ETV Bharat / sports

মলদ্বীপ ম্য়াচের আগে ভারতীয় শিবির থেকে ছিটকে গেলেন বাগান তারকা

চোটে ছিটকে গেলেন মোহনবাগানে খেলা ভারতীয় দলের উইঙ্গার ৷ যা আইএসএল সেমিফাইনালের আগে চিন্তায় রাখবে হোসে মোলিনাকে ৷

INDIA VS MALDIVES FRIENDLY
মলদ্বীপ ম্য়াচের আগে প্রস্তুতিতে ভারতীয় দল (INDIAN FOOTBALL TEAM)
author img

By ETV Bharat Sports Team

Published : March 19, 2025 at 3:37 PM IST

3 Min Read
Choose ETV Bharat

শিলং, 19 মার্চ: হোক না প্রীতি ম্যাচ ৷ সুনীল ছেত্রীর প্রত্যাবর্তন ঘিরে সরগরম ভারতীয় ফুটবল ৷ তবে সুনীলের প্রত্যাবর্তন ম্যাচে বুধবার শিলংয়ে মলদ্বীপের বিরুদ্ধে নামার আগে আবারও ধাক্কা ভারতীয় শিবিরে। লালিয়ানজুয়ালা ছাংতে ছিটকে গিয়েছিলেন আগেই ৷ এবার চোট ছিটকে দিল মনবীর সিংকে ৷ শিলংয়ে শিবির ছেড়ে মোহনবাগান উইঙ্গার কলকাতায় ফিরে আসছেন বলে জানানো হয়েছে ভারতীয় দলের তরফে ৷

কেবল মলদ্বীপ ম্যাচ নয়, এশিয়ান কাপ কোয়ালিফায়ারে আগামী 25 মার্চ বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচেও মনবীরকে পাবেন না মানোলো মার্কুয়েজ ৷ 450 দিনের উপর জয়হীন ভারতীয় দলের জন্য যা বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে ৷ আইএসএল শিল্ডজয়ী মোহনবাগান সুপার জায়ান্টের গুরুত্বপূর্ণ সদস্য মনবীর চলতি আইএসএলে দারুণ ছন্দে ৷ বুধবার সকালে মনবীরের ছিটকে যাওয়ার খবর শেয়ার করে ভারতীয় দলের তরফে লেখা হয়েছে, "চোটের কারণে ভারতীয় স্কোয়াড থেকে ছেড়ে দেওয়া হয়েছে মনবীর সিংকে ৷ শিলংয়ে ভারতীয় শিবির ছেড়েছেন মনবীর ৷ শীঘ্রই কলকাতায় পৌঁছবেন তিনি ৷"

যদিও মনবীরের চোট কতটা গুরুতর, তা অবশ্য স্পষ্ট নয় ৷ তবে নিঃসন্দেহে সেমিফাইনালে নামার আগে এই ঘটনা উদ্বেগে রাখবে সবুজ-মেরুন কোচ হোসে মোলিনাকে ৷ আইএসএল গ্রুপ লিগের পর জাতীয় শিবিরে ফুটবলার ছাড়ার আগে ফুটবলারদের চোট-আঘাত নিয়ে চিন্তিত ছিলেন বাগান কোচ ৷

বুধবার শিলংয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে ভারত। বাংলাদেশের বিরুদ্ধে এশিয়ান কাপের যোগ্যতাঅর্জন পর্বের ম্যাচের আগে মলদ্বীপ ম্যাচ ভারতের কাছে ড্রেস রিহার্সাল। শিলংয়ে প্রথম আন্তর্জাতিক ফুটবল ম্যাচ নিয়ে উন্মাদনা যথেষ্ট। একইসঙ্গে সুনীল ছেত্রীর প্রত্যাবর্তন নিয়ে বাড়তি আবেগ তো রয়েইছে। চলতি আইএসএলে ইতিমধ্যেই সুনীল একডজন গোল করে ফেলেছেন। যা প্রমাণ করে চালসে নয়, বরং চল্লিশে সুনীলের স্কোরিং বুট এখনও গোল খুঁজে নিতে জানে। মলদ্বীপের বিরুদ্ধে নামার আগে নিজেদের লক্ষ্য পরিষ্কার করে দিয়েছেন ভারতের হেড কোচ মানোলো মার্কুয়েজও। তিনি বলেন, "আমরা এখানে প্রথমবার খেলছি ৷ গতবছর যখন আমি শিলংয়ে ডুরান্ড কাপের ম্যাচ দেখেছিলাম, তখনই মনে হয়েছিল মাঠ, দর্শক, আবহ সবকিছুই চমৎকার ৷"

গত আটমাসে গোল খরায় ভুগতে থাকা দলে সুনীলকে কীভাবে ব্যবহার করা হবে? উত্তরে মানোলো বলেন, "আমি নিশ্চিত নই সুনীল ছেত্রী শুরু থেকেই মাঠে নামবে কি না। আমরা ছ'টি পরিবর্তন করতে পারব ৷ তাই মোট 17 জন ফুটবলার মাঠে নামতে পারবে এবং সুনীল তাঁদের একজন হবে।" একইসঙ্গে তাঁর সংযোজন, "সুনীল ছেত্রী এই মরশুমে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ গোলদাতা। একজন ফুটবলারের বয়স যাইহোক না কেন, তাঁর পারফরম্যান্স দেখেই তাঁকে বিচার করা উচিত।"

আরও পড়ুন: