ETV Bharat / sports

গাড়ি দুর্ঘটনায় মৃত রোনাল্ডোর সতীর্থ জোটা, সদ্য জিতেছিলেন নেশনস লিগ

স্পেনের জামোরা প্রদেশে বৃহস্পতিবার সকালেই গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন লিভারপুল ফুটবলার ও তাঁর ভাই ৷

DIOGO JOTA DIES
দিয়োগো জোটা (GETTY)
author img

By ETV Bharat Sports Team

Published : July 3, 2025 at 2:20 PM IST

2 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ, 3 জুলাই: গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল লিভারপুল ফরোয়ার্ড দিয়োগো জোটার ৷ পর্তুগালের জাতীয় দলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সতীর্থও ছিলেন তিনি ৷ সদ্য দেশের জার্সিতে জিতেছিলেন উয়েফা নেশনস লিগ ৷ স্পেনের জামোরা প্রদেশে বৃহস্পতিবার সকালে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন জোটা ও তাঁর ভাই ৷ দুর্ঘটনায় দু'জনেরই মৃত্যু হয়েছে বলে মার্কা'র রিপোর্টে প্রকাশ ৷ গত মাসেই দীর্ঘদিনের পার্টনার রুতে কার্দোসোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন 28 বছর বয়সি এই লিভারপুল ফুটবলার ৷ রয়েছে তিন সন্তানও ৷ স্বভাবতই পর্তুগিজ ফুটবলারের মৃত্যুতে মনখারাপ বিশ্ব ফুটবলের ৷

দুর্ঘটনায় নিহত জোটার ভাই 26 বছরের আন্দ্রে সিলভাও একজন পেশাদার ফুটবলার ৷ পর্তুগালের দ্বিতীয় ডিভিশন ক্লাব পেনাফিয়েলে খেলতেন তিনি ৷ বিবিসি জানিয়েছে জামোরা প্রদেশে এদিন দু'জনের গাড়ির টায়ার আচমকা ফেটে যাওয়াতেই বিপত্তি ৷ টায়ার ফেটে রাস্তার ধারে সংঘর্ষ হয় গাড়িটির ৷ সংঘর্ষের অভিঘাত এতটাই ছিল যে দাউ-দাউ করে জ্বলে যায় দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি ৷ প্রত্যক্ষদর্শীদের মতে, আগুনে পুড়ে ছাই হয়ে যায় গাড়িটি ৷

2020 সালে উলভারহ্যাম্পটন থেকে মোটা অঙ্কের চুক্তিতে জোটাকে দলে নেয় লিভারপুল ৷ মৃত্যুর আগে পর্যন্ত সেই ক্লাবেরই চুক্তিবদ্ধ ফুটবলার ছিলেন তিনি ৷ 'দ্য রেডস'-এর হয়ে ইংলিশ প্রিমিয়র লিগ (2024-25), এফএ কাপ (2022), জোড়া লিগ কাপ (2022, 2024) জয়ী দলের সদস্য ছিলেন জোটা ৷ লিভারপুল জার্সিতে সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে 182 ম্যাচে জোটার নামের পাশে রয়েছে 65 গোল এবং 28টি অ্যাসিস্ট ৷ মোহামেদ সালাহর পাশে সাম্প্রতিক সময়ে লিভারপুল আক্রমণভাগে তুরুপের তাস ছিলেন পর্তুগিজ এই ফুটবলার ৷ তাই জোটার মৃত্যুতে যেন অ্য়ানফিল্ডের আকাশ থেকে তারা খসে পড়ল ৷ কেরিয়ারের শুরুতে স্প্যানিশ জায়ান্ট অ্যাতলেতিকো মাদ্রিদের হয়েও খেলেছেন জোটা ৷

ক্লাব ফুটবলের পাশাপাশি দেশের জার্সিতেও সমান উজ্জ্বল ছিলেন বছর আঠাশের জোটা ৷ পর্তুগাল জার্সিতে 49 ম্য়াচে জোটা করেছেন 14টি গোল ৷ গত মাসে স্পেনকে হারিয়ে দেশের দ্বিতীয় নেশনস লিগ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন জোটা ৷

লিভারপুলের তরফে শোকবার্তায় লেখা হয়েছে, "দিয়োগো জোটার মর্মান্তিক মৃত্যুর খবরে বিধ্বস্ত ক্লাব ৷" শোকবার্তা জ্ঞাপন করা হয়েছে ইউরোপিয়ান ফুটবলের গভর্নিং বডি উয়েফার তরফেও ৷ তাঁরা লিখেছে, "ইউরোপিয়ান ফুটবল কমিউনিটি পর্তুগাল জাতীয় দল এবং লিভারপুল ফুটবলার দিয়োগো জোটার ও তাঁর ভাই আন্দ্রে সিলভার আকস্মিক মৃত্যুতে শোকাহত ৷ এই অপূরণীয় ক্ষতির শিকার হওয়া দিয়োগো জোটার পরিবার, পরিজন এবং সতীর্থদের প্রতি রইল সমবেদনা ৷" এছাড়া ম্য়াঞ্চেস্টার সিটি, চেলসি, প্রাক্তন ক্লাব এফসি পোর্তোর তরফেও ইতিমধ্যেই এসেছে শোকবার্তা ৷

আরও পড়ুন: