নিজেদের রেকর্ড ছুঁয়ে শীর্ষে মুম্বই, টানা দ্বিতীয়দিন প্লে-অফের দৌড়ে ছিটকে গেল দু'দল; একনজরে পয়েন্ট তালিকা
আইপিএলে নিজেদের 2008 সালের রেকর্ড স্পর্শ করল মুম্বই ইন্ডিয়ান্স ৷ টানা ছ'ম্য়াচে জয় শীর্ষে তুলে আনল হার্দিক ব্রিগেডকে ৷

Published : May 2, 2025 at 10:14 AM IST
হায়দরাবাদ, 2 মে: আইপিএলে জয়ের অভ্যাস জারি রইল মুম্বই ইন্ডিয়ান্সের ৷ গত ম্য়াচে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে টানা পাঁচ ম্য়াচ জিতে তাঁরা প্রবেশ করে গিয়েছিল প্রথম চারে ৷ আর বৃহস্পতিবার টানা ষষ্ঠ জয়ে লিগ টেবলের শীর্ষে চলে গেল হার্দিক পান্ডিয়ার দল ৷ প্রথম মরশুমের রেকর্ড ছুঁয়ে আইপিএলে দ্বিতীয়বার টানা ছ'ম্য়াচে জয় হাসিল করল পাঁচবারের চ্য়াম্পিয়নরা ৷ সোয়াই মান সিং স্টেডিয়ামে রাজস্থান রয়্য়ালসকে তাঁরা হারাল 100 রানে ৷
অন্যদিকে চলতি মরশুমে অষ্টম ম্যাচ হেরে প্লে-অফের দৌড় থেকে ছুটি হয়ে গেল রয়্যালসের ৷ বুধবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে হেরে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে চেন্নাই সুপার কিংস ৷ টানা দ্বিতীয়দিন প্লে-অফের ইঁদুর দৌড়ের বাইরে চলে গেল আরও এক দল ৷ এদিন অ্যাওয়ে ম্য়াচে মুম্বইয়ের জয়ের রূপকার ব্য়াটাররা ৷ দুই ওপেনার রায়ান রিকেলটন ও রোহিত শর্মার অর্ধশতরান বড় রানের ভিত গড়ে দেয় ৷ রিকেলটন 38 বলে করেন 61 রান ৷ রোহিতের ব্য়াট থেকে আসে 36 বলে 53 রান ৷ এরপর সূর্যকুমার যাদব এবং হার্দিক পান্ডিয়ার ঝোড়ো ব্য়াটে দুই উইকেটে 217 রান স্কোরবোর্ডে তোলে মুম্বই ৷ সূর্য এবং হার্দিক, দু'জনের ব্য়াট থেকেই আসে 23 বলে অপরাজিত 48 রান ৷
পল্টন ব্রিগেডের হয়ে বাকি কাজটা সারেন বোলাররা ৷ ট্রেন্ট বোল্ট ও করণ শর্মার তিনটি করে উইকেট, জসপ্রীত বুমরার জোড়া উইকেট এবং দীপক চাহার ও হার্দিক পান্ডিয়ার একটি করে উইকেটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে রয়্যালস ব্যাটিং ৷ 27 বলে সর্বাধিক 30 রান করেন জোফ্রা আর্চার ৷ রয়্যালসের নতুন তারা বৈভব সূর্যবংশী এদিন রানের খাতা না-খুলেই ফিরে যান ৷ 16.1 ওভারে 117 রানে গুটিয়ে যায় গোলাপিব্রিগেড ৷
𝗧𝗵𝗲 𝗳𝗲𝗲𝗹𝗶𝗻𝗴 𝗼𝗳 𝗲𝗾𝘂𝗮𝗹𝗶𝗻𝗴 𝗼𝘂𝗿 𝗺𝗼𝘀𝘁 𝗰𝗼𝗻𝘀𝗲𝗰𝘂𝘁𝗶𝘃𝗲 𝘄𝗶𝗻𝘀 (𝟲) 𝗿𝗲𝗰𝗼𝗿𝗱 🤩#MumbaiIndians #PlayLikeMumbai #TATAIPL #RRvMI pic.twitter.com/5REMjye81o
— Mumbai Indians (@mipaltan) May 1, 2025
একনজরে আইপিএলের পয়েন্ট তালিকা:
- মুম্বই ইন্ডিয়ান্স- 11 ম্য়াচে 14 পয়েন্ট (7টি জয়, রানরেট +1.274)
- রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু- 10 ম্য়াচে 14 পয়েন্ট (7টি জয়, রানরেট +0.521)
- পঞ্জাব কিংস- 10 ম্য়াচে 13 পয়েন্ট (6টি জয়, রানরেট +0.199)
- গুজরাত টাইটান্স- 9 ম্য়াচে 12 পয়েন্ট (6টি জয়, রানরেট +0.748)
- দিল্লি ক্যাপিটালস- 10 ম্যাচে 12 পয়েন্ট (6টি জয়, রানরেট +0.362)
- লখনউ সুপার জায়ান্টস- 10 ম্যাচে 10 পয়েন্ট (5টি জয়, রানরেট -0.325)
- কলকাতা নাইট রাইডার্স- 10 ম্য়াচে 9 পয়েন্ট (4টি জয়, রানরেট +0.271)
- রাজস্থান রয়্য়ালস- 11 ম্য়াচে 6 পয়েন্ট (3টি জয়, রানরেট -0.780)
- সানরাইজার্স হায়দরাবাদ- 9 ম্য়াচে 6 পয়েন্ট (3টি জয়, রানরেট -1.103)
- চেন্নাই সুপার কিংস- 10 ম্য়াচে 4 পয়েন্ট (2টি জয়, রানরেট -1.211)

