফএ সভা ডেকে সেই অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত না-করলে অবনমন বা চ্যাম্পিয়নশিপ রাউন্ডের খেলা শুরু করা যাবে না ৷ প্রসঙ্গত সৌরভ পাল নিজে আইএফএ সহসভাপতি ৷ অর্থাৎ, আইএফএ প্রশাসনে যুক্ত থেকে সব জেনেশুনে না-খেলার চিঠি দেওয়ার অর্থ ভাবের ঘরে চুরি করা ৷
মহামেডানের বিরুদ্ধে সাদার্ন না-নামায় পয়েন্টের অবস্থা কী হবে ? সেই সিদ্ধান্ত নেবেন লিগ কমিটির সদস্যরা ৷ উল্লেখ্য, ঘরোয়া লিগে মেসারার্স ম্যাচে দল নামায়নি মোহনবাগান। সাদার্নও দল নামায়নি ডায়মন্ড হারবারের বিরুদ্ধে ৷ চলতি সপ্তাহের সোমবার প্রিমিয়র ও প্রথম ডিভিশন লিগ কমিটির সদস্যরা আলোচনা করে মোহনবাগান ও সাদার্নের দু'পয়েন্ট কেটে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ৷ একইসঙ্গে মেসারার্স ও ডায়মন্ড হারবারকে ওই ম্যাচে পুরো তিন পয়েন্ট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ মহামেডান-সাদার্ন ম্যাচেও কি তেমন কিছু ঘটতে চলেছে ? এখানে পরিস্থিতি অবশ্য আলাদা ৷ তাই উত্তর জানতে লিগ কমিটির সিদ্ধান্তের দিকে তাকিয়ে থাকতে হবে ৷
প্রসঙ্গত, কলকাতা লিগে সাদার্ন সমিতির পয়েন্ট শূন্য ৷ মহামেডান ম্যাচে না-নামায় তাদের পয়েন্ট যদি কেটে নেওয়া হয়, তাহলে সাদার্নের পয়েন্টের অবস্থা কী হবে ? আর এই ম্যাচ থেকে পয়েন্ট পেয়ে কি অবনমন এড়াতে পারবে মহামেডান ? প্রশ্ন থাকছেই ৷ আইএফএ সচিব অনির্বাণ দত্ত ইতিমধ্যেই বলেছেন, "ম্যাচ ফিক্সিং নিয়ে পুলিশ তদন্ত করছে ৷ সভা আমরা ডাকব ৷ তবে সেটার জন্য খেলার দিন পরিবর্তন করা যাবে না ৷ আমরা ম্যাচ আয়োজন করছি ৷" মঙ্গলবার রাতে সাদার্ন সমিতির সচিব সৌরভ পাল বলেছিলেন, "আইএফএ'র তরফে আমাদের নিশ্চয়তা দিতে হবে এই চ্যাম্পিয়নশিপ অথবা অবনমন রাউন্ড শেষ হওয়ার আগে ফিক্সিংয়ের অভিযোগগুলো তদন্ত করে সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে ৷ সেই নিশ্চয়তা থাকলে তবেই বুধবার দল নামাব আমরা।"

