জোটাকে অনন্য সম্মান, 20 নম্বর জার্সি তুলে রাখার সিদ্ধান্ত লিভারপুলের
গত এপ্রিলে মার্সিসাইড ডার্বিতে 20 নম্বর জার্সিতে লিভারপুলের হয়ে শেষ গোলটি করেছিলেন দিয়োগো জোটা ৷

Published : July 4, 2025 at 2:34 PM IST
হায়দরাবাদ, 4 জুলাই: ক্লাবের ইতিহাসে যা কখনও ঘটেনি, দিয়োগো জোটার মর্মান্তিক মৃত্যুতে সেটাই করার পথে লিভারপুল ৷ 2020 সালে অ্যানফিল্ডে যোগদানের পর থেকে 20 নম্বর জার্সি পরেই খেলতেন পর্তুগিজ ফুটবলার ৷ সেই জার্সিতেই সম্প্রতি শেষ হওয়া মরশুমে 'দ্য রেডস'কে প্রিমিয়র লিগ খেতাব এনে দেওয়ায় উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন 28 বছরের জোটা ৷ গাড়ি দুর্ঘটনায় ফুটবলারের অকাল মৃত্যু হলেও তাঁর জার্সিকে অমর করে রাখার সিদ্ধান্ত নিল লিভারপুল ৷
বিবৃতিতে জানাল লিভারপুল: স্পেনের জামোরা শহরে বৃহস্পতিবার মাঝরাস্তায় গাড়ির টায়ার ফেটে মৃত্যুর কোলে ঢলে পড়েন লিভারপুল তথা পর্তুগাল জাতীয় দলের ফুটবলার দিয়োগো জোটা ও তাঁর ভাই আন্দ্রে সিলভা ৷ ক্লাবের ফুটবলারের অকালে মর্মান্তিক মৃত্যু স্তম্ভিত করেছে লিভারপুলকে ৷ শোকবার্তায় তারা লিখেছে, "2024-25 লিভারপুলের খেতাবজয়ে তাঁর (দিয়োগো জোটা) অবদানের কথা মাথায় রেখে 20 নম্বর জার্সিকে অমর করে রাখবে ক্লাব ৷" গত এপ্রিলে 20 নম্বর জার্সিতে লিভারপুল এবং কেরিয়ারের শেষ গোলটি করেছিলেন জোটা ৷ এভার্টনের বিরুদ্ধে ডার্বিতে তাঁর গোলেই ম্য়াচ জিতেছিল 'দ্য রেডস' ৷ বিবৃতিতে সেই বিষয়টিই উল্লেখ করা হয়েছে ৷
He took us to victory – a tribute to Diogo Jota ❤️
— Liverpool FC (@LFC) July 3, 2025
লিভারপুল শিবিরেই যোগ দিতে যাচ্ছিলেন জোটা: ফুসফুসে অস্ত্রোপচারের কারণে বিমানে চড়ার ক্ষেত্রে চিকিৎসকের নিষেধাজ্ঞা ছিল ৷ জোটা তাই ফেরি ধরতে বৃহস্পতিবার সড়কপথে পোর্তো থেকে স্যান্টান্ডারের পথে যাচ্ছিলেন ৷ নদীপথে ইংল্য়ান্ডে পৌঁছনোর কথা ছিল তাঁর ৷ আগামী সোমবার থেকে শুরু হতে চলা লিভারপুল অনুশীলনে যোগদানের কথা ছিল পর্তুগিজ ফরোয়ার্ডের ৷

কী বললেন লিভারপুল ম্য়ানেজার: জোটার মৃত্যুতে অভাবনীয় ক্ষতি হল লিভারপুলের ৷ শোকবার্তায় এমনটাই জানালেন ক্লাবের ম্যানেজার তথা কোচ আর্নে স্লট ৷ 'ইউ উইল নেভার ওয়াক আলোন', ক্লাবের অ্যান্থমের কথাই প্রতিধ্বনিত হয়েছে স্লটের গলায় ৷ তিনি জানিয়েছেন, জোটার পরিবার-পরিজনরা চরম এই সময়ে যেন নিজেদের একা না-ভাবেন ৷ ক্লাব সবসময় তাঁদের পাশে রয়েছে ৷ লিভারপুল ম্য়ানেজারের কথায়, "ফুটবলার, স্টাফ, লিভারপুলের সমর্থকেরা সর্বদা আপনাদের সঙ্গে রয়েছে ৷ এই বিপর্যয় একা হাতে সামলানোর নয় ৷ এটি জোটা ও তাঁর পরিবারের প্রতি এত মানুষের জুড়ে থাকা শ্রদ্ধার একটি প্রতিক্রিয়াও বটে ৷"
কী লিখলেন রোনাল্ডো: জাতীয় দলের জুনিয়র ফুটবলার তথা সতীর্থের মৃত্যুতে স্তম্ভিত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ গতমাসে নেশনস লিগ জয়ের পর জোটার সঙ্গে একটি ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করে তিনি শোকবার্তায় লিখেছেন, "এই তো ক'দিন আগে জাতীয় দলে ছিলাম একসঙ্গে ৷ এইতো বিবাহবন্ধনে আবদ্ধ হলে ৷ তোমার স্ত্রী, সন্তান, পরিবারে প্রতি আন্তরিক সমবেদনা ৷ এই পরিস্থিতি কাটিয়ে উঠতে ঈশ্বর তাঁদের সব শক্তি দিক ৷ আমি জানি তুমি সবসময় তাঁদের সঙ্গেই থাকবে ৷ শান্তিতে ঘুমোও দিয়োগো এবং আন্দ্রে ৷ আমরা সকলে তোমাদের মিস করব ৷"

