ETV Bharat / sports

ডিসেম্বরে মায়ানগরীতে মেসি, ওয়াংখেড়েয় ক্রিকেট খেলবেন সচিন-বিরাটদের সঙ্গে

ডিসেম্বরে ভারত সফরে এসে একাধিক শহরে ঘুরবেন আর্জেন্তাইন মহাতারকা ৷

LIONEL MESSI
লিয়োনেল মেসি (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : August 1, 2025 at 6:03 PM IST

2 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ, 1 অগস্ট: ফুটবলের বরপুত্র লিয়োনেল মেসি ক্রিকেট খেলবেন সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, রোহিত শর্মাদের সঙ্গে ৷ তাও কি না ভারতের বিশ্বজয়ের মাঠ ওয়াংখেড়েতে ৷ বিষয়টি আজগুবি বলে মনে হচ্ছে ? কিন্তু এটাই সত্য়ি যে বড়দিনের ঠিক আগে অর্থাৎ, চলতি বছর ডিসেম্বরে ভারত সফরের অংশ হিসেবে মায়ানগরী মুম্বইয়ে পা রাখবেন ইন্টার মিয়ামি তারকা ৷ মুম্বইয়ের ওয়াংখেড়েতে সেভেন-এ সাইড ক্রিকেট ম্য়াচে অংশ নেবেন তিনি ৷

ইটিভি ভারতকে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে এ বিষয়ে নিশ্চিত করা হয়েছে ৷ যা খবর তাতে আগামী 13 থেকে 15 ডিসেম্বর তিনদিনের সফরে ভারতের একাধিক শহরে বহু ইভেন্টে অংশ নেবেন আর্জেন্তাইন ফুটবল মায়েস্ত্রো ৷ তবে মুম্বইয়ে ক্রিকেট ম্য়াচ খেলার বিষয়টিতে যে আলাদা উন্মাদনা যোগ হবে, তা বলাই বাহুল্য ৷ মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক উচ্চপদস্থ আধিকারিক ইটিভি ভারতকে বলেন, "মেসি ডিসেম্বরে ভারত সফরে আসছে ৷ মুম্বইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিয়ে আসা হবে ৷ সেখানে সেভেন-এ সাইড ক্রিকেট ম্য়াচে অংশ নেবেন তিনি ৷ যে ম্য়াচে সচিন তোন্ডুলকর, রোহিত শর্মা, বিরাট কোহলিরাও অংশগ্রহণ করবেন ৷"

এর আগে 2011 সালে শেষবার ভারত সফরে এসেছিলেন গ্রহের অন্যতম সেরা ফুটবলার ৷ সেবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ভেনেজুয়েলার সঙ্গে একটি প্রীতি ম্য়াচে অংশ নিয়েছিল 'লা-আলবিলেস্তে' ৷ যে ম্য়াচ খেলেছিলেন মেসি ৷ চলতি বছরের শেষে ভারত সফরে ফের কলকাতায় যাবেন আর্জেন্তাইন তারকা ৷ সঙ্গে মুম্বই এবং দিল্লিতেও ঘুরবেন 2022 সালে 36 বছর পর আর্জেন্তিনাকে বিশ্বকাপ জেতানোর অন্যতম কাণ্ডারী ৷

ডিসেম্বরে ভারত সফরে শহর কলকাতাতেও বেশ কিছু ইভেন্ট থাকছে এলএম টেন-এর ৷ যা খবর তাতে ইডেন গার্ডেন্সে সংবর্ধিত করা হবে বার্সেলোনা কিংবদন্তিকে ৷ যে অনুষ্ঠানে থাকার কথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়েরও ৷ কলকাতা সফরে একটি ফুটবল ওয়ার্কশপেও অংশ নেওয়ার কথা রয়েছে মেসির ৷ এই সফরে একটি ফুটবল ক্লিনিকেরও উদ্বোধন করবেন তিনি ৷

আরও পড়ুন: