স্বাধীনতা দিবসে প্রস্তুতি শুরু করছেন সুনীলদের নয়া কোচ খালিদ
জামশেদপুর এফসি'র দায়িত্ব ছেড়ে বুধবার আনুষ্ঠানিকভাবে ভারতীয় কোচের পদে বসলেন খালিদ জামিল ৷

Published : August 13, 2025 at 4:39 PM IST
হায়দরাবাদ, 13 অগস্ট: চলতি মাসের প্রথমদিনই চলে এসেছিল ঘোষণা ৷ মানোলো মার্কুয়েজ পরবর্তী ভারতীয় ফুটবল দলের নয়া কোচ হিসেবে খালিদ জামিলকে বেছে নিয়েছিল ফেডারেশনের কার্যকরী কমিটি ৷ বুধবার ফেডারেশনের চুক্তিপত্রে সই করলেন নয়া কোচ খালিদ জামিল ৷ জামশেদপুর এফসি'র দায়িত্ব ছেড়ে আনুষ্ঠানিকভাবে ভারতীয় কোচের পদে বসলেন দেশের ফুটবল সার্কিটে পোড় খাওয়া এই কোচ ৷
ফেডারেশনের তরফে এক বিবৃতিতে এদিন আনুষ্ঠানিকভাবে খালিদের হটসিটে বসার কথা ঘোষণা করা হয় ৷ ফেডারেশনের সঙ্গে নয়া কোচের দু'বছরের চুক্তির বিষয়টিও উল্লেখ রয়েছে সেখানে ৷ প্রয়োজনে খালিদের সঙ্গে যে আরও একবছর চুক্তি বাড়ানো হতে পারে, তাও বলা হয়েছে বিবৃতিতে ৷ চলতি মাসেই নয়া ভারতীয় কোচ হিসেবে প্রথম অ্যাসাইনমেন্ট রয়েছে খালিদ জামিলের ৷ সুনীল ছেত্রীরা যে কাফা নেশনস নেশনস কাপে অংশ নিচ্ছে তা জানাই ছিল ৷ সেই টুর্নামেন্টে আগামী 29 অগস্ট আয়োজক তাজিকিস্তানের মুখোমুখি হবে ভারত ৷
গ্রুপ-বি'তে এরপর ভারতের পরবর্তী দুই প্রতিপক্ষ ইরান (1 সেপ্টেম্বর) এবং আফগানিস্তান ( 4 সেপ্টেম্বর) ৷ তবে কোচ হিসেবে খালিদের প্রথম বড় পরীক্ষা তারপর ৷ অক্টোবরে ফিফা উইন্ডোয় এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে সিঙ্গাপুরের বিরুদ্ধে হোম-অ্য়াওয়ে জোড়া ম্য়াচ খেলবে 'ব্লু টাইগার্স' ৷ উল্লেখ্য, গত জুনে হংকংয়ের বিরুদ্ধে এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে হেরে ভারতীয় দলের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন স্প্য়ানিশ কোচ মানোলো মার্কুয়েজ ৷
𝐂𝐥𝐮𝐛 𝐒𝐭𝐚𝐭𝐞𝐦𝐞𝐧𝐭.📰
— Jamshedpur FC (@JamshedpurFC) August 13, 2025
[Jam Ke Khelo, Indian Football, Men Of Steel, Jamshedpur, Khalid Jamil] pic.twitter.com/WVwHIHOx8J
ভারতীয় দলের দায়িত্বগ্রহণের আগে জামশেদপুর এফসি কোচের পদ গত কয়েকবছর ধরে সামলাচ্ছিলেন খালিদ ৷ গত মরশুমে আইএসএল সেমিফাইনালেও তাঁদের পৌঁছে দিয়েছিলেন জাতীয় দলের জার্সিতে 15 ম্য়াচ খেলা প্রাক্তন এই ফুটবলার ৷ 2012 স্য়াভিও মেদেইরার পর প্রথম দেশীয় কোচ হিসেবে ভারতীয় দলের দায়িত্ব নেওয়া খালিদ বলেন, "জাতীয় দলকে প্রশিক্ষণ দেওয়ার সুযোগ পেয়ে আমি গর্বিত একইসঙ্গে কৃতজ্ঞ ৷ বহুবছর ধরে ভারতীয় ফুটবলারদের সঙ্গে কাজ করার সুবাদে তাঁদের শক্তি এবং দুর্বলতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি ৷ আর সেই ধারণা থেকেই কাফা নেশনস কাপ এবং সিঙ্গাপুরে আসন্ন এশিয়ান কাপ কোয়ালিফায়ারের জোড়া গুরুত্বপূর্ণ ম্য়াচের প্রস্তুতি সারব আমরা ৷"
এদিকে খালিদের প্রস্থানে শূন্যতা তৈরি হল জামশেদপুরে ৷ বুধবার ক্লাবের তরফে এক বিবৃতি মারফত কোচকে বিদায় জানানো হয়েছে ৷ একইসঙ্গে আগামীর জন্য সদ্য প্রাক্তন হওয়া কোচকে শুভেচ্ছা জানিয়েছে তাঁরা ৷ আইএসএল সেমিফাইনালের পাশাপাশি গত মরশুমে খালিদের প্রশিক্ষণে কলিঙ্গ সুপার কাপের ফাইনালে পৌঁছেছিল ইস্পাতনগরীর ক্লাবটি ৷

