ETV Bharat / sports

অবসরে তারকা অলরাউন্ডার, ছিটকে গেলেন অধিনায়ক; চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ধাক্কা বিশ্বচ্যাম্পিয়নদের

অবসর এবং চোটে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অজি শিবিরে বড় ধাক্কা ৷ প্রাথমিক স্কোয়াডে অন্তত চারটি বদল আনতে হবে বিশ্বচ্যাম্পিয়নদের ৷

CHAMPIONS TROPHY
চ্যাম্পিয়ন্স ট্রফিতে কামিন্স, স্টোইনিসকে পাবে না অজিরা (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : February 6, 2025 at 3:51 PM IST

2 Min Read
Choose ETV Bharat

মেলবোর্ন, 6 ফেব্রুয়ারি: আইসিসি চ্য়াম্পিয়ন্স ট্রফি শুরু হতে হাতে সময় দু'সপ্তাহেরও কম ৷ এমন সময় একাধিক ধাক্কা অস্ট্রেলিয়া শিবিরে ৷ প্রাথমিক স্কোয়াডে নাম থাকা সত্ত্বেও টুর্নামেন্ট শুরু দিনকয়েক আগেই ওডিআই থেকে অবসর নিলেন মার্কাস স্টোইনিস ৷ সেই ধাক্কা সামলাতে না-সামলাতেই চোটের কারণে ছিটকে গেলেন দুই তারকা ফাস্ট বোলার ৷ যাঁদের মধ্যে রয়েছেন অধিনায়ক প্যাট কামিন্স ৷ আগেই ছিটকে গিয়েছিলেন আরেক অলরাউন্ডার মিচেল মার্শ ৷ সবমিলিয়ে যা পরিস্থিতি তাতে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক স্কোয়াডে কমপক্ষে চারটি বদল আনতে হবে বিশ্বচ্যাম্পিয়নদের ৷

2015 ইংল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়া জার্সিতে ওডিআই ক্রিকেটে আত্মপ্রকাশ হয়েছিল মার্কাস স্টোইনিসের ৷ 71টি ওডিআই ম্য়াচে একটি শতরান ও ছ'টি অর্ধশতরান সহযোগে তারকা অলরাউন্ডারের নামের পাশে রয়েছে প্রায় দেড় হাজার রান ৷ উইকেটসংখ্যা 48 ৷ বৃহস্পতিবার আচমকা অবসর ঘোষণায় মারকুটে ব্য়াটার লেখেন, "ওডিআই ক্রিকেটে অস্ট্রেলিয়াকে প্রতিনিধিত্ব করার জার্নিটা স্মরণীয় ছিল ৷ হলুদ-সবুজ জার্সিতে কাটানো প্রত্যেকটা মুহূর্তের জন্য আমি কৃতজ্ঞ ৷ সর্বোচ্চ স্তরে দেশকে প্রতিনিধিত্ব করার অনুভূতি আমি আজীবন বয়ে বেড়াব ৷ সিদ্ধান্তটা খুব সহজ ছিল না ৷ তবে আমার মনে হয়েছে ওডিআই থেকে সরে দাঁড়ানোর এটাই সঠিক সময় ৷"

স্টোইনিস জানিয়েছেন, অবসরে গেলেও পাকিস্তানের মাটিতে আসন্ন চ্য়াম্পিয়ন্স ট্রফিতে দলকে সবসময় উদ্বুদ্ধ করবেন তিনি ৷ স্টোইনিসের ঘোষণার কয়েকঘণ্টার মধ্যে অজি শিবিরে নেমে আসে জোড়া ধাক্কা ৷ জাতীয় নির্বাচক কমিটির প্রধান জর্জ বেইলি জানিয়ে দেন চোটের কারণে জশ হ্যাজলউড এবং অধিনায়ক প্যাট কামিন্সকেও আইসিসি'র মার্কি ইভেন্টে পাবে না বিশ্বচ্যাম্পিয়নরা ৷ ভারতের বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফিতে গোড়ালির চোট নিয়ে খেলা বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়ক এখন সুস্থ হতে পারেননি ৷ অন্যদিকে কাফ মাসলে চোটের পর নতুন করে নিতম্বের চোটে আক্রান্ত হ্যাজলউড ৷

দু'জনেরই রিহ্যাব সেরে মাঠে ফিরতে আরও লম্বা সময় দরকার বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া ৷ সেক্ষেত্রে চ্যাম্পিয়ন্স ট্রফি পরবর্তী আইপিএলে তাঁদের অংশগ্রহণ নিয়েও রয়েছে চরম অনিশ্চয়তা ৷ কামিন্স ছিটকে যাওয়ায় স্টিভ স্মিথ কিংবা ট্রাভিস হেডের মধ্যে একজন চ্যাম্পিয়ন্স ট্রফিতে অজিদের নেতৃত্ব দেবেন বলে জানিয়েছেন হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড ৷ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য 15 সদস্যের দল চূড়ান্ত করার আগে দুই পেসার শ্যেন অ্যাবট এবং কুপার কনোলিকে শ্রীলঙ্কার মাটিতে ওডিআই সিরিজের জন্য রেখে দেওয়া হচ্ছে ৷ এর মধ্যে গলে দ্বিতীয় টেস্টে অভিষেক হয়েছে কনোলির ৷ পাশাপাশি দ্বীপরাষ্ট্রে ওডিআই সিরিজের জন্য অস্ট্রেলিয়া স্কোয়াডে যোগ দিচ্ছেন জ্যাক ফ্রেসার ম্যাকগার্ক, বেন ডুয়ারশুইস এবং স্পেন্সার্স জনসন ৷

আরও পড়ুন: