ETV Bharat / sports

কৃষ্ণার সঙ্গে বচসায় রুট, সিরাজদের দাপটে চা-বিরতিতে সাত উইকেট হারাল ইংল্য়ান্ড

দ্বিতীয় সেশনে সিরাজ ও কৃষ্ণার দাপটে ছয় উইকেট হারাল ইংল্যান্ড ৷

JOE ROOT LOSES HIS COOL
কৃষ্ণার কথায় মেজাজ হারালেন রুট (AP)
author img

By ETV Bharat Sports Team

Published : August 1, 2025 at 8:39 PM IST

3 Min Read
Choose ETV Bharat

লন্ডন, 1 অগস্ট: ভারতকে 224 রানে বেঁধে ফেলার পর দুই ইংরেজ ওপেনারের বাজবল ক্রিকেটের সাক্ষী রইল দ্য ওভাল ৷ জসপ্রীত বুমরাহীন ভারতীয় বোলিং লাইন-আপকে সাধারণ স্তরে নামিয়ে এনে নজির গড়লেন জ্য়াক ক্রলি এবং বেন ডাকেট ৷ 92 রানে তাঁদের ওপেনিং জুটি ভাঙল বটে, তার আগে টেস্ট ক্রিকেটে ভারতের বিরুদ্ধে সর্বাধিক (8 বার) 50 বা বেশি রানের পার্টনারশিপের নজির গড়লেন দু'জনে ৷ পাশাপাশি ধুমধাড়াক্কা শুরু করেও মহম্মদ সিরাজ-প্রসিদ্ধ কৃষ্ণার দাপটে চা-বিরতিতে সাত উইকেট হারিয়ে বেকায়দায় ইংল্য়ান্ডও ৷ প্রথম সেশনে এক উইকেটে 109 থেকে দ্বিতীয় সেশনে সাত উইকেটে 215 তাঁরা ৷

  • ডাকেটকে সেন্ড-অফ আকাশদীপের: ক্রলির সঙ্গে জুটিতে ইংল্য়ান্ড ইনিংস শুরুতে বিস্ফোরক ব্য়াটিং করছিলেন বেন ডাকেট ৷ আকাশদীপকে রিভার্স-স্যুইপ করে বাউন্ডারি মারতেও দেখা যায় তাঁকে ৷ কিন্তু 13 ওভারে ফের একবার পেস বোলিংয়ের বিরুদ্ধে রিভার্স-স্যুইপের স্পর্ধা দেখাতে গিয়ে ঠকে যান তিনি ৷ উইকেটের পিছনে ধ্রুব জুরেলের হাতে ক্য়াচ দিয়ে ফিরে যান তিনি ৷ আর ডাকেট যখন আউট হয়ে সাজঘরের পথে হাঁটা দিচ্ছেন তখন তাঁর কাঁধে হাত রেখে কিছু বলতে শোনা যায় আকাশদীপকে ৷

প্রথমে মুষ্টিবদ্ধ হাত আকাশে ছুড়ে দেন ভারতীয় পেসার ৷ এরপর ডাকেটের কাঁধে হাত রাখা আকাশদীপের উচ্ছ্বাসেরই বহিঃপ্রকাশ ৷ তবে এহেন আউট করার পর বিপক্ষ ব্য়াটারদের এহেন সেন্ড-অফ শাস্তির আওতায় পড়ে থাকে ৷ আকাশদীপও কি সেই আওতায় পড়বেন ? উত্তর দেবে সময় ৷ ডাকেটকে সেন্ড-অফের পর এক অন-ফিল্ড আম্পায়ার ভারতীয় পেসারকে ডেকে কিছু বলেনও ৷ 38 বলে ঝোড়ো 43 করে পেরেন ডাকেট ৷

  • রুটের সঙ্গে কৃষ্ণার কথা-কাটাকাটি: পরের ঘটনাটি ইংল্য়ান্ড ইনিংসের 22তম ওভারে ৷ একটি গুড লেংথ ডেলিভারিতে জো রুটকে পরাস্ত করার পর ইংরেজ ব্য়াটারের উদ্দেশ্য কিছু মন্তব্য ছুড়ে দেন কৃষ্ণা ৷ সে যাত্রায় বেশি কিছু পাল্টা মন্তব্য না-করলেও পরের কৃষ্ণার পরের ডেলিভারি বাউন্ডারিতে পাঠিয়ে ভারতীয় বোলারের দিকে এগিয়ে যান এবং পাল্টা মন্তব্য করেন রুট ৷ আপাত নিরীহ ইংরেজ ব্য়াটারকে এমন মাথা গরম সচরাচর করতে দেখা যায় না ৷ রুটকে উত্তেজিত হতে দেখে বিষয়টিতে হস্তক্ষেপ করেন অন-ফিল্ড আম্পায়ার এহসান রাজা ৷ সবমিলিয়ে এক উত্তেজক মুহূর্তের সাক্ষী হয় ওভাল ৷
  • চা-বিরতিতে সাত উইকেট ইংল্য়ান্ডের: দফায়-দফায় উত্তেজক কিছু মুহূর্তের মধ্যেই প্রথম ইনিংসে ইংল্য়ান্ডকেও চেপে ধরেছে ভারত ৷ বাজবল শুরু করেও দ্বিতীয়দিন চা-বিরতির আগে সাত উইকেট হারাল তাঁরা ৷ তার মধ্যে দ্বিতীয় সেশনেই পড়ল ছয় উইকেট ৷ 57 বলে সর্বাধিক 64 রান করে প্রসিদ্ধ কৃষ্ণার শিকার হয়েছেন জ্য়াক ক্রলি ৷ 29 রানে রুটকে আউট করেন সিরাজ ৷ তিন উইকেট নিয়েছেন হায়দরাবাদ পেসার ৷ রুট ছাড়াও অধিনায়ক ওলি পোপ ও জ্য়াকব বেথেলকেও ফিরিয়েছেন তিনি ৷ তিন উইকেট কৃষ্ণার ঝুলিতেও ৷ এর মধ্যে একই ওভারে জেমি স্মিথ এবং জেমি ওভারটনকে ফেরালেন তিনি ৷ চা-বিরতিতে 215 রানে সাত উইকেট হারিয়েছে ইংল্য়ান্ড ৷ আপাতত ন'রানে পিছিয়ে তাঁরা ৷

আরও পড়ুন: