ETV Bharat / sports

72 বলে সেঞ্চুরি, বিধ্বংসী উইলিয়ামসন ছুঁলেন ডি'ভিলিয়ার্সকে

রোহিত শর্মার শতরানের চব্বিশ ঘণ্টার মধ্যে ঝোড়ো সেঞ্চুরি কেন উইলিয়ামসনের ৷ যা চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বিপক্ষদের প্রচ্ছন্ন বার্তা ৷

KANE WILLIAMSON
লাহোরে বিধ্বংসী উইলিয়ামসন (AP)
author img

By ETV Bharat Sports Team

Published : February 10, 2025 at 7:09 PM IST

2 Min Read
Choose ETV Bharat

লাহোর, 10 ফেব্রুয়ারি: চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাক্কালে বিধ্বংসী ফর্মে কেন উইলিয়ামসন ৷ দ্বিতীয় ম্য়াচে তাঁর ঝোড়ো শতরানেই পাকিস্তানের মাটিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছে গেল নিউজিল্যান্ড ৷ 72 বলে কেরিয়ারের চতুর্দশ শতরানটি করলেন কিউয়ি তারকা ৷ 305 রান তাড়া করতে নেমে তাঁর ব্য়াটে ছয় উইকেটে জয় তুলে নিল 'ব্ল্যাক ক্য়াপস' ৷ আন্তর্জাতিক শতরানের নিরিখে গদ্দাফি স্টেডিয়ামে এদিন এবি ডি'ভিলিয়ার্সের নজিরও ছুঁয়ে ফেললেন উইলিয়ামসন ৷

অভিষেকে প্রোটিয়া ওপেনার ম্যাথু ব্রিৎজকের ব্য়াটে বিশ্বরেকর্ড ৷ সোমবার গদ্দাফি স্টেডিয়ামে প্রথমে ব্য়াট করে 50 ওভারে ছয় উইকেট হারিয়ে 304 রান তোলে দক্ষিণ আফ্রিকা ৷ ব্রিৎজকে'র শতরানের জবাবটা পাল্টা ব্য়াট হাতে ভালোমতই দিলেন উইলিয়ামসন ৷ এমনিতেই শেষ ন'টি ওডিআই ইনিংসে সাতটি অর্ধশতরান এসেছে উইলিয়ামসনের ব্যাটে ৷ ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্য়াচে পাকিস্তানের বিরুদ্ধেও অর্ধশতরান করেছিলেন তিনি ৷ আর চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সোমবার বিধ্বংসী মেজাজে ধরা দিলেন তিনি ৷ যা বাকি দলগুলোর জন্য প্রচ্ছন্ন বার্তা ৷

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শতরান উইলিয়ামসনের আন্তর্জাতিক শতরানের সংখ্যা নিয়ে গেল 47-এ ৷ আর 14তম ওডিআই শতরানে আন্তর্জাতিক সেঞ্চুরির নিরিখে প্রাক্তন প্রোটিয়া কিংবদন্তি ডি'ভিলিয়ার্সকে ছুঁয়ে ফেললেন কিউয়ি কিংবদন্তি ৷ ওপেনার উইল ইয়ং আউট হওয়ার পর এদিন ক্রিজে নামেন উইলিয়ামসন ৷ দ্বিতীয় উইকেটে ডেভন কনওয়ের সঙ্গে জুটিতে 187 রান যোগ করেন তিনি ৷ তাতেই কিউয়িদের জয়ের রাস্তা পরিষ্কার হয়ে যায় ৷ উইলিয়ামসন শতরান পূর্ণ করলেও 97 রানে ফিরতে হয় কনওয়েকে ৷

শেষপর্যন্ত 113 বলে 133 রানে অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন প্রাক্তন কিউয়ি দলনায়ক ৷ মারেন 13টি চার, দু'টি ছক্কা ৷ গ্লেন ফিলিপস 32 বলে 28 রানে অপরাজিত থেকে যান ৷ মাত্র চার উইকেট হারিয়ে আট বল বাকি থাকতে প্রয়োজনীয় 308 রান তুলে নেয় কিউয়িরা ৷ একইসঙ্গে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে জায়গা করে নেয় তাঁরা ৷

আরও পড়ুন: