ETV Bharat / sports

জকোভিচকে উড়িয়ে প্রথমবার ফাইনালে সিনার, হেরে অবসর জল্পনা উসকে দিলেন 'জোকার'

চার দশকেরও বেশি সময়ের পর রোলা গারোঁয় ঘটতে চলেছে এক অভূতপূর্ব ঘটনা ।

DDSINNER BEATS DJOKOVIC
রোলা গারোঁর সেমিতে হারানোর পর জকোভিচকে আলিঙ্গন সিনারের (ROLAND GARROS X)
author img

By ETV Bharat Sports Team

Published : June 7, 2025 at 10:40 AM IST

2 Min Read
Choose ETV Bharat

প্যারিস, 7 জুন: গতবছর জোড়া গ্র্যান্ড স্ল্যাম এসেছিল হার্ড কোর্টে । ফরাসি ওপেনে দৌড় থেমেছিল শেষ চারে । চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেন জিতে মরশুম শুরু করা জ্যানিক সিনার হার্ড কোর্টের বাইরে এসেও তাঁর সাম্রাজ্য বিস্তারে বদ্ধপরিকর । সেই লক্ষ্যে ইতালির বছর তেইশের তুর্কি কোনও সেট না-খুইয়ে পৌঁছেছিলেন রোলা গারোঁর শেষ চারে । কিন্তু কিংবদন্তি নোভাক জকোভিচের সামনেও কি সমান আগ্রাসী হয়ে ধরা দেবেন সিনার ? প্রশ্ন ছিল অনুরাগীদের মনে । শুক্রবার বিশ্বের এক নম্বরের কাছে পার পেলেন না 24টি মেজরের মালিকও ।

ফিলিপ শাত্রিয়ে কোর্টে 'জোকার'কে স্ট্রেট সেটে উড়িয়ে প্রথমবার ফরাসি ওপেনের ফাইনালে পৌঁছে গেলেন সিনার । তিন ঘণ্টা 16 মিনিটের লড়াইয়ে জকোভিচকে সিনার হারালেন 6-4, 7-5, 7-6 (7-3) ব্যবধানে । ফলাফলেই স্পষ্ট কতটা দাপট নিয়ে ফাইনালে পৌঁছেছেন ইতালির তরুণ । অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কিছু ক্ষেত্রে পাল্টা লড়াই ছুড়ে দিয়েছিলেন সার্বিয়ান মহাতারকা । বেশ কিছু দুরন্ত ব়্যালিরও সাক্ষী থাকলেন সেন্টার কোর্টে হাজির দর্শকেরা । কিন্তু সিনারের 'নিখুঁত' পারফরম্যান্সের কোনও উত্তর ছিল না তিনবারের ফরাসি ওপেন বিজয়ী জকোভিচের কাছে ।

মেডিক্যাল বিরতি নিয়ে তৃতীয় সেটের আগে ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা করেছিলেন জকোভিচ । কিন্তু তিন-তিনবার সেট পয়েন্টের সামনেও দাঁড়িয়েও ম্যাচে ফিরতে ব্যর্থ হন তিনি । টাইব্রেকারে তৃতীয় সেট নিজের নাম করে প্রথম রোলা গারোঁ ফাইনালের ছাড়পত্র পেয়ে যান সিনার । আর ম্যাচ হেরে 'জোকার' জানিয়ে দিলেন ফরাসি ওপেনে হয়তো শেষ ম্যাচটা খেলে ফেললেন তিনি । ম্যাচের পর সার্বিয়ান তারকা বলেন, "এখানে খেলা এটাই হয়তো আমার শেষ ম্যাচ । তাই ম্যাচ শেষে খানিকটা আবেগী হয়ে পড়েছিলাম । আর সত্যিই যদি রোলা গারোঁয় এটা আমার ফেয়ারওয়েল ম্যাচ হয়ে থাকে তাহলে দর্শকাসন থেকে যে সাড়া পেলাম তা অভাবনীয় ।"

ফাইনাল সিনার মুখোমুখি হবেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজের । সেমির মাঝপথে আরেক ইতালিয়ান লরেঞ্জো মুসেত্তির থেকে ওয়াকওভার পেয়ে ফাইনালে পৌঁছেছেন স্প্যানিশ তারকা । সেইসময় অবশ্য প্রতিদ্বন্দ্বীর তুলনায় অনেকটাই এগিয়ে ছিলেন আলকারাজ । সবমিলিয়ে মহিলা সিঙ্গলসের মত পুরুষদের ফাইনালেও এক বনাম দু'য়ের লড়াই । 1984 সালের পর লাল সুরকির গ্র্যান্ড স্ল্যামে এমনটা ঘটতে চলেছে । সেবার পুরুষদের ফাইনালে পয়লা নম্বর জন ম্যাকেনরোর মুখোমুখি হয়েছিলেন দু'নম্বর ইভান লেন্ডল । আর মহিলা সিঙ্গলসে এক নম্বর মার্টিনা নাভ্রাতিলোভা খেলেছিলেন বিশ্বের দু'নম্বর ক্রিস ইভার্টের বিরুদ্ধে ।

আরও পড়ুন: