ETV Bharat / sports

দেশীয় কোচে আস্থা, সুনীলদের নতুন হেডস্যর খালিদ জামিল

জল্পনায় সিলমোহর দিয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে ঘোষণা করে দেওয়া হল খালিদের নাম ৷

KHALID JAMIL
খালিদ জামিল (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : August 1, 2025 at 12:56 PM IST

2 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ, 1 অগস্ট: প্রায় 170 জন কোচের মধ্যে থেকে তিনজনকে দিনকয়েক আগে চূড়ান্ত করে ফেলেছিল ফেডারেশনের টেকনিক্য়াল কমিটি ৷ অতীতে দায়িত্ব সামলানো স্টিফেন কনস্ট্য়ানটাইন, স্তেফান তার্কোভিচের সঙ্গে ভারতীয় কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে ছিলেন খালিদ জামিল ৷ শেষ পর্যন্ত দেশীয় কোচে আস্থা রাখা হল ৷ মানোলো মার্কুয়েজ পরবর্তী ভারতীয় ফুটবল দলের নয়া কোচ হলেন খালিদ জামিলই ৷ জল্পনায় সিলমোহর দিয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে ঘোষণা করে দেওয়া হল তাঁর নাম ৷

ফেডারেশনের কার্যকরী সমিতির বৈঠকে শুক্রবার তিনজনের মধ্যে খেকে চূড়ান্ত করা হয় খালিদের নাম ৷ চলতি ডুরান্ড কাপেও যিনি জামশেদপুর এফসি'র কোচের দায়িত্বে রয়েছেন ৷ টুর্নামেন্ট শেষ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে তিনি সুনীল ছেত্রীদের দায়িত্ব গ্রহণ করবেন বলে মনে করা হচ্ছে ৷ অতীতে আইজল এফসি'কে আই লিগ চ্য়াম্পিয়ন করা এবং বর্তমান ভারতীয় ফুটবল সার্কিটে অন্যতম পোড় খাওয়া কোচ খালিদ জামিলই যে মানোলোর জুতোয় পা গলাচ্ছেন, তা বিভিন্ন সূত্রের খবরে স্পষ্ট ছিল ৷ সেই জল্পনায় সিলমোহর পড়ল শুক্রের সকালে ৷

এক্স হ্য়ান্ডলে ফেডারেশনের তরফে নয়া কোচের নাম ঘোষণায় বলা হয়েছে, "টেকনিক্য়াল কমিটির উপস্থিতিতে এআইএফএফ কার্যকরী সমিতি ভারতীয় পুরুষ দলের নয়া কোচ হিসেবে খালিদ জামিলের নাম অনুমোদন করেছে ৷" 13 বছর পর প্রথম দেশীয় কোচ হিসেবে ভারতীয় কোচের হটসিটে বসলেন খালিদ ৷ শেষবার 2011-12 সালে শেষবার দেশীয় কোচ হিসেবে ভারতীয় কোচের পদে দায়িত্ব সামলেছিলেন স্য়াভিও মেদেইরা ৷

আইজলকে চ্য়াম্পিয়ন করার পাশাপাশি আই লিগে মুম্বই এফসি, ইস্টবেঙ্গল, মোহনবাগানের মত দলের দায়িত্ব সামলানোর রেকর্ড রয়েছে খালিদের ঝুলিতে ৷ কোচ হিসেবে আইএসএলে খালিদ জামিলের প্রথম পা রাখা 2021-22 মরশুমে ৷ সেবার নর্থ-ইস্ট ইউনাইটেডের দায়িত্ব সামলেছিলেন তিনি ৷ এরপর 2023-24 মরশুমে জামশেদপুরের হাত ধরে দেশের টপ টিয়ার ফুটবল লিগে প্রত্য়াবর্তন করেন বছর আটচল্লিশের কোচ ৷ গতবছর জামশেদপুরকে প্লে-অফেও নিয়ে গিয়েছিলেন তিনি ৷

দেশের হয়ে 40টি ম্যাচে প্রতিনিধিত্ব করা খালিদ মাত্র 32 বছরে মুম্বই এফসি থেকে ফুটবলার কেরিয়ারে ইতি টেনেছিলেন ৷ পরবর্তীতে সেই ক্লাব থেকেই কোচিং কেরিয়ারে হাতেখড়ি হয় প্রাক্তন মিডফিল্ডারের ৷ ফুটবলার এবং কোচ হিসেবে ভারতীয় ফুটবলের জল-হাওয়ার সঙ্গে খালিদ এতটাই একাত্ম যে, দুই বিদেশি কোচকে ছাপিয়ে সুনীল-ছাংতেদের নয়া কোচ হিসেবে তাঁকেই বেছে নিল ফেডারেশন ৷ উল্লেখ্য, গত 10 জুন এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে হংকংয়ের বিরুদ্ধে হারের পরই ভারতীয় কোচের পদে ইস্তফা দিয়ে দেশে ফিরে গিয়েছিলেন মানোলো ৷ পরবর্তীতে তাঁর সঙ্গে গোল্ডেন হ্য়ান্ডশেক সেরে নেয় ফেডারেশন ৷

আরও পড়ুন: