লর্ডসে ফের শতরান, দ্বিতীয় ভারতীয় হিসেবে 'হোম অব ক্রিকেটে' অনন্য কীর্তি রাহুলের
বিলেতের মাটিতে এই নিয়ে চতুর্থ শতরান করে ফেললেন ভারতীয় ওপেনার ।

Published : July 12, 2025 at 7:58 PM IST
লন্ডন, 12 জুলাই: প্রথমদিনের শেষে অপরাজিত ছিলেন 53 রানে । লর্ডস টেস্টের তৃতীয়দিন দ্বিতীয় সেশনের শুরুতে হাফসেঞ্চুরিকে কেরিয়ারের দশম সেঞ্চুরির রূপ দিলেন কেএল রাহুল । লিডসে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে শতরানের পর লর্ডসে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ফের তিন অঙ্কের রান এল ভারতীয় ওপেনারের ব্যাটে । সেইসঙ্গে নজিরে নাম তুললেন দক্ষিণী ব্যাটার ।
এই নিয়ে বিলেতভূমে চতুর্থ টেস্ট শতরান এল রাহুলের ব্যাটে । কিন্তু তার চেয়েও তাৎপর্যপূর্ণ হল, 'হোম অব ক্রিকেট'-এ দ্বিতীয় টেস্ট শতরান পূর্ণ করলেন তিনি । দিলীপ বেঙ্গকসরকরের পর দ্বিতীয় ভারতীয় ব্যাটার হিসেবে এই অনন্য কীর্তি গড়লেন রাহুল । এর আগে 2021 সালে অভিজাত লর্ডসে টেস্ট সেঞ্চুরি করেছিলেন ডানহাতি ব্যাটার । বিশ্বের হাতে গোনা 18 জন ব্যাটার রয়েছেন, যাঁদের লর্ডসে একাধিক শতরানের রেকর্ড রয়েছে । দিলীপ বেঙ্গসরকরের ঝুলিতে রয়েছে লর্ডসে তিনটি শতরানের নজির ।
শতরানে নজির হাঁকানোই কেবল নয়, সতীর্থ ঋষভ পন্তের সঙ্গে চতুর্থ উইকেটে 147 রান যোগ করে রাহুল তৃতীয় টেস্টে দলকে পৌঁছে দিলেন সুবিধাজনক জায়গায় । তৃতীয়দিন প্রথম সেশনে 98 রানে অপরাজিত ছিলেন রাহুল । লাঞ্চের আগে পন্তের (74) উইকেট হারাতে হলেও ক্রিজ আঁকড়ে ছিলেন তিনি ।
CENTURY for KL Rahul! 👏👏
— BCCI (@BCCI) July 12, 2025
His 10th HUNDRED in Test Cricket 💯
And 2nd Ton at Lord's 🏟️👌
Updates ▶️ https://t.co/X4xIDiSUqO#TeamIndia | #ENGvIND | @klrahul pic.twitter.com/vFDNhWsnH5
দ্বিতীয় সেশনের দ্বিতীয় ওভারে জোফ্রা আর্চারকে কভারে ঠেলে এক রান নিয়ে টেস্ট ক্রিকেটের দশম শতরানটি পূর্ণ করে ফেলেন দক্ষিণী ব্যাটার । 176 বল খেলে 13টি বাউন্ডারি মেরে সংযমী ব্যাটিংয়ে তিন অঙ্কের রানে পৌঁছন রাহুল । তবে শতরানে পৌঁছনোর পরের বলেই যবনিকা পড়ে রাহুলের দুরন্ত ইনিংসে । শোয়েব বশিরের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন তিনি ।
প্রতিবেদন লেখা পর্যন্ত তারপর অবশ্য আর উইকেট হারায়নি টিম ইন্ডিয়া । প্রথম ইনিংসে ইংল্যান্ডের 387 রানের জবাবে পাঁচ উইকেট হারিয়ে তিনশো পেরিয়ে গিয়েছে ভারত । 88 ওভারে টিম ইন্ডিয়ার রান 306 । ক্রিজে 36 রানে অপরাজিত রবীন্দ্র জাদেজা । সঙ্গী নীতীশ রেড্ডি ব্যাট করছেন 19 রানে ।

