ETV Bharat / sports

ভাঙা হাট নিয়েও প্রত্যয়ী অস্কার, আরব সাগরপাড়ে লক্ষ্য তিন পয়েন্ট

চোটের তালিকায় নয়া সংযোজন হিজাজি মাহের এবং ক্লেইটন সিলভা ৷ তবে মিনি হাসপাতাল নিয়েও টানা দ্বিতীয় জয়ে চোখ ইস্টবেঙ্গল কোচের ৷

OSCAR BRUZON
অনুশীলনে অস্কার ব্রুজোঁ (EAST BENGAL MEDIA)
author img

By ETV Bharat Sports Team

Published : January 30, 2025 at 2:31 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 30 জানুয়ারি: লিগ যত এগোচ্ছে, ততই যেন সমস্যার জাঁতাকলে আটকে পড়ছে ইস্টবেঙ্গল। যা থেকে বের হওয়ার উপায় খুঁজেই চলেছেন হেড কোচ অস্কার ব্রুজোঁ। কঠিনতম পরিস্থিতিতে দলের দায়িত্ব নিয়েছিলেন। তাই হাজারো প্রতিকূল পরিস্থিতিতেও বাস্তববাদী অস্কার ব্রুজোঁ। ভাঙা হাট নিয়েও মুম্বই সিটি এফসি'র বিরুদ্ধে তিন পয়েন্ট পাওয়ার ব্য়াপারে প্রত্যয়ী তিনি ৷

মুম্বই সিটি এফসি ম্যাচের আগে বড়সড় ধাক্কা ইস্টবেঙ্গল শিবিরে। গুরুতর চোটে নেই দুই গুরুত্বপূর্ণ বিদেশি ফুটবলার হিজাজি মাহের ও ক্লেইটন সিলভা। মায়ানগরীতে উড়ে যাওয়ার আগে বৃহস্পতিবার সকালে স্বাভাবিকভাবে অনুশীলনে অনুপস্থিত দু’জনেই। তাঁদের বাদ রেখেই মুম্বই বধের ছক ব্রুজোঁর। হিজাজির পরিবর্তে ডিফেন্সে ফিরতে চলেছেন হেক্টর ইউস্তে। তাঁর সঙ্গে জুটিতে লালচুংনুঙ্গা। কার্ড সমস্যায় নেই জিকসন সিং। তবে কার্ড সমস্যার কারণে কেরালা ব্ল্যাস্টার্স ম্যাচে না-খেললেও মুম্বইয়ের বিরুদ্ধে ফিরছেন নন্দকুমার সেকর। অনুশীলনে রাইট-ব্যাকে নন্দকে ব্যবহার করলেন লাল-হলুদ হেডস্যর। ক্লেইটনের পরিবর্তে দিমিত্রিয়স দিয়ামান্তাকোসের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন ডেভিড লালহ্লানসাঙ্গা।

অস্কার ব্রুজোঁর বক্তব্য (ETV Bharat)

হিজাজি ও ক্লেইটনের চোটের অবস্থা কী? এই প্রসঙ্গে সাংবাদিক সম্মেলনে অস্কারের জবাব, "এই সপ্তাহটা পুরো ক্লেটন ও হিজাজির উপর নজর রাখা হবে, তারপর বোঝা যাবে কতদিন লাগবে ওদের ফিট হতে।" সূত্রের খবর, পরের দু-তিনটি ম্যাচে অনিশ্চিত ব্রাজিলিয়ান ক্লেইটন। হিজাজি অনিশ্চিত মরশুমের বাকি সময়টা ৷ নিয়ম বলছে চোট পেয়ে ছিটকে যাওয়ার জন্য দলবদলের দ্বিতীয় উইন্ডো শেষ হলেও ফুটবলার নিতে পারবে দল। তবে হিজাজি এবং ক্লেইটনের বদলি নেওয়ার প্রসঙ্গে অস্কার জানালেন, পুরোটাই ম্যানেজমেন্ট ঠিক করবে। তবে মুম্বই ম্যাচে বহু ফুটবলারকে না-পেলেও অজুহাত খাড়া করার পাত্র অস্কার নন। হাতে যা বিকল্প আছে, তাই নিয়েই গতবারের চ্যাম্পিয়নদের হারানোর পরিকল্পনা তৈরি করেছেন তিনি ৷

এবছর মুম্বইয়ের ধারাবাহিকতার অভাব। তবুও বিপক্ষের প্রতি সমীহের সুর অস্কারের মুখে। তাঁর কথায়, "আইএসএলে সব প্রতিপক্ষই কঠিন। মুম্বই ম্যাচ আমাদের জন্য গুরুত্বপূর্ণ।" ভারতে এসে লাল-হলুদ জার্সিতে জোড়া ম্যাচ খেলেই জাত চিনিয়েছেন রিচার্ড সেলিস। নেইমার, রোনাল্ডোর ভক্ত লাল-হলুদের নতুন বিদেশি বলছেন, "ভারতীয় ফুটবল খুব বেশি পিছিয়ে নেই। এদেশের ফুটবল খুব বেশি ফিজিক্যাল। মিকুর সঙ্গে আমার ভারতীয় ফুটবল নিয়ে অনেক কথা হয়েছে। আইএসএলের ইতিহাসে নিজের নাম তুলতে চাই। এবছর সম্ভব না হলেও, পরের মরশুমে অবশ্যই।"

আরও পড়ুন: