তিনবছরের জন্য বাইশ গজে 'নিষিদ্ধ' বিশ্বজয়ী ভারতীয় ক্রিকেটার
রাজ্য ক্রিকেট সংস্থার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এনে নিষিদ্ধ হলেন শ্রীসন্থ ৷ তিনবছরের জন্য জোড়া বিশ্বকাপজয়ী ক্রিকেটারকে নিষিদ্ধ করল কেসিএ ৷

Published : May 2, 2025 at 3:31 PM IST
|Updated : May 2, 2025 at 3:36 PM IST
কোচি, 2 মে: একসময় আইপিএলে ম্য়াচ ফিক্সিংয়ের মত সাঙ্ঘাতিক অভিযোগ এসেছিল তাঁর বিরুদ্ধে ৷ ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ায় ভারতীয় বোর্ড তাঁকে প্রাথমিকভাবে আজীবন নির্বাসিত করলেও পরে তা কমে দাঁড়ায় সাত বছরে ৷ এবার রাজ্য ক্রিকেট সংস্থার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এনে নিষিদ্ধ হলেন শান্তাকুমারন শ্রীসন্থ ৷ তিনবছরের জন্য জোড়া বিশ্বকাপজয়ী প্রাক্তন ক্রিকেটারকে নিষিদ্ধ করল কেরল ক্রিকেট অ্য়াসোসিয়েশন ৷ আগামী তিনবছর ক্রিকেটীয় কোনও কর্মকাণ্ডে জড়িত থাকতে পারবেন না প্রাক্তন ডানহাতি পেসার ৷
পেশাদার ক্রিকেটকে বিদায় জানালেও বাইশ গজের সঙ্গে জড়িয়ে রয়েছেন 2007 টি-20 বিশ্বকাপজয়ী এবং 2011 বিশ্বকাপজয়ী ভারতীয় দলের এই সদস্য ৷ কেরল ক্রিকেট লিগে একটি দলের মালিকানাও রয়েছে তাঁর ৷ সেই শ্রীসন্থ ব্যান হলেন রাজ্য ক্রিকেটের গভর্নিং বডির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে ৷ যা অপমানজনকও বটে ৷
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের স্কোয়াডে সঞ্জু স্য়ামসনের জায়গা না-হওয়ায় একটি টেলিভিশন চ্য়ানেলে কেসিএ'কে কাঠগড়ায় তোলেন তিনি ৷ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ঘরোয়া একটি ক্রিকেট টুর্নামেন্টের জন্য সঞ্জুর নাম বিবেচিত না-হওয়ায় কেসিএ'র সমালোচনা করেছিলেন ক্রিকেটারের বাবা স্য়ামসন বিশ্বনাথ ৷ ঘরোয়া টুর্নামেন্টে সুযোগ না-পাওয়ার কারণেই সঞ্জুর চ্য়াম্পিয়ন্স ট্রফিতে শিকে ছেঁড়েনি ৷ এমনই অভিযোগ ছিল সঞ্জুর বাবার ৷ সেই অভিযোগের সমর্থনে রাজ্য ক্রিকেট সংস্থার সমালোচনা করেছিলেন শ্রীসন্থও ৷
🚨 Kerala Cricket Association suspends Sreesanth for 3 years over Sanju samson Controversy 🚨
— Mohit Kamal Rath (@mkr4411) May 2, 2025
The KCA also said that it will seek legal action for compensation from Sanju's father, Samson Viswanath, Reji Lukose and 24 news channel anchor for making " baseless allegations against… pic.twitter.com/S1ytkB8kBq
এমনকী সঞ্জু ও অন্যান্য কেরল ক্রিকেটারদের কেসিএ'র অবিচারের হাত থেকে রক্ষা করার বার্তাও টেলিভিশন চ্যানেলে দিয়েছিলেন শ্রীসন্থ ৷ ঘটনার পরিপ্রেক্ষিতে শ্রীসন্থ ও তাঁর ফ্র্যাঞ্চাইজিকে শো-কজ করা হয় রাজ্য ক্রিকেট অ্য়াসোসিয়েশনের তরফে ৷ ফ্র্যাঞ্চাইজি দলের তরফে শো-কজের সদুত্তর আসায় শাস্তির মুখে পড়তে হয়নি সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিকে ৷ অন্যদিকে 30 এপ্রিল জেনারেল বডির বিশেষ বৈঠকে প্রাক্তন ক্রিকেটারকে তিনবছরের জন্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয় ৷
কেবল শ্রীসন্থ নন, কেসিএ'র শাস্তির মুখে পড়েছেন সঞ্জু স্যামসনের বাবা-সহ আরও দুই ৷ জেনারেল বডির তরফে স্য়ামসন বিশ্বনাথকে জরিমানা করার পাশাপাশি তাঁর বিরুদ্ধে আইনি ব্য়বস্থা গ্রহণের কথাও জানিয়েছে কেসিএ ৷ সঞ্জু স্যামসনের নাম ব্যবহার করে কেসিএ'র বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগের কারণেই জরিমানা করা হয়েছে তাঁদের ৷

