ETV Bharat / sports

অধিনায়কের জোড়া গোল, দশজনের বিলবাওকে হারিয়ে ফাইনালের পথে ইউনাইটেড

ইউরোপা লিগের ফাইনাল কার্যত নিশ্চিত করে ফেলল ম্য়ান ইউ ৷ সেমিফাইনালের প্রথম লেগ তিন গোলে জিতে নিল তাঁরা ৷

MANCHESTER UNITED BEAT ATHLETIC CLUB
জোড়া গোল ব্রুনোর (AP)
author img

By ETV Bharat Sports Team

Published : May 2, 2025 at 12:14 PM IST

2 Min Read
Choose ETV Bharat

বিলবাও, 2 মে: কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় পর্বে লিয়ঁর বিরুদ্ধে রূপকথার প্রত্যাবর্তনে জয় ৷ এরপর প্রিমিয়র লিগে জোড়া ম্য়াচ খেলেছে ম্য়াঞ্চেস্টার ইউনাইটেড ৷ দু'টিতেই অবশ্য পয়েন্ট নষ্ট করেছে তাঁরা ৷ উলভসের বিরুদ্ধে 0-1 গোলে হারের পর বোর্নমাউথের বিরুদ্ধে 1-1 ড্র করেছে ইউনাইটেড ৷ কিন্তু মহাদেশীয় প্রতিযোগিতায় ফিরতেই ফের জ্বলে উঠল রুবেন আমোরিমের দল ৷ ইউরোপা লিগের প্রথম সেমিফাইনালে অ্যাথলেটিক বিলবাওকে তাঁদের ঘরের মাঠে 3-0 গোলে হারাল ইংলিশ জায়ান্টরা ৷ জোড়া গোল করলেন অধিনায়ক ব্রুনো ফার্নান্ডেজ ৷

সান মামেস স্টেডিয়ামে বৃহস্পতিবার ইউনাইটেডের প্রথম গোলের আগে এগিয়ে যেতেই পারত হোম টিম বিলবাও ৷ 11 মিনিটে আলেজান্দ্রো বেরেঙ্গুয়েরের ক্রস থেকে ইনাকি উইলিয়ামসের হেড অল্পের জন্য ক্রসবারের উপর দিয়ে চলে যায় ৷ বেরেঙ্গুয়েরের একটি জোরালো শট ম্য়ান ইউ গোলরক্ষক আন্দ্রে ওনানা দুরন্ত সেভ করেন ৷ পাঁচ মিনিটেই অবশ্য ইউনাইটেডকে এগিয়ে দিয়েছিলেন আলেজান্দ্রো গার্নাচো ৷ কিন্তু অফসাইডের কারণে তা বাতিল হয় ৷ 30 মিনিটে ক্যাশেমিরোর গোলে অবশ্য অফসাইডের কোনও গন্ধ ছিল না ৷ ডানদিক থেকে হ্যারি ম্যাগুয়ারের ভাসানো বল ম্য়ানুয়েল উগার্তের মাথা ছুঁয়ে পৌঁছে যায় গোলের সামনে অরক্ষিত ক্যাশেমিরোর কাছে ৷ জোরালো হেডে 1-0 করেন ব্রাজিলিয়ান ৷

প্রথম গোলের সাত মিনিট বাদেই দ্বিতীয় গোল ইউনাইটেডের ৷ বক্সের মধ্যে ইউনাইটেড স্ট্রাইকার রাসমুস হইল্য়ান্ডকে টেনে ফেলে দেন ড্যানি ভিভিয়ান ৷ ভিএআরের সাহায্য নিয়ে রেফারি পেনাল্টি দেন অ্যাওয়ে দলকে ৷ শুধু তাই নয়, ভিভিয়ানকে মার্চিং অর্ডার দেওয়া হয় ৷ স্পটকিক থেকে 2-0 করেন ব্রুনো ৷ প্রথমার্ধের শেষ মিনিটে দশজনের বিলবাওয়ের বিরুদ্ধে তৃতীয় গোলটিও পেয়ে যায় ইউনাইটেড ৷ উগার্তের থ্রু বল ধরে আগুয়ান গোলরক্ষককে দেখে ঠাণ্ডা মাথায় ফিনিশ করেন ইউনাইটেড অধিনায়ক ৷

দ্বিতীয়ার্ধে বিলবাও আক্রমণের বিক্ষিপ্ত ঝড়ঝাপ্টা সামলেও রক্ষণ দুর্গ অক্ষুণ্ণ থাকে ইউনাইটেডের ৷ তবে আর গোল পায়নি তাঁরা ৷ অ্যাওয়ে ম্য়াচে তিন গোল নিঃসন্দেহে ইউনাইটেডের ফাইনালে প্রবেশের পথে বড়সড় অ্যাডভান্টেজ ৷ আগামী 9 মে ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে বিলবাওয়ের বিরুদ্ধে শেষ চারের ফিরতি লেগে নামবে 'রেড ডেভিলস' ৷ অন্য সেমিফাইনালে প্রথম লেগে নরওয়ের ক্লাব বোডো/গ্লিমটকে 3-1 গোলে হারিয়েছে টটেনহ্যাম ৷

আরও পড়ুন: