আর বাকি 3 দিন, কেকেআরের ক্রিকেটারদের কী অবস্থা ! চিন্তায় হেড কোচ
শনিবার ঢাকে কাঠি আইপিএলের ৷ তার আগে কড়া অনুশীলনে ডুবে নাইটরা ৷ কেকেআর হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত আলাদা করে কাদের নিয়ে ভাবছেন ?

Published : March 19, 2025 at 12:20 PM IST
কলকাতা, 19 মার্চ: বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ। ফলে দলের ব্যাটিং বোলিংয়ের নীলনকশা কী হবে তা দেখে নেওয়া যায়নি। হাতে সময় কম, তাই শনিবার প্রথম ম্যাচের আগে টিম কম্বিনেশন সাজিয়ে নেওয়াই কলকাতা নাইট রাইডার্স থিঙ্কট্যাঙ্কের লক্ষ্য। বিকেল 5টা থেকে প্র্যাকটিস সময়সূচি দেওয়া হলেও কেকেআর আধঘণ্টা আগে ইডেনে ঢুকে পড়ে। তারপর সাড়ে তিন ঘণ্টার কড়া অনুশীলন। তাতে দেখা গেল নেটে বাড়তি সময় দিলেন রাহানে ৷ ছন্দে রয়েছেন বরুণ, হর্ষিতরা ৷
আন্দ্রে রাসেল অনুপস্থিত। সদ্য যোগ দেওয়া বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা এবং স্পেনসার জনসন প্রথম দিনেই ছন্দে। তাঁরা তিনজনই দীর্ঘক্ষণ হাত ঘোরালেন। যা আশাবাদী করে তুলবে ব্র্যাভোকে। কারণ এই তিন জনের বোলিং খুটিয়ে নজরদারি করলেন তিনি । সুনীল নারিন বোলিং এবং ব্যাটিংয়ে দীর্ঘক্ষণ সময় ব্যয় করলেন। হর্ষিত রানা অনুশীলনের শেষভাগে ব্যাটিংয়ে সময় ব্যয় করলেন। প্র্যাকটিসে বৈভব আরোরাকে নিয়ে বাড়তি সময় ভরত অরুণের। ডেড বল অনুশীলনের কসরত করালেন তিনি।

ভেঙ্কটেশ আইয়ার এবং রিঙ্কু সিংকে নিয়ে আলাদা করে আলোচনায় কেকেআর হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। বোলিং বিভাগের কড়া কসরতের পাশে নাইট শিবিরের প্রত্যেককেই ঘুরিয়ে ফিরিয়ে ব্যাটিং করেছেন। নাইট প্রস্তুতিতে চিন্তা ধরা পড়েছে অধিনায়ক অজিঙ্কে রাহানের ফর্ম। দুটো প্রস্তুতি ম্যাচেই সাবলীল ব্যাটিং দেখা যায়নি। টি-20 ক্রিকেটে প্রতিটি বলই গুরুত্বপূর্ণ। সেখানে বল নষ্ট করার অর্থ ইনিংসের গতিতে ধাক্কা দেওয়া।

বিষয়টি বুঝতে পেরেই অজিঙ্কে রাহানে প্র্যাকটিসে বাড়তি মনোযোগী। বাড়তি সময়ও ব্যয় করলেন। নেটে বেশ কয়েকবার পরাস্ত হলেন। তবে ছন্দে ফেরার চেষ্টায় নাইট নেতা। পুরো দল নিয়ে জোরকদমে অনুশীলনে নাইটরা। হাতে 96 ঘণ্টা। তার আগে সব ত্রুটি সারিয়ে প্রথম দিন থেকেই সেরা ছন্দে মেলে ধরতে কেকেআর দৃঢ়প্রতিজ্ঞ। যার প্রতিফলন প্র্যাকটিসে।

